ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণে নানা আয়োজন


সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণে নানা আয়োজন

আজ বুধবার বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, ক্রীড়া সংগঠক, সাবেক মন্ত্রী এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। তিনি ২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

সাদেক হোসেন খোকা ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালের নির্বাচনে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে পরাজিত করে তিনি টক অব দ্য কান্ট্রিতে চলে আসেন। নির্বাচিত হয়ে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।

১৯৯৬ সালে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সাদেক হোসেন খোকা পুনরায় নির্বাচিত হন। এরপর তিনি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে ২০০২ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি। সাদেক হোসেন খোকা টানা ১০ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও সচেতনতামূলক র‍্যালি

২০১৪ সালের ১৪ মে ক্যান্সারের চিকিৎসার জন্য তিনি সপরিবারে নিউইয়র্ক যান। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় অবস্থান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবিতে পরিচালক নিয়োগের প্রতিবাদে রেজিস্ট্রার ভবনে তালা, উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ এম


জাবিতে পরিচালক নিয়োগের প্রতিবাদে রেজিস্ট্রার ভবনে তালা, উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালক নিয়োগের প্রক্রিয়া নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। নতুন পরিচালক নিয়োগের প্রতিবাদে রেজিস্ট্রার ভবনের ফটকে তালা দিয়ে অবস্থান নিয়েছে ইনস্টিটিউটের কিছু শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তালা ভেঙে উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধার করেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের ফটকে তালা দিয়ে অবস্থান নেন। এ সময় তারা ইনস্টিটিউটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবি জানান।

ইনস্টিটিউটের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী শাহজালাল মাহমুদ বলেন, ‘আমাদের দাবি ছিল, আমাদের ইনস্টিটিউটের শিক্ষকই পরিচালক হবেন। এটি স্বাভাবিক দাবি। আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসিনি। আমরা এখানে পড়াশোনা করতে এসেছি। আমাদের ইনস্টিটিউট নতুন, সেখানে অগ্রগতি দরকার। এ জন্য আমরা ইনস্টিটিউটের অভিজ্ঞ শিক্ষকদের উপযুক্ত মনে করছি। আমরা পড়াশোনা ঠিকমতো চালাতে চাই। আমাদের ইনস্টিটিউট থেকেই অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়া হোক।’

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে সিন্ডিকেট সভা শুরু হয়। সভা শেষে সন্ধ্যার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ভবন থেকে বের হতে গিয়ে ফটকে তালা দেখতে পান। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। একপর্যায়ে তারা তালা ভেঙে উপাচার্য, উপ-উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তাদের বের করে দেন। পরে উপাচার্যকে ঢাকায় তার নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে গাড়িতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি আমাকে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করার দায়িত্ব দিয়েছেন। আমি এই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে বা প্রয়োজন হলে তারা আমার সঙ্গে দেখা করবে, কথা বলবে। কিন্তু রেজিস্ট্রার ভবনে তালা দিয়ে একাডেমিক কার্যক্রমে বাধা দেওয়ার এখতিয়ার তাদের নেই।’

তিনি আরও বলেন, ‘যে বা যারা তালা দিয়েছে এবং এর পেছনে যেসব শিক্ষকের হাত আছে বা যারা ইন্ধন দিয়েছেন, তাদের সবাইকে খুঁজে বের করে বিশ্ববিদ্যালয়ের আইনবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘আমরা যতটুকু জেনেছি, রোববার সিএলসির পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে আওয়ামী ফ্যাসিস্টের দোসর, যারা সরাসরি শেখ হাসিনার শাসনামল দীর্ঘায়িত করার জন্য কাজ করেছে, তাদের কিছু অনুসারী প্রথম ধাপে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি-দাওয়া নিয়ে কথা বলে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কথা শুনে আমলে নিয়ে বিদায় করে। কিন্তু পরবর্তীতে হামীমের লোকজন ও তার অনুসারীরা এসে সিন্ডিকেট চলাকালীন সেখানে তালা দেয়। পরে বিষয়টি শুনে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন এবং তালা ভেঙে উপাচার্যকে তার ঢাকার কর্মসূচিতে যোগ দিতে গাড়িতে তুলে দেন।’

এর আগে সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুরকে সিএলসি ইনস্টিটিউটের পরিচালক নিয়োগ দেওয়া হয়। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে ওই পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়।

নতুন পরিচালক নিয়োগের পর ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হক হামীম এ নিয়োগের বিষয়ে আপত্তি জানিয়ে প্রশাসনের কাছে নিজের অবস্থান তুলে ধরেন। তার দাবি, ইনস্টিটিউটের বিষয়সংশ্লিষ্টতা ও শিক্ষকদের মতামত বিবেচনায় নিয়ে পরিচালক নিয়োগ দেওয়া উচিত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ২৪ শিক্ষক পড়ান ৩৪ শিক্ষার্থীকে, পাস করেছেন মাত্র ৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ এম


ময়মনসিংহে ২৪ শিক্ষক পড়ান ৩৪ শিক্ষার্থীকে, পাস করেছেন মাত্র ৪ জন

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাতের একটি অবিশ্বাস্য চিত্র প্রকাশিত হয়েছে। দক্ষিণ গফরগাঁওয়ের ‘চারবাড়ীয়া সরকারি স্কুল অ্যান্ড কলেজ’-এ কর্মরত ২৪ জন শিক্ষক একত্রে মাত্র ৩৪ জন শিক্ষার্থীকে পাঠদান করেছেন। শিক্ষকের সংখ্যা শিক্ষার্থীর অর্ধেকেরও কম হওয়ার কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন মাত্র চারজন। ফলে, প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৭৬ শতাংশ। আগের বছরও এই প্রতিষ্ঠান থেকে পাস করেছিলেন মাত্র একজন শিক্ষার্থী।

গত শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এই তথ্যটি সামনে আসে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০০৭ সালের ১৫ আগস্ট দক্ষিণ গফরগাঁওয়ের চারবাড়ীয়া এলাকায় ‘দি ফাদার অব দি ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল গভঃ স্কুল অ্যান্ড কলেজ’ প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে ২০২১ সালের ২৯ জুন এটি সরকারি করা হয়। বর্তমানে কলেজ শাখায় ২৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল জানান, চলতি বছর এই প্রতিষ্ঠান থেকে ৩৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে মাত্র ৪ জন উত্তীর্ণ হয়েছেন। স্থানীয় বাসিন্দা এনামুল হক, রাসেল মিয়া ও মাহমুদুল হকসহ অনেকের অভিযোগ, একসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই পরিচালিত হতো। দলীয় মিছিল-মিটিংয়ে অংশ না নিলে শিক্ষার্থী ও স্থানীয়দের ধরে এনে এই প্রতিষ্ঠানে মারধরসহ নানামুখী নির্যাতন চালানো হতো। তাদের দাবি, এটি মূলত কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, বরং একটি রাজনৈতিক ‘টর্চার সেল’।

তৎকালীন সময়ে প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরীকে কলেজটির অফিস সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। গোয়ালঘরসদৃশ এমন একটি প্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় সরকারি হওয়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, যোগ্যতার তোয়াক্কা না করে নামমাত্র প্রক্রিয়ায় হাতে গোনা কয়েকজন শিক্ষক বাদে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরই এই প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছিল। যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতাও এই কলেজে শিক্ষকতা করছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান প্রেক্ষাপটে যুবলীগ নেতা প্রভাষক কামরুল ইসলাম, আশরাফুল আলম, মেহেদি হাসান রাসেল এবং উপজেলা যুবলীগের সভাপতির ভাই অফিস সহকারী পারভেজসহ অনেকেই পলাতক রয়েছেন।

তবে অভিযোগ উঠেছে, পলাতক থাকা সত্ত্বেও ওই শিক্ষকদের হাজিরা খাতায় অন্য শিক্ষকেরা প্রতিদিন প্রক্সি (বিকল্প) স্বাক্ষর দিয়ে আসছেন। এর ফলে, কর্মস্থলে উপস্থিত না থেকেও তারা নিয়মিত বেতন-ভাতা তুলছেন। সার্বিক অব্যবস্থাপনার কারণে কলেজটিতে পড়াশোনার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে আসে না, আবার কিছু প্রভাষকের নিজ পদের বিপরীতে সংশ্লিষ্ট বিষয়ে কোনো শিক্ষার্থীই নেই।

এ বিষয়ে বক্তব্য নিতে চারবাড়ীয়া সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক (স্কুল ও কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত) ইসরাত জাহান ফরিদা ইয়াসমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে, এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ এম


মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১

রাজধানীর মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে এজেআর কুরিয়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কাজ করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ৮টা ৪০ মিনিটের মধ্যে পল্লবী থানার সেকশন-৬, ব্লক-সি, এভিনিউ-৪-এর ১২ নম্বর বাড়ির পাশে এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কুরিয়ার সার্ভিসের বিভিন্ন শাখার সামনে একটি চক্র এই বিস্ফোরণ ঘটাচ্ছে। চক্রটিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

ওসি আরও জানান, ঘটনাস্থলে পল্লবী থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঘটনার পরপরই পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে আব্দুল্লাহ আল ফাহিম ও আব্দুল্লাহ আল হাসিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ এম


যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে আব্দুল্লাহ আল ফাহিম ও আব্দুল্লাহ আল হাসিব

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোকচিত্রবিষয়ক সংগঠন ‘যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৭ মেয়াদের জন্য গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসিব।

সোমবার (২ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ রাফিউল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়। এই কমিটি আগামী এক বছর সংগঠনটির সাংগঠনিক ও আলোকচিত্রবিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার হোসেন সানি ও রবিউল ইসলাম শিমুল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম ও অপূর্ব দেবনাথ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারদিন ইবনে করিম সামি ও মোছা. আরিফুন নাহার অর্নি। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন অরিত্র বিশ্বাস এবং সহকোষাধ্যক্ষ হয়েছেন প্রাপ্তি দেবনাথ।

এছাড়া ক্রিয়েটিভ টিমের প্রধান হিসেবে সাজ্জাদ হোসাইন রুপম, অফিস সম্পাদক হিসেবে মো. নূর হাসান সায়েম ও উম্মে মারিয়াম জেবা, ইভেন্ট কো-অর্ডিনেটর হিসেবে মাইশা ফাহমিদা বিভা, জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে সিয়াম মিনহাজ এবং সহকারী জনসংযোগ প্রধান হিসেবে হাসান ইবনে নূর দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে আইটি বিভাগের প্রধান হয়েছেন মোবাশশির খান মাহিন, মিডিয়া ও প্রকাশনা বিভাগের প্রধান মুশফিকুর রহমান, সিনে-উইংয়ের প্রধান সিমান্ত বিশ্বাস এবং সহকারী সিনে-উইং প্রধান হয়েছেন লিখন রুবায়েত। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ঐশী বিশ্বাস, শান্তনু ঢালী, মায়মুনা ইসলাম রত্না ও মতিউর রহমান খান।

নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম মন্তব্য করেন, ‘ফটোগ্রাফি শুধু ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নয়। এটি একটি বিশ্বজনীন ভাষা। আপনি পৃথিবীর যে দেশের নাগরিকই হোন না কেন, যে ভাষাতেই কথা বলুন না কেন, একটি ছবির ভাষা বুঝতে সাধারণত কোনো অসুবিধা হয় না। ছবির ভাষা সবাই সহজেই বুঝতে পারলেও সেই ভাষায় কথা বলতে পারেন বা আগ্রহ দেখান খুব কম মানুষই।’

তিনি আরও বলেন, ‘যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের ফটোগ্রাফির দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে বিভিন্ন ওয়ার্কশপ, ফটোওয়াক, জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আলোকচিত্রের মাধ্যমে বিশ্বকে নতুনভাবে দেখানোর উদ্দেশ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। আমরাও আমাদের নতুন কমিটি একই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%