০৬:৪০ এম
প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ সাক্ষাৎ করতে চলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। আজ শুক্রবার ২৬ জুন, স্থানীয় সময় সকাল ১০টায় তাঁদের মধ্যে সাক্ষাতের সময় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের শেষ দিনে শুক্রবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক গ্রেট হলে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশের জনগণের উন্নয়ন-অগ্রযাত্রা আরো সুসংহত করার লক্ষ্যে ইতিবাচক ফলাফল আনার আশাবাদ প্রকাশ করেছেন তিনি, ইনশাআল্লাহ।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জাবি ছাত্রদলের রচনা প্রতিযোগিতা
মাহদী আমিন আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক ক্ষেত্রে আরো গভীর হবে। কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ৪ দিনের চীন সফরে আসার পর শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। সফরে তিনি ২৪ জনের একটি দলের সঙ্গে রয়েছেন।
সফরের দলে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৫ জন, যাদের মধ্যে রয়েছেন হুমায়ুন কবির, একেএম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং মাহদী আমিন।
প্রধানমন্ত্রী তার প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গিয়েছিলেন ২১ জুন। এরপর সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে আসেন। দুই দিন সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার পর বুধবার বিকেলে বেইজিং পৌঁছান তিনি।
আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ, আটক ১
প্রধানমন্ত্রীর শেষ দিনের অন্যান্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, সকালে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে গ্রেট হলে সাক্ষাৎ এবং চীনের জাদুঘর পরিদর্শন। বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের সঙ্গে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন