বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং
০৫:৫৬ পি.এম
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্য, ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় গণমাধ্যম ও ডিজিটাল বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি উল্লেখ করেন, অপতথ্য মোকাবিলা করতে শুধুমাত্র আইন প্রণয়ন যথেষ্ট নয়; মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও অত্যন্ত জরুরি। বিশেষ করে শিক্ষার্থী, অভিভাবক এবং বয়স্ক ব্যক্তিদের তথ্য যাচাইয়ের বিষয়ে শিক্ষা দিতে হবে।
আজ রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (এমআইএল) উইক ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, ভুল তথ্য, অপতথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কেবল বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। বিশেষ করে রাজনীতির সঙ্গে যুক্ত এসব তথ্য সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে গণমাধ্যম ও ডিজিটাল বিষয়ে মানুষের সচেতনতা প্রয়োজনের তুলনায় অনেক কম থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
তিনি বলেন, অপতথ্য মোকাবিলায় সরকার যৌক্তিক আইনি কাঠামো তৈরির উদ্যোগ নেবে। কিন্তু আইন প্রণয়নের পাশাপাশি মানুষকে শিক্ষিত ও সচেতন করার বিষয়টিও গুরুত্ব সহকারে নিতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বয়স্কদের অসচেতনতার প্রসঙ্গ তুলে ধরে উপদেষ্টা বলেন, দেশের অনেক শিক্ষিত অবসরপ্রাপ্ত ব্যক্তিও যখন কোনো খবরের উৎস জানতে চান, তখন তারা বলেন, তারা ফেসবুক থেকে সেটি পেয়েছেন। প্রয়োজনীয় জ্ঞান ছাড়াই বয়স্ক ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমের সংস্পর্শে এসেছেন। এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেও একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, সত্য সব সময় স্বস্তিদায়ক হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম’ পঙক্তি উল্লেখ করে তিনি বলেন, সত্য জানতে চাইলে কখনো কখনো অস্বস্তিকর তথ্যও মেনে নিতে হয়। কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অনেক জায়গা রয়েছে, যেখানে মানুষ নিজের পছন্দমতো তথ্য পেতে পারে।
ডা. জাহেদ উর রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে প্রবেশের সঙ্গে সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে। অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠান এআইয়ের জন্য নিয়ন্ত্রণব্যবস্থা ও সুরক্ষাব্যবস্থা তৈরির পক্ষে কথা বলছে। তবে কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে বলে আলোচনা রয়েছে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতির গুরুত্ব বুঝে বাংলাদেশসহ সব দেশকে এ বিষয়ে কাজ করতে হবে। অপতথ্য মোকাবিলায় শুধু দেশের ভেতরে উদ্যোগ নিলেই হবে না, বৈশ্বিক পর্যায়েও যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমের কারণে সঠিক তথ্য ছড়ানো কঠিন উল্লেখ করে শোশানা জুবফের বইয়ের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম মানুষের রাগ, ক্ষোভ ও প্রতিশোধস্পৃহাসহ নেতিবাচক আবেগকে গুরুত্ব দেয়। ফলে খারাপ খবর ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়লেও তথ্য যাচাই এবং সঠিক তথ্য প্রচার একইভাবে মানুষের কাছে পৌঁছায় না।
তিনি বলেন, অপতথ্য ছড়িয়ে পড়ার পর তা মোকাবিলার চেয়ে আগে থেকেই মানুষকে সচেতন করা বেশি জরুরি। কোনো তথ্য বিশ্বাস বা প্রচার করার আগে তার সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গণমাধ্যম ও তথ্য বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সময়োপযোগী উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়টি এমআইএল সপ্তাহ পালন করছে, যা প্রশংসনীয়। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোরও এ ধরনের উদ্যোগ নেওয়া উচিত।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের পাশাপাশি মা-বাবা ও বয়স্ক আত্মীয়স্বজনকেও তথ্য যাচাইয়ের বিষয়ে সচেতন করতে হবে। কারণ, তাদের অসচেতনতা অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ছড়িয়ে পড়ার অন্যতম সুযোগ তৈরি করে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, বাংলাদেশে ইউনেস্কোরের প্রধান ড. সুজান ভাইজ প্রমুখ। অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন অধ্যাপক দিলারা বেগম।
এসময় বিভিন্ন অনুষদের ডিন, ইউনেস্কো প্রতিনিধি, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ করার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ প্রদান করে।
দুদকের উপপরিচালক আফনান জান্নাত কেয়া আদালতে এই আবেদনটি করেন।
এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে প্রতিবন্ধীদের সহায়তার উদ্দেশ্যে সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রায় সাড়ে ৪শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে দুদক। মামলায় ৯৩০ কোটি টাকার বেশি মানিলন্ডারিংয়ের অভিযোগও আনা হয়েছে। এই অর্থ আত্মসাতের সাথে জড়িত হিসেবে সাবেক মন্ত্রী, এমপি, এনবিআর চেয়ারম্যান এবং ব্যবসায়ীসহ ৩৫ জনের দায়িত্ব চিহ্নিত করেছে সংস্থাটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদল চীনের হুবেই প্রদেশের শিক্ষা বিভাগের সাথে শিক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি বৈঠক আয়োজন করেছে।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ চীনের হুবেই প্রভিন্সিয়াল ডিপার্টমেন্ট অব এডুকেশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেক। প্রতিনিধিদলে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ফারহান ইশতিয়াকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
হুবেই প্রদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন হুবেই প্রভিন্সিয়াল ডিপার্টমেন্ট অব এডুকেশনের উপ-মহাপরিচালক দুয়ান জুহুই।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বৈদেশিক সহযোগিতা ও বিনিময় বিভাগের চতুর্থ স্তরের গবেষক ওয়াং লিয়াং, বৈদেশিক বিনিময় সেবা কেন্দ্রের উপপরিচালক হু বো এবং চীনা দোভাষী লি জুয়েজিয়া।
বৈঠকের সভাপতিত্ব করেন দুয়ান জুহুই। তিনি তার স্বাগত বক্তব্যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় হুবেইয়ের সক্ষমতা তুলে ধরেন।
তিনি জানান, বর্তমানে হুবেইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। হুবেই প্রদেশ বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও শিক্ষা সংশ্লিষ্টদের স্বাগত জানাতে আগ্রহী।
এছাড়া, তিনি শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সাথে বহুমুখী শিক্ষা সহযোগিতা গভীর করার ইচ্ছা প্রকাশ করেন।
বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নের অগ্রাধিকারের দিকগুলো তুলে ধরে সিনিয়র সচিব আবদুল খালেক বলেন, ফলোআপ সহযোগিতা ত্বরান্বিত করতে এবং যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নে উভয় পক্ষের একটি ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষর করা উচিত।
তিনি শিক্ষার্থী বিনিময় ও শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি প্রসারিত করা এবং হুবেইয়ে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, ভবিষ্যৎ সংলাপ ও সহযোগিতার জন্য হুবেইয়ের প্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।
বৈঠকে উভয় পক্ষ শিক্ষা সহযোগিতা বাস্তবায়নের বিভিন্ন বাস্তবসম্মত উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করে। তারা বাংলাদেশ ও হুবেই প্রদেশের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ একাডেমিক প্রকল্পগুলো এগিয়ে নিতে সম্মত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় নিহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিলের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে গঠিত প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে কেন্দ্রীয় সংসদের নেতারা প্রথমে উপজেলার খামার চাঁচকৈড় কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে শাকিলের কবর জিয়ারত করেন। এরপর কেন্দ্রীয় ছাত্রদল নেতারা শাকিলের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এসময় ছাত্রদল সভাপতি শাকিল হত্যার পেছনে যারা ইন্ধন ও অর্থ যোগানদাতা, তাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।
ছাত্রদল নেতাদের উপস্থিতির সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলসহ জেলা বিএনপির নেতারা শাকিলের বাসায় আসেন।
এসময় প্রতিমন্ত্রী পুতুল বলেন, "এই হত্যার সাথে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।" হত্যার বিষয়ে তথ্য প্রদানে সবার সহযোগিতা চান প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, গত ১৪ আক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী সন্ত্রাসীরা শাকিলকে প্রথমে গুলি করে এবং পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সেখান থেকে শাকিলকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল থেকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে শাকিল মারা যান।
শাকিল ইসলাম হত্যার ঘটনায় নাটোর-৪ আসনের বিএনপি দলীয় এমপি আব্দুল আজিজের পুত্র নুরুজ্জামান মিন্টুকে ২৬ অক্টোবর রাতেই ডিবি পুলিশ গ্রেফতার করে। আদালত ২৭ অক্টোবর মিন্টুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিন্টু বর্তমানে রিমান্ডে রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : বাংলাদেশের কিশোররা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে। আজ কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে পরাজিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন পাভেল। বাকি দুটি গোল এসেছে বায়জিদ ও শাবকের পা থেকে।
ম্যাচের ৯ মিনিটে বায়জিদের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। বিরতির পর ২৪ মিনিটে পাভেল ব্যবধান দ্বিগুন করেন। ৩৪ মিনিটে শাবক দলের হয়ে তৃতীয় গোল করেন। দুই মিনিট পর পাভেল নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে বড় জয় এনে দেন।
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এই ছোটদের বিশ্বকাপে ১৯১টি দেশ অংশগ্রহণ করছে। বাছাই পর্বের খেলায় বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম স্থান অর্জন করেছিল। পঞ্চম স্থানে থাকা ৩২ দল নিয়ে ‘ই’ টায়ারের নক আউট পর্ব চলছে। সেখানে বাংলাদেশ তিনটি ম্যাচ জিতে সেমিফাইনালে উন্নীত হয়েছে। প্রথমবারের মত আয়োজিত এই আসরে ফিফা ছয় টায়ারে ছয় চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ