০৯:৪৭ পি.এম
চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও অসত্য বিষোদ্গার’ হিসেবে উল্লেখ করেছে জামায়াতে ইসলামী। দলটি মন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এই নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ সময় ধরে নিয়মতান্ত্রিকভাবে দেশের রাজনীতিতে সক্রিয় রয়েছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে দলটি জনগণের ব্যাপক সমর্থন অর্জন করেছে। একটি কল্যাণমুখী রাজনৈতিক দল হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে দলটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে এবং সরকারকে জবাবদিহির মধ্যে রাখার চেষ্টা করছে। তবে, অত্যন্ত দুঃখজনকভাবে জামায়াতে ইসলামীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অসত্য বক্তব্য ও বিষোদ্গার সম্পূর্ণ অনভিপ্রেত।
আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা
এহসানুল মাহবুব জোবায়ের আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রতিটি বিষয় অত্যন্ত স্পষ্ট ও প্রকাশ্য। সুতরাং জামায়াতের লক্ষ্য, উদ্দেশ্য কিংবা আদর্শ নিয়ে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামী দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। খুন, রাহাজানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি চব্বিশের জুলাই-পরবর্তী বর্তমান সরকারের আমলে নতুন করে গুপ্তহত্যার ঘটনাও ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এসব দমন বা নিয়ন্ত্রণে নজর না দিয়ে অসত্য বিষোদ্গারের মাধ্যমে বিরোধী দলের চরিত্রহননে ব্যস্ত রয়েছেন, যা মূলত তাঁর নিজ মন্ত্রণালয়ের ব্যর্থতা ঢাকার অপচেষ্টা মাত্র। তিনি কোনো ইসলামী পরিবেশে গেলেই বড় ইসলামী ব্যক্তিত্ব সাজার চেষ্টা করেন, যা একপ্রকার লোকদেখানো আচরণ। জামায়াতসহ অন্যান্য ইসলামী দলকে নিয়ে এ ধরনের ভিত্তিহীন বিষোদ্গার পরিহার করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের অর্পিত দায়িত্ব পালনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন