০৯:৪৮ পি.এম
নওগাঁর ধামইরহাটে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে একটি খড়বোঝাই ট্রাকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) আগ্রাদ্বিগুণ বিওপির সদস্য এবং স্থানীয় জনগণের তাৎক্ষণিক ও সাহসী তৎপরতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে পুরো ট্রাকটি রক্ষা পায়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার আগ্রাদ্বিগুণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তালান্দার মোড় নামক স্থানে (বিওপি থেকে প্রায় ১৫০ গজ দূরে) এই দুর্ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খড়বোঝাই ট্রাকটি আগ্রাদ্বিগুণ থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে তালান্দার মোড় এলাকায় পৌঁছালে ওপরের উচ্চ ভোল্টেজের ঝুলন্ত বৈদ্যুতিক তারের সাথে ট্রাকের খড়ের সংস্পর্শ ঘটে। মুহূর্তেই ট্রাকে বোঝাইকৃত খড়ে আগুন ধরে যায়।
ঘটনাটি প্রত্যক্ষ করার সাথে সাথেই আগ্রাদ্বিগুণ বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। একই সাথে বিওপি কমান্ডার বিষয়টি ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করলে, তিনি বিওপিতে সংরক্ষিত অগ্নিনির্বাপণ সরঞ্জামাদি সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার নির্দেশ দেন।
আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ষষ্ঠ
পরবর্তীতে বিজিবি সদস্য ও স্থানীয় জনতা পরম সাহসিকতার সাথে বিওপির ফায়ার এক্সটিংগুইশার, পানি ও স্থানীয় সরঞ্জাম ব্যবহার করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। বিজিবির সময়োপযোগী ও ত্বরিত পদক্ষেপের কারণে কিছু খড় পুড়ে গেলেও বড় ধরনের দুর্ঘটনা এবং কোটি টাকার পুরো ট্রাকটি ভস্মীভূত হওয়ার হাত থেকে রক্ষা পায়।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের জানমাল রক্ষা ও যেকোনো জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদানে বিজিবি সবসময় তৎপর ও প্রতিশ্রুতিবদ্ধÑএমনটাই জানিয়েছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন