০৬:৫৬ পি.এম
রংপুরের কাউনিয়ায় ফখরুল আলম রতন হত্যাকাণ্ডের ঘটনায় এসআরবি ও পুলিশ প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শাঁকতলা বাজার এবং নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে কাউনিয়া উপজেলার শিবু কুটিরপাড় গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ও মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা মজনু মিয়া (৩২), একই এলাকার মৃত আবজাল হোসেনের ছেলে লুৎফর রহমান (৪০) এবং মোকছেদ আলীর ছেলে রিপন মিয়া (৩০)।
আরও পড়ুন: সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার
মামলার এজাহার অনুযায়ী, নিহত রতনের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর, আবদার আলীর চায়ের দোকানের সামনে পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে রতনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী বাদী হয়ে ২০ অক্টোবর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি ও পুলিশ। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর ও নোয়াখালীতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় খলিলুর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
কাউনিয়া থানার ওসি বাদল কুমার মন্ডল জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা বর্তমানে নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁদের কাউনিয়ায় নিয়ে আসতে মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
Ñএমএইচ
আরও পড়ুন: সাইবার সিকিউরিটি ও তথ্য সুরক্ষা সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন