০২:৩৮ পি.এম
একটি ছোট্ট শব্দ মানুষের সম্পর্ককে বদলে দিতে পারে। এটি দূরত্ব কমাতে, নীরবতা ভাঙতে এবং এমনকি বিরোধও থামাতে সক্ষম। এই শব্দটি হলো ‘হ্যালো’। প্রতিবছর ২১ নভেম্বর বিশ্বজুড়ে শান্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে এবং পরিচিত-অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্দেশ্যে পালিত হয় বিশ্ব হ্যালো দিবস।
দিবসটির মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে আন্তরিক যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা। এ দিন অন্তত ১০ জন মানুষকে ‘হ্যালো’ বলে শুভেচ্ছা জানানোর মাধ্যমে দিবসটি পালনের আহ্বান জানানো হয়।
যুদ্ধের প্রেক্ষাপটে শুরু হয়েছিল দিবসটি। বিশ্ব হ্যালো দিবসের পেছনে রয়েছে যুদ্ধ ও সংঘাতের ইতিহাস। ১৯৭৩ সালে মধ্যপ্রাচ্যে মিসর ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এবং যুদ্ধের প্রেক্ষাপটে দিবসটির সূচনা হয়।
আরও পড়ুন: কর্মক্ষেত্রে অটিজমে আক্রান্ত ব্যক্তিরা কেন বেশি হয়রানির শিকার হন
ওই বছরের অক্টোবরে সংঘটিত ইয়ম কিপুর যুদ্ধের পর সংঘাত নিরসনে সহিংসতার পরিবর্তে যোগাযোগ ও আলোচনার গুরুত্ব তুলে ধরতে উদ্যোগ নেন যুক্তরাষ্ট্রের দুই ভাই ব্রায়ান ম্যাককরম্যাক ও মাইকেল ম্যাককরম্যাক।
তাদের বিশ্বাস ছিল, আন্তরিক ও স্পষ্ট যোগাযোগের মাধ্যমে মানুষের মধ্যে বিরোধ কমানো এবং শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এই ভাবনা থেকেই ১৯৭৩ সালে তারা বিশ্বের ১ হাজার ৩০০ জনের বেশি সরকারি কর্মকর্তা ও সংবাদমাধ্যমের কাছে চিঠি পাঠান। চিঠিতে বিশ্ব হ্যালো দিবস পালনের আহ্বান জানানো হয়।
যেভাবে ছড়িয়ে পড়ে বিশ্ব হ্যালো দিবস
১৯৭৩ সালে উদ্যোগ নেওয়ার পরের বছর, অর্থাৎ ১৯৭৪ সালে অন্তত ১৫টি দেশে দিবসটি পালিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি আরও বাড়তে থাকে। ‘ডেজ অব দ্য ইয়ার’-এর তথ্য অনুযায়ী, পরবর্তী সময়ে বিশ্বের ১৮০টি দেশে ছড়িয়ে পড়ে বিশ্ব হ্যালো দিবস।
আরও পড়ুন: শীতে গমের বদলে ভুট্টার রুটি খাওয়া ভালো
শান্তি প্রতিষ্ঠায় দিবসটির গুরুত্বের স্বীকৃতি দিয়েছেন ৩১ জন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। তাদের সমর্থন দিবসটির বার্তাকে আরও গুরুত্ব দিয়েছে।
কীভাবে পালন করবেন দিবসটি?
বিশ্ব হ্যালো দিবস পালনের নিয়ম খুবই সহজ। এ দিন অন্তত ১০ জন মানুষকে ‘হ্যালো’ বলে শুভেচ্ছা জানাতে পারেন। এর মাধ্যমে পরিচিত মানুষের পাশাপাশি অপরিচিতদের সঙ্গেও যোগাযোগের সুযোগ তৈরি হয়।
এছাড়া দিবসটি পালনে করতে পারেন কয়েকটি কাজ—
আরও পড়ুন: শীত মৌসুমে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে
১. পরিচিত-অপরিচিতকে শুভেচ্ছা জানান: পরিচিত মানুষের পাশাপাশি নতুন কারও সঙ্গে কথা শুরু করতে পারেন একটি আন্তরিক ‘হ্যালো’ দিয়ে।
২. পুরোনো বন্ধুর খোঁজ নিন: দীর্ঘদিন কথা হয় না, এমন কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির সঙ্গে আবার যোগাযোগ শুরু করুন।
৩. ভুল বোঝাবুঝি দূর করুন: কারও সঙ্গে মনোমালিন্য থাকলে নিজে থেকে কথা বলুন। নিজের ভুল থাকলে ক্ষমা চেয়ে সম্পর্ক নতুন করে গড়ে তোলার চেষ্টা করুন।
৪. আন্তরিকভাবে কথা বলুন: শুধু শুভেচ্ছা জানানোই নয়, অন্যের কথা মন দিয়ে শোনা এবং তার খোঁজ নেওয়ার মধ্য দিয়েও সৌহার্দ্য বাড়ানো সম্ভব।
আরও পড়ুন: সারা লাইফস্টাইল ও ঢেউয়ের নতুন শীতকালীন কালেকশন উন্মোচন
একটি ‘হ্যালো’ থেকেই শুরু হতে পারে বন্ধুত্ব। বিশ্ব হ্যালো দিবসের মূল বার্তা হলো, শান্তি প্রতিষ্ঠা ও মানুষের মধ্যে দূরত্ব কমাতে সব সময় বড় কোনো উদ্যোগের প্রয়োজন হয় না। কখনো কখনো একটি সাধারণ শুভেচ্ছা বিনিময়ই হতে পারে নতুন সম্পর্কের শুরু।
তাহলে আজ অন্তত ১০ জন মানুষকে ‘হ্যালো’ বলুন। হয়তো আপনার একটি ছোট্ট শুভেচ্ছাই কারও মুখে হাসি ফোটাবে, দূরত্ব কমাবে কিংবা পুরোনো কোনো সম্পর্ক আবার জোড়া লাগাতে সাহায্য করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন