প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে, জেলা পুলিশ তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে। এই তথ্য পুলিশের পক্ষ থেকে একটি প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে, যা নড়াইলের পুলিশ সুপার স্বাক্ষরিত।
বিবৃতিতে বলা হয়েছে, সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পূর্বের ধারণকৃত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা নির্মিত ভিডিও ও চিত্র প্রকাশ করছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা এই তথ্য ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। পুলিশ স্পষ্টভাবে জানায়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং এই ঘটনায় কোনো হিন্দু পরিবারের সদস্য বা ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেনি।
পুলিশের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালিয়া থানাধীন বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলায় বিএনপির মিছিলে হামলা চালায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হামলায় দুজন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং জাসাস (বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০)।
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বেন্দারচরের বুলু বিশ্বাসের দুই সন্তান দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১)।
ওই জোড়া হত্যাকাণ্ডের পর গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটে নিহতদের বিক্ষুব্ধ স্বজন ও উত্তেজিত লোকজন আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে জড়ো হন। তারা হত্যার ঘটনায় জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে নড়াইল জেলা পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন