প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের লালমনিরহাট সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে রাজনৈতিক নেতাকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সফরের সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম জোরদার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাট শহরে আনন্দ মিছিল আয়োজন করেছে ‘আলোকিত যুব কমিটি’র স্বেচ্ছাসেবীরা। এর আগে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’তে স্বেচ্ছাসেবীদের মধ্যে ভেস্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে তাঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়েছে।
আলোচনা সভায় স্বেচ্ছাসেবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর সফর লালমনিরহাটবাসীর জন্য আনন্দের ও গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ। প্রধানমন্ত্রী দিনব্যাপী জেলায় অবস্থান করবেন, যা স্থানীয় মানুষের জন্য বিশেষ আনন্দের বিষয়।" এ সফরের প্রতিটি কর্মসূচী সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবীদের ধৈর্য, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, "দায়িত্ব পালনের সময় সবাইকে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো ধরনের দায়িত্বে অবহেলা করা যাবে না। স্বেচ্ছাসেবীদের সুসংগঠিত থেকে নির্ধারিত দায়িত্ব ও নির্দেশনা মেনে চলতে হবে।" এ ক্ষেত্রে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী জানান, ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোট ৩টি কর্মসূচী রয়েছে। প্রথমে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। পরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিসসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন