মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০২:২৪ পি.এম
এক কাপ কফি, পছন্দের একটি টেবিল এবং সামনে ল্যাপটপ—ক্যাফেতে বসে কাজ করার দৃশ্যটি অনেকের কাছে পরিচিত। বাড়িতে কাজের একঘেয়েমি কাটাতে, বন্ধু বা সহকর্মীর সঙ্গে দেখা করতে কিংবা পরিবেশ বদলাতে অনেকেই ক্যাফেকে বেছে নেন। বিশেষ করে করোনাভাইরাস মহামারির পর থেকে ক্যাফেতে বসে কাজ করার প্রবণতা বেড়েছে। তবে, এক কাপ কফি কিনে ঘণ্টার পর ঘণ্টা একটি টেবিল দখল করে রাখা কতটা যৌক্তিক, তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রকাশিত এক প্রতিবেদনে এ বিতর্কের কথা উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের পোস্টের মাধ্যমে প্রশ্ন উঠেছে, একটি কফি অর্ডার করে দীর্ঘ সময় ক্যাফেতে বসে থাকা কি গ্রাহকের অধিকার, নাকি এতে ব্যবসায়ীদের ক্ষতি হয়?
ক্যাফে কি কাজের জায়গা, নাকি আড্ডার?
অনেক গ্রাহক মনে করেন, ক্যাফেতে কফির দাম দেওয়ার পাশাপাশি পরিবেশ ও বসে সময় কাটানোর অভিজ্ঞতার মূল্যও রয়েছে। তাই একটি পানীয় কিনে কিছুক্ষণ কাজ করা বা সময় কাটানো অন্যায় নয়। কিছু গ্রাহক ক্যাফেতে ল্যাপটপ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টিও পছন্দ করছেন না।
তবে, ক্যাফে মালিকদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তাদের মতে, প্রতিটি ক্যাফে কাজ করার জায়গা হিসেবে তৈরি হয়নি। ভারতের গুরগাঁওয়ের আলট্রি কফি রোস্টারির প্রতিষ্ঠাতা সাহিল ভাম্বরি বলেন, "শুধু কিছু ক্যাফে কাজের সুযোগ দেয় বলে সব ক্যাফেকে স্বয়ংক্রিয়ভাবে কর্মক্ষেত্র হিসেবে বিবেচনা করা ঠিক নয়।"
তিনি উল্লেখ করেন, তার আগের ক্যাফেতে এমন গ্রাহকও ছিলেন, যারা ঘণ্টার পর ঘণ্টা টেবিল দখল করে রাখতেন, অফিসের ফোনে কথা বলতেন, এমনকি বাইরে থেকে খাবার নিয়ে এসে খেতেন। এতে অন্য গ্রাহকদের বসার সুযোগ কমে যেত।
একটি টেবিল দখলে ব্যবসায়ীদের ক্ষতি কতটা?
ক্যাফেতে একটি টেবিল দীর্ঘ সময় দখল করে রাখার প্রভাব সরাসরি ব্যবসার ওপর পড়তে পারে। কারণ, একটি টেবিলে নতুন গ্রাহক বসতে না পারলে সম্ভাব্য বিক্রিও কমে যায়। পাশাপাশি ভাড়া, বিদ্যুৎ, কর্মীদের বেতন ও খাবারের উপকরণের খরচ তো রয়েছেই।
ভারতের পাস কোড হসপিটালিটির জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক বিনতেশ কুমারের মতে, দীর্ঘ সময় বসে থাকা গ্রাহকদের কারণে একজনের গড় খরচ কমতে পারে। তবে এর বিপরীত দিকও রয়েছে। বাইরে থেকে ক্যাফেকে ল্যাপটপ ব্যবহারকারী গ্রাহক পরিপূর্ণ দেখালে নতুন মানুষ সেখানে আসতে আগ্রহী হতে পারেন।
তাই ক্যাফের নিজস্ব নীতিমালা থাকা জরুরি। দিল্লির দ্য ড্রপ ক্যাফেতে প্রতিটি টেবিলে ছোট কার্ড রাখা হয়েছে। সেখানে জানানো হয়েছে, প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত ল্যাপটপ ব্যবহার করা যাবে। এতে গ্রাহকদের সঙ্গে অপ্রয়োজনীয় বিরোধ এড়ানো সম্ভব হয়।
সব ক্যাফে অবশ্য একই নিয়মে চলে না।
কিছু ক্যাফে দীর্ঘ সময় বসে থাকা গ্রাহকদের নিরুৎসাহিত করলেও অন্যরা বিষয়টিকে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরির সুযোগ হিসেবে দেখে। ভারতের চেলভিস কফির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ধ্রুব সিংয়ের মতে, একজন গ্রাহক দীর্ঘ সময় বসে থাকলেও তাকে চলে যেতে বলা উচিত নয়। কারণ, নিয়মিত গ্রাহক তৈরি হলে দীর্ঘ মেয়াদে ব্যবসা লাভবান হয়। তাঁর মতে, "কয়েক ঘণ্টার জন্য একটি টেবিল দখলে থাকার চেয়ে বছরের পর বছর একজন গ্রাহকের ফিরে আসা বেশি গুরুত্বপূর্ণ।"
বেঙ্গালুরুর ক্যাথে ক্যাফের সুরেশ শর্মাও একই ধরনের মত দিয়েছেন। তিনি বলেন, "সবার আর্থিক সামর্থ্য এক নয়। বেশির ভাগ গ্রাহক ভালো খরচ করলেও অল্প কয়েকজন দীর্ঘ সময় একটি কফি নিয়ে বসে থাকলে সেটিকে বড় সমস্যা হিসেবে দেখেন না।"
তাহলে কতক্ষণ বসে থাকা উচিত?
এ বিষয়ে নির্দিষ্ট কোনো সর্বজনীন নিয়ম নেই। তবে ক্যাফে মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ক্যাফের ধরন, গ্রাহকের চাপ এবং প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালার ওপর বিষয়টি নির্ভর করে।
কাজের উপযোগী ক্যাফের ক্ষেত্রে দুই থেকে তিন ঘণ্টা বসে থাকার একটি সময়সীমা বিবেচনা করা যেতে পারে বলে মনে করেন সাহিল ভাম্বরি। এতে অন্য গ্রাহকেরাও বসার সুযোগ পাবেন এবং ক্যাফের ব্যবসায়িক কার্যক্রম সচল থাকবে।
অন্যদিকে, ব্যস্ত সময়ে টেবিল খালি করে দেওয়া কিংবা দীর্ঘ সময় থাকলে আরেকটি খাবার বা পানীয় অর্ডার করা গ্রাহকের সৌজন্যবোধের পরিচয় হতে পারে। তবে নিজের সামর্থ্যের বাইরে খরচ করার প্রয়োজন নেই।
ক্যাফেতে বসে সময় কাটানো গ্রাহকের অভিজ্ঞতার অংশ হলেও ব্যবসায়ীদের স্বার্থও বিবেচনায় রাখা জরুরি। ক্যাফে কর্তৃপক্ষের উচিত তাদের নীতিমালা স্পষ্টভাবে জানানো, আর গ্রাহকদেরও উচিত সেই নিয়মের প্রতি সম্মান দেখানো। পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়াই পারে ক্যাফে সংস্কৃতিকে সুন্দর রাখতে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ সংক্রান্ত সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
রেজ্যুলেশন থেকে জানা গেছে, কমিটির সভাপতি কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শিক্ষকদের বদলির প্রসঙ্গটি উত্থাপন করেন।
তিনি উল্লেখ করেন, অনেক নারী শিক্ষক রয়েছেন যাদের নিজ জেলা থেকে দূরবর্তী স্থানে বদলি হওয়ার কারণে পারিবারিক সমস্যা সৃষ্টি হয়েছে।
তার বক্তব্য অনুযায়ী, অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে গেছে, অনেকের ডিভোর্স হয়ে গেছে এবং অনেকে চাকরি পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি এসব বিষয় বিবেচনা করে জরুরি ভিত্তিতে একটি নারী শিক্ষকবান্ধব বদলি নীতি প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির আলোচনার পর এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে জানতে চাওয়া হয়।
এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলির বিষয়টি এনটিআরসিএর আওতাভুক্ত নয়। বদলি এবং অন্যান্য বিষয়গুলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দ্বারা পরিচালিত হয়।
মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষকদের বদলির বিষয়ে মন্ত্রণালয়ে একটি বদলি নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সফটওয়্যার এর মাধ্যমে বদলি নীতিমালা কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে মাউশি থেকে বদলি সংক্রান্ত একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নগরীর নাছিরাবাদ এলাকায় একটি কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে, যিনি ছন্দা শর্মা কান্তা (৩৬) নামে পরিচিত। সোমবার দিবাগত রাতে নাছিরাবাদের দক্ষিণ খুলশি এলাকার ২৯ নং বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। ছন্দা শর্মা চট্টগ্রাম মহিলা কলেজের শিক্ষিকা ছিলেন।
খুলশী থানার উপ পরিদর্শক (এসআই) আসাদ জানান, ঘটনাস্থল থেকে রাতের খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। চন্দা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতকানিয়া উপজেলার আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার কন্যা। তার স্বামীর নাম মলই কান্তি শর্মা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের কোনো সদস্য বাসায় না থাকায় তিনি একা ছিলেন। তার স্বামী কাজ থেকে ফিরে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় দারোয়ানকে ডেকে দরজা ভেঙে ফেলেন তারা। পরে বসতঘরের শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘রাতে খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
এ সময় অন্যান্যদের মধ্যে পস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএইচএম ইজাজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও হায়দার এ আলম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সালাহ উদ্দিন (নান্টু), উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাইয়ুম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. লিপি আক্তার, কুলিয়ারচর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা সুলতানা, পৌর যুবদলের সদস্য সচিব মো. মোখলেসুর রহমান মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হারুন আল রশীদ, কুলিয়ারচর প্রেসক্লাব গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক সদস্য মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম ও আলি হায়দার, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোহাম্মদ আলী সোহেল, দৈনিক আগামীর সময় প্রতিনিধি সজিব আহমেদ ও সাপ্তাহিক দূর্জয় দরশন প্রতিনিধি মোছা. নিলুফা আক্তার নীলা সহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস সুষ্ঠু, সুন্দর ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শহিদদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণে যথাযোগ্য মর্যাদায় দিবস দুটি উদযাপনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পাকিস্তান সফরে গেছেন। তিনি সোমবার রাতে ইসলামাবাদ পৌঁছান, যেখানে তার সঙ্গে ছিল ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়।
হাফিজ উদ্দিন আহমেদ এই সফরে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গিয়েছেন। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর, তাকে স্বাগত জানান সরদার আয়াজ সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
স্পিকার ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সফর করবেন। এই সময়ের মধ্যে তিনি ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন।
প্রতিনিধিদলে স্পিকারের সঙ্গে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ