০২:৪২ পি.এম
বিশ্বজুড়ে জনপ্রিয় কান্ট্রি মিউজিক ব্যান্ড ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই। তিনি শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হেন্ডারসনভিলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৩ বছর।
ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, স্টারবান দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে যখন তিনি ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হন।
পরিবার এবং ব্যান্ডের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পরিবারের সদস্যরা এক বিবৃতিতে জানান, ‘এই কঠিন সময়ে সবার ভালোবাসা, সমর্থন ও প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ। তার প্রয়াণে আমরা শোকাহত। তবে বিশ্বাস করি, তিনি এখন যিশুর সান্নিধ্যে রয়েছেন।’
আরও পড়ুন: ৩ লাখ দিয়ে শুরু, এখন ছবিপ্রতি ১৫ লাখ টাকা নেন তমা মির্জা?
রিচার্ড স্টারবানের জন্ম ১৯৪৩ সালের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ক্যামডেনে। মাত্র ছয় বছর বয়সে গান গাওয়া শুরু করেন তিনি। সংগীত নিয়ে পড়াশোনা শেষে তিনি বিভিন্ন গসপেল সংগীত দলের সঙ্গে কাজ করেন। পরে তিনি জে ডি সামনার অ্যান্ড দ্য স্ট্যাম্পস দলে যোগ দেন। কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির সঙ্গেও গান গাওয়ার সুযোগ তার হয়েছিল। ১৯৭২ সালের ‘এলভিস অন ট্যুর’ চলচ্চিত্রেও তাকে দেখা যায়।
একই বছর ‘দ্য ওক রিজ বয়েজ’ ব্যান্ডে যোগ দেন স্টারবান। এরপর তিনি পাঁচ দশকেরও বেশি সময় ধরে দলের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যান্ডটির অন্যতম জনপ্রিয় গান ‘এলভিরা’ ১৯৮১ সালে প্রকাশিত হয়। গানটিতে স্টারবানের কণ্ঠ ও পরিবেশনা শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করে। কান্ট্রি চার্টের শীর্ষে ওঠার পাশাপাশি গানটি পপ চার্টেও পঞ্চম স্থান অর্জন করে। দুই মিলিয়নের বেশি কপি বিক্রি হওয়া গানটি গ্র্যামি পুরস্কারও জেতে।
সংগীতজীবনের নানা অভিজ্ঞতা নিয়ে ২০১২ সালে স্টারবানের আত্মজীবনী ‘ফ্রম এলভিস টু এলভিরা: মাই লাইফ অন স্টেজ’ প্রকাশিত হয়। পাঁচ দশকের বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত থাকা এই শিল্পীর প্রয়াণে কান্ট্রি মিউজিকের শ্রোতারা হারালেন পরিচিত এক কণ্ঠ।
আরও পড়ুন: মিস ইন্টারন্যাশনালে গামছার পোশাকে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন প্রমা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন