০৭:৪৫ পি.এম
চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের সন্ত্রাসবিরোধী মিছিলে হামলার অভিযোগ উঠেছে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, যারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত। এই হামলায় যুবদলের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার পাশাপাশি তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ঘটনাটি শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রামে সংঘটিত হয়।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে নানুপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে একটি সন্ত্রাসবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি বিনাজুরী আমতলী ও কিপাইত নগর লম্বা টিলা বাজার প্রদক্ষিণ করে শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ আইনগতভাবে বন্দি প্রত্যর্পণ: শিশির মনির
হামলার শিকার নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, ওই সময় মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের কর্মীরা মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় যুবদলের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হন। হামলার সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিনি ও বখতিয়ারের নাম জানা গেছে। ঘটনার পর তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়ির সামনে বিক্ষোভ করেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন: ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, পুলিশ সদরদপ্তরের বক্তব্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন