ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতার তাগিদ দিলেন ইঞ্জি: শ্যামল


নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতার তাগিদ দিলেন ইঞ্জি: শ্যামল

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের উদ্যোগে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমন বিষয়ক একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ) মোঃ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।

আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা

সমাবেশের সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল ইসলাম চপল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি উল্লেখ করেন, নারী ও শিশু নির্যাতন, মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তিনি বলেন, সমাজে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। তাদের আরো সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত দ্বন্ধ ও সংঘর্ষের কারণে অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটে। যারা এসব সংঘর্ষে জড়িত হয়ে মানুষ হত্যা করছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। দুঃখজনক বিষয় হলো, সংঘর্ষের পাঁচ-ছয় মাস পর সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়া হয়। তিনি বলেন, "আমি এ ধরনের আপস-মীমাংসার পক্ষে নই। যারা মানুষ হত্যা করে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রবণতা কমবে। সবকিছুর আগে আমাদের সামাজিকভাবে সচেতন হতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, "যারা স্বামীর ঘরে নির্যাতন হবে সে আমার বোন, কন্যা হিসেবে বিবেচিত হবে।" তিনি উল্লেখ করেন, সমাজে সংঘটিত সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও নির্মূলে পুলিশ নিরলসভাবে কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত দ্বন্ধ ও সংঘর্ষের প্রবণতা তুলনামূলক বেশি। এ ধরনের সংঘাতের পেছনের কারণ চিহ্নিত করে তা প্রতিরোধ এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

তিনি আরো বলেন, চুরি, ডাকাতি, কিশোর গ্যাং, মাদকাসক্তি, যৌতুকের কারণে নির্যাতন, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে।

সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


সাতক্ষীরা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ, আটক ১

সাতক্ষীরা, ৬ নভেম্বর, ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এ সময় এক জনকে আটক করা হয়েছে। শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার মাদরা, ভোমরা, বৈকারী ও কাকডাঙ্গা বিওপি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ী, বিভিন্ন ব্রান্ডের পুরাতন মোবাইল ফোন, মদ, গাঁজা ও ওষুধ।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদরা বিওপি’র বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি ও বড়ালি নামক স্থান থেকে ভারতীয় শাড়ী ও মদ জব্দ করে। ভোমরা বিওপি’র বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মন্দির মোড় নামক স্থান থেকে বিভিন্ন ব্রান্ডের পুরাতন মোবাইল ফোন উদ্ধার করে। বৈকারী বিওপি’র বিশেষ আভিযানিক দল একই উপজেলার বৈকারীপাড়া মোড় নামক স্থান থেকে ভারতীয় গাঁজা, একটি বাইসাইকেল এবং একটি গ্রামীণ মোবাইল ফোনসহ এক চোরাকারবারিকে আটক করে।

এছাড়া, কাকডাঙ্গা বিওপি’র বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

জব্দকৃত ভারতীয় মালামালের মোট বাজার মূল্য ৪ লক্ষ ৯৬ হাজার ৪৫ টাকা।

সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্যটন কন্টেন্ট তৈরির জন্য সম্মাননা পেলেন ইমন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


পর্যটন কন্টেন্ট তৈরির জন্য সম্মাননা পেলেন ইমন

সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন সম্মাননা অর্জন করেছেন পর্যটন নিয়ে কন্টেন্ট তৈরি করার জন্য। শুক্রবার কক্সবাজারের সি ওয়ার্ল্ড হোটেলে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

ইমরুল কাওসার ইমন তার একটি ভিডিওতে মনখালি গ্রামকে কক্সবাজারের সুইজারল্যান্ড হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর, স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে এটি কক্সবাজারের সুইজারল্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। সেখানে প্রতিদিনই পর্যটকদের সংখ্যা বাড়ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ এর সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাশার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ এম. এ. বাশার আবু এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু।

সভাপতিত্ব করবেন: মো. গোলাম ফারুক মজনু, নির্বাহী পরিচালক, সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির হিসেবে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের শপথ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির হিসেবে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের শপথ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নতুন আমির হিসেবে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দায়িত্ব গ্রহণ করেছেন। ২০২৭-২০২৮ কার্যকালের জন্য আমির হিসেবে দায়িত্ব পেয়ে তিনি শুক্রবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণের অনুষ্ঠানটি সকালে নগরীর একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি উপস্থিত ছিলেন। তিনি নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমির ড. মাওলানা কেরামত আলী এমপি।

এ সময় জোনের অন্যান্য দায়িত্বশীল এবং রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর গেল সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। আগামী রাজশাহী সিটি নির্বাচনেও জামায়াত তাকে প্রার্থী ঘোষণা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আঙুল ফুটিয়ে ব্যাটারকে আউট করেন ‘ক্লিকি পন্টিং’, দুই বছর নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


আঙুল ফুটিয়ে ব্যাটারকে আউট করেন ‘ক্লিকি পন্টিং’, দুই বছর নিষিদ্ধ

ব্যাটের কানায় বল লাগলে স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাজ হলো ক্যাচটি লুফে নেওয়া। কিন্তু এমন একজন ফিল্ডার পাওয়া গেছে, যিনি ক্যাচ না নিয়ে আঙুলের সাহায্যে শব্দ করে আম্পায়ারকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বল ব্যাটে লাগার শব্দ নকল করে প্রতিপক্ষকে আউট করার চেষ্টা করেছিলেন।

এটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এমন একটি ঘটনা ঘটিয়েছিলেন একজন অপেশাদার ক্রিকেটার। তিনি আঙুলে টোকা দিয়ে ব্যাটে বল লাগার শব্দ তৈরি করেছিলেন। এই ঘটনাটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সেই প্রতারণার জন্য ‘ক্লিকি পন্টিং’ নামে পরিচিত ব্রায়ান ডিভাইনকে এবার বড় শাস্তি দেওয়া হয়েছে। তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

গত জুলাইয়ে নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের (এনওয়াইএসডি) দ্বিতীয় বিভাগে নর্টনের বিরুদ্ধে খেলছিল সল্টবার্নের দ্বিতীয় একাদশ। স্লিপে ফিল্ডিং করার সময় ডিভাইন আঙুলে শব্দ করেন। বলটি নোমান শাবিরের ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি এই কাজটি করেন। এরপর উইকেটকিপার জশ বোয়েস ক্যাচ নেন। সল্টবার্নের আবেদনের পর আম্পায়ার শাবিরকে আউট দেন। ম্যাচের সেই ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

তদন্তের পর ডিভাইনকে ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আওতাধীন সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ের মধ্যে তিনি খেলতে, কোচিং করাতে, আম্পায়ারিং করতে, স্কোরিং করতে কিংবা জুনিয়র দল পরিচালনা করতে পারবেন না।

সল্টবার্নের দ্বিতীয় একাদশও শাস্তি পেয়েছে। দলটিকে দ্বিতীয় বিভাগ থেকে তৃতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। ২০২৭ মৌসুম শুরু করতে হবে ৬০ পয়েন্ট জরিমানা নিয়ে। এছাড়া ক্লাবকে ৩০০ পাউন্ড জরিমানা দিতে হবে।

ডিভাইন ও ক্লাব উভয়ই অভিযোগ স্বীকার করেছে। ডিভাইন শাস্তি মেনে নিলেও ক্লাব আপিল করেছিল। লিগ জানিয়েছে, তদন্তে কয়েক সপ্তাহ সময় লেগেছে। এতে খেলোয়াড়দের সাক্ষাৎকার, লিখিত বক্তব্য এবং ভিডিও পর্যালোচনা করা হয়েছে।

অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের নামের সঙ্গে মিল রেখে ডিভাইনের নাম ‘ক্লিকি পন্টিং’ রাখা হয়েছে। চলতি বছরের শুরুতে তার নাম ও প্রতারণা নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “বিষয়টি দেখে হেসেছিলাম, তারপর আর ওভাবে মাথায় নিইনি। প্রতারণার আশ্রয় নেওয়া কারো নামের সঙ্গে নিজের নাম জড়ানো নিশ্চয়ই ভালো লাগার মতো বিষয় নয়। তবে সত্যি বলতে, পুরো ব্যাপারটি নিয়ে বেশ হেসেছি ও মজা পেয়েছি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%