০৬:৪১ পি.এম
বরিশালের উজিরপুরের সন্ধ্যা নদী কাঁসির আওয়াজ, বৈঠার ছন্দ এবং মাঝিদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। নদীর বুকে একের পর এক নৌকা ছুটে চলেছে। দুই তীরে হাজারো দর্শকের উল্লাস। কিছু দর্শক দাঁড়িয়ে আছেন, আবার কেউ ছোট নৌকা ও ট্রলারে চড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করছেন। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার শিকারপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে এই নৌকা বাইচ প্রতিযোগিতা।
দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে সন্ধ্যা নদীর দুই তীরে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু জড়ো হন। বিকেল ৪টায় শিকারপুর বন্দর এলাকা থেকে বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় আটটি বিশাল নৌকা অংশগ্রহণ করে। উদ্বোধনের পর মাঝিদের বৈঠা চালানোর ছন্দ, জয়ধ্বনি, কাঁসির আওয়াজ ও গানের সুরে নদী মুখরিত হয়ে ওঠে। প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেজর এম এ জলিল সেতু (ইচলাদী সেতু) এলাকায় গিয়ে প্রতিযোগিতা শেষ হয়।
আরও পড়ুন: তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন; সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ মুশতাক আহমেদ
নৌকা বাইচের কারণে নদীর দুই তীরে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। বিভিন্ন বয়সের মানুষ এ উৎসবে অংশ নেন। অনেকে ছোট নৌকা ও ট্রলার ভাড়া করে নদীতে অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। বিচিত্র সাজে সজ্জিত নৌকাগুলোতে রঙিন পোশাক পরা মাঝিরা কাঁসির শব্দ ও গানের তালে তালে বৈঠা চালিয়ে একে অপরকে পেছনে ফেলার চেষ্টা করেন। পুরো উজিরপুর উপজেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলসহ অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নৌকা বাইচের আয়োজক ও পরিকল্পনাকারী উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানান, এই উৎসব শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, "এ আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ঐতিহ্যটির নতুন প্রাণ সঞ্চার করবে।" তিনি আরও জানান, সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সুস্থধারার বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন যে, অন্য এলাকার মানুষও এ আয়োজন দেখে অনুপ্রাণিত হবেন।
উজিরপুর উপজেলা প্রশাসন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস বরিশালের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহযোগিতা দেয় বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কো।
আরও পড়ুন: শেরপুরে নকলায় মাদকসহ আটক বিএনপি সভাপতির ছেলে রানা মিয়া,
নৌকা বাইচ শেষে মেজর এম এ জলিল সেতুর ইচলাদী প্রান্তে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার আসমা ফেরদৌসি এবং আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। ইউএনও মো. আলী সুজা অনুষ্ঠানের সার্বিকভাবে পরিচালনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন