ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

ইউআইইউতে অনুষ্ঠিত ২০তম শিক্ষক উন্নয়ন সম্মেলনে পেশাগত দক্ষতা বৃদ্ধির গুরুত্ব


ইউআইইউতে অনুষ্ঠিত ২০তম শিক্ষক উন্নয়ন সম্মেলনে পেশাগত দক্ষতা বৃদ্ধির গুরুত্ব

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ২০তম শিক্ষক উন্নয়ন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনটি ইংরেজি ভাষা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের উদ্দেশ্যে আয়োজন করা হয়। এতে দেশি-বিদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন।

শনিবার (৩১ অক্টোবর) ইউআইইউ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা) এবং জাপানের টিচার্স হেল্পিং টিচার্সের (টিএইচটি) যৌথ উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ‘কালটিভেটিং কমিউনিটি ইন ল্যাঙ্গুয়েজ এডুকেশন’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনটি তিন দিনব্যাপী ছিল।

২০০৫ সালে বেল্টা ও টিএইচটির যৌথ উদ্যোগে সম্মেলনের যাত্রা শুরু হয়। গত দুই দশকে এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ হাজার শিক্ষক পেশাগত উন্নয়নের সুযোগ লাভ করেছেন।

আরও পড়ুন: নরসিংদীর কলেজ অধ্যক্ষের উদ্যোগে বদলে দিয়েছেন অনেক শিক্ষার্থীর জীবনের মোড়

হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এবারের সম্মেলনে অনলাইন অধিবেশন, ইউআইইউ ক্যাম্পাসে সরাসরি সম্মেলন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক শিক্ষক উন্নয়ন কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকদের কাছে পেশাগত উন্নয়নের সুযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ‘কালটিভেটিং কমিউনিটি ইন ল্যাঙ্গুয়েজ এডুকেশন’ শীর্ষক প্যানেল আলোচনা। এই আলোচনার সঞ্চালনা করেন জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ইন্টারন্যাশনাল লিবারেল আর্টসের ডিন এবং টিচার্স হেল্পিং টিচার্সের টিম লিডার অধ্যাপক ড. প্যাট্রিক ডোহার্টি।

আলোচনায় অংশগ্রহণ করেন বেল্টার সাধারণ সম্পাদক ড. মো. মহিব উল্লাহ, ইউআইইউর ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের পিডি সমন্বয়ক ও ক্যামব্রিজ পিডিকিউ কর্মসূচির প্রধান ফেরদৌসী রহমান এবং টিএইচটি দলের সদস্য অধ্যাপক ড. অ্যান ম্যাকলেলান হাওয়ার্ড, অধ্যাপক ড. ক্রিস্টোফার জনসন, অধ্যাপক ড. জশ নরম্যান ও অধ্যাপক সিসিলিয়া সিলভা।

প্যানেল আলোচনায় শিক্ষকদের মধ্যে পেশাগত সহযোগিতা, শিক্ষাদানের অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে সহযোগিতামূলক শিক্ষকমণ্ডলী গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

আরও পড়ুন: শিক্ষাঙ্গনগুলোকে জ্ঞান চর্চা ও গবেষণার কেন্দ্র করতে আহ্বান ডা. শফিকুরের

সম্মেলনে উপস্থিত ছিলেন ইউআইইউর স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. শরীফ আহমেদ মুকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বেল্টার সভাপতি আহমেদ বশীর, বেল্টার উপদেষ্টা অধ্যাপক ড. আরিফা রহমান এবং সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক ড. রুবিনা খান। সম্মেলনের আহ্বায়কের দায়িত্ব পালন করেন ইউআইইউর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মারজিয়া শুরভী।

এ ছাড়া বাংলাদেশ, জাপান ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ শিক্ষাবিদ ও প্রশিক্ষকেরা সম্মেলনে অংশ নিয়ে কর্মশালা পরিচালনা এবং প্রবন্ধ উপস্থাপন করেন। অধিবেশনগুলোতে লেখার দক্ষতা উন্নয়নে শিক্ষাদান পদ্ধতি, গবেষণাভিত্তিক পাঠের মাধ্যমে সমালোচনামূলক চিন্তাশক্তির বিকাশ, শিশুদের দ্বিভাষিকতা, যৌথভাবে শেখার কৌশল, উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ভাষা শিক্ষায় ডিজিটাল উপকরণের প্রয়োগ এবং শিক্ষকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

আরও পড়ুন: সৈয়দপুরে এইচএসসি পরীক্ষায় আট কলেজ থেকে ৪৮১ জন জিপিএ-৫ পেয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএ তায়েব ও পলির নতুন খবর নিয়ে আলোচনা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


ডিএ তায়েব ও পলির নতুন খবর নিয়ে আলোচনা তুঙ্গে

সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন নব্বই দশকের আলোচিত নায়িকা পলি ও জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব। তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সিনেমা হল পরিদর্শন এবং ঘরোয়া আড্ডায় নিয়মিত উপস্থিতি সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

অভিনেতা ডিএ তায়েব, যিনি দীর্ঘ ২৫ বছর পুলিশ বিভাগে সফলভাবে দায়িত্ব পালন করেছেন, অভিনয়ের প্রতি মনোযোগ দিতে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তিনি ‘সোনা বন্ধু’, ‘ইশা খাঁ’ এবং সর্বশেষ ২০২৬ সালের আলোচিত অ্যাকশন-থ্রিলার ‘অফিসার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নিজের অবস্থানকে শক্তিশালী করেছেন।

অন্যদিকে, নব্বইয়ের দশকের আলোচিত নায়িকা পলি তার ক্যারিয়ারে অনেক সফল বাণিজ্যিক সিনেমা উপহার দিয়েছেন। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর, ডিএ তায়েবের সঙ্গে এই যোগাযোগের মাধ্যমে তিনি আবার আলোচনায় ফিরে এসেছেন। সম্প্রতি, ডিএ তায়েবের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অফিসার’ প্রদর্শনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলি।

এছাড়া, ডিএ তায়েবের আমন্ত্রণে তার বাসায় আয়োজিত একটি ঘরোয়া পার্টিতে পলির নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এই দুই তারকার একসঙ্গে উপস্থিতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়।

এদিকে, মিডিয়ায় নতুন কাজের গুঞ্জন শুরু হয়েছে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে তারা জানিয়েছেন, ভালো গল্প এবং ব্যতিক্রমী চরিত্র পেলে বড়পর্দায় অথবা কোনো হাই-প্রোফাইল ওয়েব প্রজেক্টে তারা একসঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের সন্ধ্যা নদীতে নৌকা বাইচে হাজারো মানুষের উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


বরিশালের সন্ধ্যা নদীতে নৌকা বাইচে হাজারো মানুষের উল্লাস

বরিশালের উজিরপুরের সন্ধ্যা নদী কাঁসির আওয়াজ, বৈঠার ছন্দ এবং মাঝিদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। নদীর বুকে একের পর এক নৌকা ছুটে চলেছে। দুই তীরে হাজারো দর্শকের উল্লাস। কিছু দর্শক দাঁড়িয়ে আছেন, আবার কেউ ছোট নৌকা ও ট্রলারে চড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করছেন। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার শিকারপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে এই নৌকা বাইচ প্রতিযোগিতা।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে সন্ধ্যা নদীর দুই তীরে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু জড়ো হন। বিকেল ৪টায় শিকারপুর বন্দর এলাকা থেকে বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রতিযোগিতায় আটটি বিশাল নৌকা অংশগ্রহণ করে। উদ্বোধনের পর মাঝিদের বৈঠা চালানোর ছন্দ, জয়ধ্বনি, কাঁসির আওয়াজ ও গানের সুরে নদী মুখরিত হয়ে ওঠে। প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেজর এম এ জলিল সেতু (ইচলাদী সেতু) এলাকায় গিয়ে প্রতিযোগিতা শেষ হয়।

নৌকা বাইচের কারণে নদীর দুই তীরে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। বিভিন্ন বয়সের মানুষ এ উৎসবে অংশ নেন। অনেকে ছোট নৌকা ও ট্রলার ভাড়া করে নদীতে অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। বিচিত্র সাজে সজ্জিত নৌকাগুলোতে রঙিন পোশাক পরা মাঝিরা কাঁসির শব্দ ও গানের তালে তালে বৈঠা চালিয়ে একে অপরকে পেছনে ফেলার চেষ্টা করেন। পুরো উজিরপুর উপজেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলসহ অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নৌকা বাইচের আয়োজক ও পরিকল্পনাকারী উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানান, এই উৎসব শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, "এ আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ঐতিহ্যটির নতুন প্রাণ সঞ্চার করবে।" তিনি আরও জানান, সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সুস্থধারার বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন যে, অন্য এলাকার মানুষও এ আয়োজন দেখে অনুপ্রাণিত হবেন।

উজিরপুর উপজেলা প্রশাসন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস বরিশালের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহযোগিতা দেয় বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কো।

নৌকা বাইচ শেষে মেজর এম এ জলিল সেতুর ইচলাদী প্রান্তে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার আসমা ফেরদৌসি এবং আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। ইউএনও মো. আলী সুজা অনুষ্ঠানের সার্বিকভাবে পরিচালনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিচেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


মানিচেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন

মানিচেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভাটিতে ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন এবং ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের বিভক্ত নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

এ সভাটি রাজধানীর গুলশানে ইমানুয়েলশন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সভায় কোম্পানি আইনের বিধান অনুযায়ী উচ্চ আদালতের রায় অনুসরণ করে ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের বিভক্ত নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়। এরপর উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে উক্ত প্রতিবেদন দুটি অনুমোদিত হয়।

এছাড়া, বিদেশগামী যাত্রীদের জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের সমপরিমাণ ১৮ হাজার ডলার বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্টের ক্ষমতা মানিচেঞ্জারদের দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এস এম জামান। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী গৌতম দে, সাংগঠনিক সম্পাদক কে এম মাকছুদুর রহমান এবং কোষাধ্যক্ষ সবুজ মোল্লা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যারিয়ারের সাফল্যের পেছনে ধৈর্যের গুরুত্ব জানালেন কৌশানি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


ক্যারিয়ারের সাফল্যের পেছনে ধৈর্যের গুরুত্ব জানালেন কৌশানি

‘বহুরূপী’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের ক্যারিয়ার গ্রাফ যেন নিমেষে পরিবর্তিত হয়। বহু বছর ধরে একই ধরনের চরিত্রে অভিনয় করা কৌশানিকে ঝিমলি চরিত্রে অভিনয় করতে দেখে দর্শকরা অবাক হন।

কৌশানি টালিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন ‘কেলোর কীর্তি’, ‘গার্লফ্রেন্ড’, ‘তোমাকে চাই’, ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে, তবে সেগুলোতে সফলতা অর্জন করতে পারেননি। ২০২৪ সালে ‘বহুরূপী’ সিনেমায় ঝিমলি চরিত্রে অভিনয় করার পর তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এরপর তিনি ‘রক্তবীজ ২’ সিনেমাতেও অভিনয় করেন।

চলতি বছর দুর্গাপূজায় ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায় তার অনবদ্য অভিনয় যেন সকলকে ছাপিয়ে যায়। এত পরে জনপ্রিয়তা পাওয়া এবং সেই জনপ্রিয়তা ধরে রাখার পেছনের আসল রহস্য জানালেন কৌশানি মুখোপাধ্যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৌশানি জানান, তিনি জীবনে একটি মন্ত্র মেনে চলেন, সেটি হলো— ধৈর্য। তিনি বহু বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন, কিন্তু নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন অনেক দেরিতে।

কৌশানি বলেন, তিনি কখনো হাল ছাড়েননি। এতগুলো বছর পর অবশেষে পছন্দের পরিচালকের পরিচালনায় অভিনয় করার সুযোগ পেয়েছেন, যা তাকে সঠিকভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ দিয়েছে।

তিনি উল্লেখ করেন, ‘আমার মতে জনপ্রিয়তা ধরে রাখার একমাত্র ওষুধ হলো ধৈর্য। তোমাকে ধৈর্য ধরতেই হবে। আমি নিজে দেখেছি এতগুলো বছর অপেক্ষা করার পর অবশেষে আমার প্রিয় চরিত্র বা স্বপ্নের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি।’

কৌশানি আরও বলেন, 'আমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে আজকের জন্য আর সেই অপেক্ষা তাই আমার স্ট্রাগল। হয়তো আমাকে প্রত্যেক পরিচালকের কাছে গিয়ে অডিশন দিতে হয়নি, কিন্তু এই অপেক্ষাটাই হলো আমার জীবনের একমাত্র স্ট্রাগল।'

এছাড়া, কৌশানি ব্যক্তিগত জীবনে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কিত। হবু স্বামী এবং শ্বশুরবাড়ির সঙ্গে তার ভালো সম্পর্ক থাকলেও বিয়ের প্রসঙ্গে তিনি বারবার এড়িয়ে যান। কৌশানি জানান, তিনি বর্তমানে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান। যদিও তার বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছেন, তবে আপাতত বিয়ের ব্যাপারে কিছু ভাবছেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%