ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শীতে ঘুরতে যাওয়ার সেরা ১০ পর্যটন কেন্দ্র প্রকাশ


শীতে ঘুরতে যাওয়ার সেরা ১০ পর্যটন কেন্দ্র প্রকাশ

বছরের শেষের দিকে কাজের চাপ থেকে কিছুটা বিরতি নিয়ে ভ্রমণের পরিকল্পনা করেন অনেকেই। শীতকাল ভ্রমণের জন্য অন্যতম সেরা সময় হিসেবে বিবেচিত হয়। মনোরম আবহাওয়া, বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য এবং সমুদ্রসৈকতের নির্মল পরিবেশ মিলিয়ে শীতের ছুটিতে ভ্রমণ স্মরণীয় হয়ে উঠতে পারে।

যদি আপনি বছরের শেষের দিকে কয়েক দিনের ছুটি কাটানোর পরিকল্পনা করেন, তাহলে ভারতের এই ১০টি জনপ্রিয় পর্যটনকেন্দ্র আপনার ভ্রমণতালিকায় রাখা যেতে পারে।

১. গুলমার্গ, জম্মু ও কাশ্মীর

আরও পড়ুন: চোখের সামনে থাকা জিনিস কেন খুঁজে পান না অনেকে?

শীতের সৌন্দর্য উপভোগের জন্য গুলমার্গ হতে পারে একটি অন্যতম সেরা গন্তব্য। বরফে ঢাকা পাহাড়, সাদা উপত্যকা এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে। এখানে শীতকালে স্কিইংসহ বিভিন্ন তুষারক্রীড়ার সুযোগও রয়েছে।

২. মানালি, হিমাচল প্রদেশ

শীতের ছুটিতে পাহাড় ও বরফের সৌন্দর্য উপভোগের জন্য মানালি বরাবরই পর্যটকদের পছন্দের তালিকায় থাকে। পাইনবন, বরফে ঢাকা পাহাড় এবং মনোরম উপত্যকার পাশাপাশি সোলাং ভ্যালি, হাডিম্বা মন্দির ও রোহতাং অঞ্চলের আকর্ষণ পর্যটকদের টানে।

৩. ঋষিকেশ, উত্তরাখণ্ড

আরও পড়ুন: ১২ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন বুদ্দু মিয়া, ভোর হলেই অপেক্ষায় থাকে পাখিরা

প্রকৃতি, আধ্যাত্মিকতা ও অ্যাডভেঞ্চারের মেলবন্ধন রয়েছে ঋষিকেশে। গঙ্গার তীরে সময় কাটানো, সন্ধ্যার গঙ্গা আরতি উপভোগ এবং রিভার রাফটিংয়ের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতার সুযোগ এখানে রয়েছে। পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য।

৪. জয়পুর, রাজস্থান

শীতকাল জয়পুর ভ্রমণের আদর্শ সময়গুলোর একটি। তুলনামূলক আরামদায়ক আবহাওয়ায় ঘুরে দেখা যায় আমের ফোর্ট, হাওয়া মহল, সিটি প্যালেস ও জলমহল। রাজস্থানি খাবার, ঐতিহ্যবাহী স্থাপত্য এবং রঙিন বাজার পর্যটকদের ভ্রমণের আনন্দ বাড়িয়ে দেয়।

৫. কচ্ছ, গুজরাট

আরও পড়ুন: প্রতিদিন সকালে চা-বিস্কুট খেলে শরীরে এক মাসে কী পরিবর্তন আসবে?

প্রাকৃতিক সৌন্দর্যের ভিন্ন স্বাদ পেতে শীতকালে গুজরাতের কচ্ছ থেকে ঘুরে আসতে পারেন। এখানকার বিখ্যাত সাদা লবণাক্ত মরুভূমি বা হোয়াইট রণ পর্যটকদের বিশেষ আকর্ষণ। রণ উৎসবের সময়ে গেলে মরুভূমির সৌন্দর্যের পাশাপাশি লোকসংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় হস্তশিল্প উপভোগের সুযোগ মেলে।

৬. গোয়া

সমুদ্রসৈকতে শীতের ছুটি কাটানোর জন্য গোয়া হতে পারে আদর্শ ঠিকানা। মনোরম আবহাওয়ায় সমুদ্রের ধারে সময় কাটানো, ওয়াটার স্পোর্টস এবং বিচ ক্যাফের অভিজ্ঞতা উপভোগ করতে পারেন পর্যটকেরা। পুরনো গির্জা, পর্তুগিজ স্থাপত্য ও স্থানীয় বাজারও ঘুরে দেখার মতো।

৭. মুন্নার, কেরলা

আরও পড়ুন: উপসর্গ দমন নাকি স্থায়ী মুক্তি: রোগারোগ্যে কী বলছে হোমিওপ্যাথি

সবুজ পাহাড়, বিস্তীর্ণ চা-বাগান এবং মেঘে ঢাকা উপত্যকার জন্য বিখ্যাত মুন্নার। শীতের মনোরম আবহাওয়ায় এখানে প্রকৃতির কাছাকাছি নিরিবিলি সময় কাটানো যায়। এরাভিকুলাম জাতীয় উদ্যান, মাট্টুপেট্টি বাঁধ এবং চা-বাগান এখানকার উল্লেখযোগ্য আকর্ষণ।

৮. কুর্গ, কর্নাটক

প্রকৃতিপ্রেমীদের জন্য কুর্গ বা কোডাগু হতে পারে দারুণ একটি গন্তব্য। কফি বাগান, সবুজ পাহাড়, জলপ্রপাত এবং কুয়াশায় ঢাকা পথ এই এলাকার সৌন্দর্য বাড়িয়ে তোলে। অ্যাবে জলপ্রপাত, রাজা’স সিট এবং স্থানীয় কফি বাগান ঘুরে দেখতে পারেন পর্যটকেরা।

৯. তাওয়াং, অরুণাচল প্রদেশ

আরও পড়ুন: শীতের সন্ধ্যায় ঘরেই তৈরি করুন ক্যাফে স্টাইলের ঘন হট চকলেট

উত্তর-পূর্ব ভারতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য তাওয়াং রাখতে পারেন আপনার ভ্রমণতালিকায়। বরফে ঢাকা পাহাড়, শান্ত উপত্যকা এবং ঐতিহাসিক বৌদ্ধ মঠ এখানকার অন্যতম আকর্ষণ। তাওয়াং মনাস্ট্রি ও সেলা পাস পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়। তবে শীতকালে তুষারপাতের কারণে যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে।

১০. দার্জিলিং, পশ্চিমবঙ্গ

শীতের ছুটিতে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র দার্জিলিং। কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য, চা-বাগান, ঐতিহ্যবাহী টয় ট্রেন এবং পাহাড়ি পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা, বাতাসিয়া লুপ ঘুরে আসা কিংবা ম্যাল রোডে সময় কাটানো—সব মিলিয়ে দার্জিলিং হতে পারে শীতের ছুটির দারুণ ঠিকানা।

শীতের ভ্রমণে যাওয়ার আগে যা মনে রাখবেন

আরও পড়ুন: পায়ে হেঁটে ভ্রমণে বিশ্বের সেরা ১০০ শহরের তালিকায় ২৩তম নিউইয়র্ক

শীতকালে পাহাড়ি এলাকায় ভ্রমণের পরিকল্পনা করলে আবহাওয়ার পূর্বাভাস, রাস্তার অবস্থা এবং প্রয়োজনীয় অনুমতিপত্র সম্পর্কে আগে থেকেই জেনে নিন। বিশেষ করে তাওয়াং ও গুলমার্গের মতো বরফপ্রবণ এলাকায় গরম পোশাক ও প্রয়োজনীয় প্রস্তুতি রাখা জরুরি। পাশাপাশি হোটেল ও যাতায়াতের টিকিট আগেভাগে বুকিং করলে শেষ মুহূর্তের ঝামেলা এড়ানো সম্ভব।

প্রকৃতির অপার সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি কিংবা সমুদ্রের হাতছানি শীতের ছুটিতে ভারতের এই ১০টি গন্তব্যে মিলতে পারে ভিন্ন স্বাদের ভ্রমণ অভিজ্ঞতা। পছন্দ ও বাজেট অনুযায়ী বেছে নিন আপনার পরবর্তী ছুটির ঠিকানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে যুবলীগ নেতা আলম সিদ্দিকী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ এম


থাইল্যান্ডে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে যুবলীগ নেতা আলম সিদ্দিকী আটক

থাইল্যান্ডে যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আটটার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এছাড়াও, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার আন্দোলন দমনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে।

সূত্র আরও জানায়, আটক হওয়া বাসের আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তিনি যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত করতেন বলে তথ্য পাওয়া গেছে। সম্প্রতি তিনি দলীয় কর্মী-সমর্থকদের সংগঠিত করতে সক্রিয় ভূমিকা পালন করছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল্লাহর হক সবার আগে: মুমিনের নৈতিক ও ধর্মীয় কর্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


আল্লাহর হক সবার আগে: মুমিনের নৈতিক ও ধর্মীয় কর্তব্য

মানুষের জীবনে অসংখ্য দায়িত্ব ও কর্তব্য বিদ্যমান। পরিবার, সমাজ, আত্মীয়-স্বজন, প্রতিবেশী—এসবের প্রতি মানুষের কিছু না কিছু অধিকার ও দায়িত্ব রয়েছে। একজন মুমিনের নৈতিক ও ধর্মীয় কর্তব্য হলো এসব দায়িত্ব যথাযথভাবে পালন করা। তবে মহান আল্লাহর হক সব অধিকারের ঊর্ধ্বে অবস্থান করে। কারণ তিনিই আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিকদাতা। তাঁর অনুগ্রহেই আমাদের জীবন, জীবিকা ও পৃথিবীর সব নিয়ামত প্রাপ্তি। তাই মানুষের জীবনে যত দায়িত্বই থাকুক, আল্লাহর প্রতি বান্দার দায়িত্ব ও আনুগত্য সর্বাধিক গুরুত্ব রাখে।

আল্লাহর হক

আল্লাহর হক বলতে বোঝায়—তাঁর প্রতি বান্দার আবশ্যকীয় দায়িত্ব, আনুগত্য ও ইবাদত। এই কারণে মানুষের খাওয়া-দাওয়া, উপার্জন, পরিবার পরিচালনা, সামাজিক সম্পর্ক—সবকিছুই আল্লাহর নির্দেশিত সীমার মধ্যে থেকে সম্পন্ন হওয়া উচিত। আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি।’ (সুরা : জারিয়াত, আয়াত : ৫৬)

আল্লাহর হকই সর্বাধিক গুরুত্বপূর্ণ

আল্লাহর হকের সর্বোচ্চ বিষয় হলো তাওহিদ। অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তাঁর সঙ্গে কাউকে শরিক না করা। রাসুলুল্লাহ (সা.) এ বিষয়টিকে অত্যন্ত সুন্দরভাবে সাহাবিদের সামনে তুলে ধরেছেন। হজরত মুয়াজ ইবনু জাবাল (রা.) বর্ণনা করেন, একদিন রাসুলুল্লাহ (সা.) তাঁকে জিজ্ঞাসা করলেন, ‘হে মুয়াজ! তুমি কি জানো, বান্দার ওপর আল্লাহর হক কী?’ মুয়াজ (রা.) বললেন, আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন। রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘বান্দার ওপর আল্লাহর হক হলো, তারা একমাত্র তাঁরই ইবাদত করবে এবং তাঁর সঙ্গে কাউকে শরিক করবে না।’ এরপর তিনি জিজ্ঞাসা করলেন, ‘তারা যখন এমন করবে, তখন আল্লাহর কাছে তাদের প্রাপ্য কী?’ মুয়াজ (রা.) বললেন, আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন। তিনি বললেন, ‘তাদের প্রাপ্য হলো, আল্লাহ তাদের শাস্তি দেবেন না।’ (সহিহ বুখারি, হাদিস : ২৮৫৬; সহিহ মুসলিম, হাদিস : ৩০)

ফরজ ইবাদত আদায়ে অবহেলা নয়

আল্লাহর হক আদায়ের অন্যতম প্রধান মাধ্যম হলো নামাজ। একজন মুসলমানের জীবনে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব অপরিসীম। দুনিয়ার কাজ, ব্যবসা-বাণিজ্য, চাকরি কিংবা পারিবারিক ব্যস্ততা কোনো কিছুই নামাজের মতো ফরজ ইবাদতকে অবহেলা করার অজুহাত হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরজ।’ (সুরা : নিসা, আয়াত : ১০৩)

নামাজের পাশাপাশি রমজানের রোজা, সামর্থ্যবান ব্যক্তির ওপর জাকাত এবং সামর্থ্যবানদের জন্য হজ আদায় করাও আল্লাহর গুরুত্বপূর্ণ হক। এগুলো ইসলামের মৌলিক বিধান। তাই কোনো ব্যক্তি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলেও যদি আল্লাহর ফরজ বিধানগুলো অবহেলা করে, তবে তার জীবন পূর্ণাঙ্গ মুমিনের জীবন হতে পারে না।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক হলে সে সফলকাম ও কৃতকার্য হবে। আর নামাজ নষ্ট হলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে।’ (জামে তিরমিজি, হাদিস : ৪১৩)

আল্লাহর হক ও বান্দার হক

মানুষের জীবনে বাবা-মা, স্ত্রী-সন্তান, আত্মীয়স্বজন, শিক্ষক, প্রতিবেশী ও সমাজের মানুষের অধিকার রয়েছে। ইসলাম এসব অধিকার আদায়ের ব্যাপারেও অত্যন্ত গুরুত্ব দিয়েছে। তবে কোনো মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা বৈধ নয়। বাবা-মা, স্বামী-স্ত্রী, সন্তান কিংবা অন্য কোনো ব্যক্তির আদেশ যদি আল্লাহর বিধানের পরিপন্থী হয়, তাহলে সে ক্ষেত্রে আল্লাহর নির্দেশই চূড়ান্ত। আল্লাহ তাআলা বলেন, ‘আমি মানুষকে তার বাবা-মায়ের সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তবে তারা যদি তোমাকে আমার সঙ্গে এমন কিছুকে শরিক করতে চাপ দেয়, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৮)

আল্লাহর হক আদায় করতে গিয়ে মানুষের হক নষ্ট করা যাবে না। আল্লাহর হক সবার আগে—এর অর্থ এই নয় যে মানুষের অধিকার উপেক্ষা করা যাবে। বরং মানুষের অধিকার যথাযথভাবে আদায় করাও আল্লাহর নির্দেশ। কেউ যদি অনেক নামাজ-রোজা করেন, নিয়মিত নফল ইবাদতে মশগুল থাকেন, অথচ মানুষের সম্পদ আত্মসাৎ করেন, অন্যের প্রতি জুলুম করেন, গিবত করেন কিংবা কারও অধিকার নষ্ট করেন, তাহলে তাঁর ইবাদতের পূর্ণতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁর সঙ্গে কাউকে শরিক করো না। আর বাবা-মা, আত্মীয়স্বজন, এতিম, অসহায়, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো।’ (সুরা : নিসা, আয়াত : ৩৬)

এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) প্রকৃত নিঃস্ব ব্যক্তির পরিচয় তুলে ধরেছেন। তিনি সাহাবিদের জিজ্ঞাসা করলেন, ‘তোমরা কি জানো, নিঃস্ব কে?’ সাহাবিরা বললেন, আমাদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি, যার কোনো দিরহাম ও সম্পদ নেই। তখন তিনি বললেন, ‘আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে। কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারও বিরুদ্ধে অপবাদ দিয়েছে, কারও সম্পদ আত্মসাৎ করেছে, কারও রক্তপাত করেছে কিংবা কাউকে প্রহার করেছে। ফলে তার নেক আমল থেকে এসব মানুষের হক আদায় করা হবে। নেক আমল শেষ হয়ে গেলে তাদের পাপ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৫৮১)

আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।

একজন মুমিনের জীবনের প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। তিনি কী পছন্দ করেন, কী অপছন্দ করেন, কোন কাজে সন্তুষ্ট হন এবং কোন কাজে অসন্তুষ্ট হন—এসব বিবেচনা করেই মুমিন নিজের জীবন পরিচালনা করেন। দুনিয়ার লাভ-ক্ষতি, মানুষের প্রশংসা কিংবা সামাজিক মর্যাদার চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বড় করে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু—সবই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।’ (সুরা : আনআম, আয়াত : ১৬২)

অতএব, আমাদের জীবনের প্রতিটি সকাল শুরু হোক আল্লাহর স্মরণে, প্রতিটি কাজ পরিচালিত হোক তাঁর নির্দেশনায় এবং প্রতিটি রাত শেষ হোক আত্মসমালোচনা ও তওবার মধ্য দিয়ে। দুনিয়ার কোনো ব্যস্ততা যেন আমাদের সৃষ্টিকর্তাকে ভুলিয়ে না দেয়, কোনো পার্থিব স্বার্থ যেন তাঁর অবাধ্যতার কারণ না হয়। কারণ প্রকৃত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তাঁর প্রিয় বান্দা হিসেবে দুনিয়া থেকে বিদায় নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর প্রিয় বান্দা হিসাবে কবুল করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই নিয়ন্ত্রণে এক বছরের মধ্যে ঐকমত্যের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ এম


এআই নিয়ন্ত্রণে এক বছরের মধ্যে ঐকমত্যের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলার জন্য আগামী এক বছরের মধ্যে বৈশ্বিক নীতিমালা ও তদারকি কাঠামো গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি জাতিসংঘের সদস্যদেশগুলোকে একত্রে কাজ করার জন্য উৎসাহিত করেছেন।

সোমবার বার্বাডোসে অনুষ্ঠিত এআই নিরাপত্তাবিষয়ক সম্মেলনে গুতেরেস এই আহ্বান জানান।

গুতেরেস উল্লেখ করেন, এআইয়ের ঝুঁকি মোকাবিলায় একটি বহুপাক্ষিক কাঠামো গঠনের প্রয়োজন, যেখানে বিশ্বের সব দেশের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হবে। তিনি আরও বলেন, এ কাঠামোর কার্যক্রম তদারকির জন্য একটি স্বাধীন ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা থাকা আবশ্যক।

বর্তমানে, জাতিসংঘ মহাসচিব হিসেবে গুতেরেসের মেয়াদ ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তিনি তার মেয়াদ শেষের দিকে এসে উন্নত প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ক্রমাগত উদ্বেগ প্রকাশ করছেন। তার আশঙ্কা, যদি যথাযথ নিয়ন্ত্রণ না করা হয়, তবে ভবিষ্যতে ‘ঘাতক রোবট’ বাস্তবে পরিণত হতে পারে।

গুতেরেস সোমবার ব্রিজটাউন শহরে অনুষ্ঠিত ‘ব্রিজটাউন বিশেষ এআই নিরাপত্তা সম্মেলনে’ বলেন, বৈশ্বিক শাসনব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠান এখনও ১৯৪৫ সালের বিশ্বের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে এসব প্রতিষ্ঠানের সংস্কার প্রয়োজন। জাতিসংঘের ক্ষেত্রেও এই সংস্কারের প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক আর্থিক কাঠামো এবং বিশ্ব বাণিজ্যব্যবস্থারও পরিবর্তন দরকার।

নতুন বছরের শুরুতে জাতিসংঘের পরবর্তী মহাসচিব দায়িত্ব গ্রহণ করবেন। তবে এখনো তার উত্তরসূরি নির্বাচন করা হয়নি। গুতেরেস জানিয়েছেন, তিনি তার উত্তরসূরিকে পরামর্শ দেবেন যে, মানবজাতির নিজেদের পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হলে এআইকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।

এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বিধিবিধান তৈরির সম্ভাবনা এখনও দূরবর্তী মনে হচ্ছে। কারণ, এ প্রযুক্তির দুই প্রধান শক্তি যুক্তরাষ্ট্র ও চীন গবেষণা এবং উন্নয়নে এগিয়ে থাকার প্রতিযোগিতায় ব্যস্ত রয়েছে। নতুন নতুন প্রযুক্তিগত সাফল্য অর্জনের মাধ্যমে একে অপরের ওপর প্রাধান্য বিস্তারের চেষ্টা করছে দেশ দুটি।

এ পরিস্থিতিতে, এআইয়ের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত কাঠামো গড়ে তোলা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াল, সিটি ও আর্সেনালের সামনে কঠিন পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


রিয়াল, সিটি ও আর্সেনালের সামনে কঠিন পরীক্ষা

চ্যাম্পিয়নস লিগের পঞ্চম রাউন্ডের লড়াইয়ে আজ মাঠে নামবে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। আজ মাঠে নামছে ইউরোপের তিন জায়ান্ট রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। রিয়াল মাদ্রিদ পিএসভির বিরুদ্ধে খেলবে, ম্যানচেস্টার সিটি লড়বে নাপোলির বিপক্ষে এবং আর্সেনাল মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ২টায়। এছাড়া রাত ১১টা ৪৫ মিনিটে গালাতাসারে খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে, বোদো/গ্লিম্টের প্রতিপক্ষ লাস্ক। রাত ২টায় স্লোভান ব্রাতিস্লাভা-রিয়াল বেটিস, লাইপজিগ-লেন্স, ফেয়েনুর্দ-পোর্তো ও কোমো-এইকে এথেন্সের ম্যাচও রয়েছে।

এ লড়াইয়ে ঘরের মাঠে খেলবে রিয়াল, ম্যানসিটি ও আর্সেনাল। তিন দলই সুবিধা নিয়ে এগিয়ে থাকতে চাইবে। সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসভির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লিগ পর্বে তারা এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতেই জয়ী হয়েছে। স্প্যানিশ জায়ান্টরা ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানীয় দলের কাতারে অবস্থান করছে। অন্যদিকে পিএসভির সংগ্রহ চার ম্যাচে মাত্র চার পয়েন্ট। ফলে বার্নাব্যুতে পয়েন্ট হারালে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে চাপের মুখে পড়তে হবে ডাচ ক্লাবটিকে। রিয়ালের আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র থাকায় পিএসভির রক্ষণকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। ৩৭ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে এই দুই দল।

ইতিহাদে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ নাপোলি। সিটি চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ পর্বের সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে ইতালিয়ান চ্যাম্পিয়নরা মাত্র তিন পয়েন্ট নিয়ে পিছিয়ে আছে। ম্যাচের বাড়তি আকর্ষণ কেভিন ডি ব্রুইনা। তিনি নাপোলির জার্সিতে সাবেক ক্লাবের বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন। সিটির গোলভরসা আর্লিং হালান্ড, যিনি চ্যাম্পিয়নস লিগে টানা পাঁচ ম্যাচে গোল করার সুযোগের মুখোমুখি।

এমিরেটসে আর্সেনালের সামনে বরুশিয়া ডর্টমুন্ড। গানাররা চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, আর ডর্টমুন্ডের সংগ্রহ ৯ পয়েন্ট। দুদলের আগের আট ইউরোপীয় লড়াইয়ে আর্সেনাল চারটি ম্যাচ জিতেছে, ডর্টমুন্ড তিনটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে। ঘরের মাঠে জয় পেলে শীর্ষ আটে থাকার পথে এগিয়ে যাবে আর্তেতার দল। তবে চার ম্যাচে তিন জয় পাওয়া ডর্টমুন্ডও সহজ প্রতিপক্ষ নয়। ইউরোপীয় ফুটবলে জমজমাট এক রাতের অপেক্ষা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%