১০:৩৫ পি.এম
অনলাইনে ঋণ প্রদানকারী কিছু মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকদের মোবাইল ফোনে সংরক্ষিত ফোন নম্বর, ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও এবং ক্ষুদে বার্তা অ্যাপের নিয়ন্ত্রণকারীদের হাতে চলে যাচ্ছে। এই তথ্য ব্যবহার করে অর্থ দাবি করা, ব্ল্যাকমেইল করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর ছবি প্রকাশের হুমকি দিয়ে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে। এ কারণে বাংলাদেশ ব্যাংক ব্যাংকের গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এসব অ্যাপের মাধ্যমে ঋণ প্রদান সম্পূর্ণ অবৈধ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৫(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এ ধরনের ঋণ কার্যক্রম পরিচালনা অবৈধ। একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।
এছাড়া জানানো হয়েছে, এসব অ্যাপের নিয়ন্ত্রণকারীরা সরাসরি শাস্তিযোগ্য অপরাধে লিপ্ত হচ্ছেন। একইসঙ্গে এসব অ্যাপে নিবন্ধন করে আর্থিক লেনদেনে অংশ নেওয়া ঋণগ্রহীতারাও অপরাধের সঙ্গে জড়িত হচ্ছেন।
আরও পড়ুন: বিয়ের খাবার খেয়ে পল্লী চিকিৎসক ফখরুল ইসলামের মৃত্যু, বর-কনেসহ অসুস্থ শতাধিক
এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে বেআইনি ঋণ কার্যক্রম পরিচালনা এবং এতে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এর আগে লাইসেন্সবিহীন ২২টি অবৈধ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্মের বিষয়ে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক। রবিবার এক সতর্কবার্তায় এসব প্ল্যাটফর্মে লেনদেন না করার জন্য সর্বসাধারণকে পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক শনাক্ত করা প্ল্যাটফর্মগুলো হলো— বহুদূরপে, জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়াক, একে পে, বিডি পে, সাজঘরপে, আস্থাপে/সিপে, উদ্যোক্তাপে, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত ও পিপড়াপে।
বাংলাদেশ ব্যাংক সতর্কবার্তায় উল্লেখ করেছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির পেমেন্ট সেবা দেওয়া ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এ আইনের ৪(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ সেবা দিতে পারে না। একই আইনের ৩৭(১) ধারায় এ অপরাধের শাস্তির বিধান রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট জানিয়েছে, লাইসেন্স ছাড়াই পেমেন্ট এগ্রিগেটর সেবা দেওয়া এসব প্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে। কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত ও আইনি ঝুঁকি এড়াতে এসব লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালনা এবং এসব প্ল্যাটফর্মে লেনদেন থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন: জাতীয় উন্নয়ন পরিকল্পনায় স্থানিক পরিকল্পনা অন্তর্ভুক্তির আহ্বান বিআইপির সেমিনারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন