০২:১৬ পি.এম
যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে চলাকালীন কোপা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে ইউপিএসের একটি কার্গো বিমানের সংঘর্ষ ঘটেছে। এই ঘটনায় দুজন সামান্য আহত হয়েছেন। শনিবার রাতে স্থানীয় সময় এ ঘটনা ঘটে।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের দুটি ট্যাক্সিওয়ের সংযোগস্থলে সংঘর্ষটি ঘটে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানায়, কোপা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানের ডানার প্রান্ত ইউপিএসের বোয়িং ৭৬৭ বিমানের সামনের অংশে আঘাত করে। উভয় বিমানই তখন ট্যাক্সিওয়েতে চলছিল।
এফএএ জানায়, কোপা এয়ারলাইন্সের বিমানটি অবতরণের পর গেটের দিকে যাচ্ছিল। অপরদিকে, ইউপিএসের বিমানটি কলম্বিয়ার রাজধানী বোগোতায় যাওয়ার জন্য উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউপিএসের ক্রুদের কোপা এয়ারলাইন্সের বিমানটিকে আগে যেতে বলেছিল। সংঘর্ষের কারণ কীভাবে ঘটেছে, তা তদন্ত করছে এফএএ।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম দুই মাস পর গ্যালনপ্রতি ৬ ডলারের নিচে
মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের যোগাযোগ পরিচালক ক্রেগ চিন জানান, সংঘর্ষের ফলে দুজন আহত হয়েছেন। তাঁদের ঘটনাস্থলে চিকিৎসা প্রদান করা হয়েছে, তবে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অন্যান্য ট্যাক্সিওয়ে ব্যবহার করে বিমান চলাচল পরিচালনা করা হয়েছে এবং এ ঘটনায় বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েনি।
কোপা এয়ারলাইন্সের এক যাত্রী সিএনএনকে জানান, অবতরণের পর স্বাভাবিক গতিতে তাঁদের বিমানটি পার্কিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় তিনি বিকট শব্দ শুনতে পান। এরপর যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। সংঘর্ষের ধাক্কায় বিমানের ভেতরে থাকা যাত্রীরা তীব্র ঝাঁকুনি অনুভব করেন।
ওই যাত্রী আরও জানান, প্রথমে কয়েকজন যাত্রী ভয় পেয়ে গেলেও কোপা এয়ারলাইন্সের ক্রুরা দ্রুত সবাইকে শান্ত করেন এবং আসনে বসিয়ে রাখেন।
এদিকে ইউপিএস এক বিবৃতিতে জানায়, মিয়ামিতে তাদের একটি বিমানের সঙ্গে সংঘর্ষের ঘটনা সম্পর্কে তারা অবগত। বিমানের ক্রুরা নিরাপদে আছেন এবং ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: ইরানের কাছে ২৫০০টি ক্ষেপণাস্ত্র মজুত, সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন