ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ডায়ালাইসিস মেশিন কেনায় ছয় বছরের বিলম্ব, শেষ মুহূর্তে এইচডিএফ যুক্ত করার চেষ্টা


ডায়ালাইসিস মেশিন কেনায় ছয় বছরের বিলম্ব, শেষ মুহূর্তে এইচডিএফ যুক্ত করার চেষ্টা

উৎপাদনস্থল, প্রযুক্তির উৎস ও বিক্রয়োত্তর সেবা নিয়ে প্রশ্ন, মেশিনের অপেক্ষায় রোগীরা

কিডনি বিকল রোগীদের বেঁচে থাকার জন্য নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন। সপ্তাহে দুই থেকে তিনবার এই চিকিৎসা নিতে হয় অনেক রোগীকে। কিন্তু দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনের তুলনায় ডায়ালাইসিস মেশিনের সংখ্যা কম রয়েছে। মেশিনের অভাবে চিকিৎসা নিতে গিয়ে রোগীরা ভোগান্তিতে পড়ছেন। অনেক রোগীকে জেলা থেকে রাজধানী কিংবা দূরের হাসপাতালে যেতে হচ্ছে।

এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলোর ডায়ালাইসিস-সেবা সম্প্রসারণের জন্য ১ হাজার ৩০টি হেমোডায়ালাইসিস (এইচডি) মেশিন কেনার উদ্যোগ নিয়েছে সরকার। তবে প্রায় ছয় বছর আগে নেওয়া এই উদ্যোগ এখনো বাস্তবায়িত হয়নি। এর মধ্যে দুই দফা দরপত্র বাতিল হয়েছে। বর্তমানে তৃতীয় দফার দরপত্রের চূড়ান্ত পর্যায়ে এসে সাধারণ এইচডি মেশিনের পাশাপাশি অধিক ব্যয়বহুল রক্ত পরিশোধনের উন্নত পদ্ধতি হেমোডায়াফিলট্রেশন (এইচডিএফ) প্রযুক্তির মেশিন অন্তর্ভুক্তির চেষ্টা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন: সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী

সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, দরপত্রের শেষ পর্যায়ে বিশেষ একটি প্রযুক্তিকে গুরুত্ব দেওয়ার তৎপরতা চলছে। এতে প্রতিযোগিতা সীমিত হওয়ার পাশাপাশি প্রকল্পের ক্রয়মূল্য ও দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয় বেড়ে যেতে পারে।

অন্যদিকে এইচডিএফ প্রযুক্তির আলোচনায় আসা তুরস্কের সঙ্গে সংশ্লিষ্ট ইউনিমেডের ইউডিআইএ এইচডিএফ২ মেশিনের উৎপাদনস্থল, প্রযুক্তিগত উৎস এবং বিক্রয়োত্তর সেবা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে ১ হাজার ৩০টি মেশিন কেনার এই প্রকল্পে স্বচ্ছতা, কারিগরি যোগ্যতা ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ১৫টি মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯০টি এবং ৪০টি জেলা হাসপাতালে ৪৪০টি মেশিন স্থাপনের কথা রয়েছে। এর মাধ্যমে জেলা পর্যায়ে ডায়ালাইসিস-সুবিধা বাড়ানো এবং রাজধানীকেন্দ্রিক চিকিৎসার ওপর চাপ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রথম দফার দরপত্র ২০২৪ সালের ১৭ অক্টোবর জমা ও খোলার কথা ছিল। কিন্তু পরে তা বাতিল করা হয়। দ্বিতীয়বার দরপত্র আহ্বানের পরও ক্রয়প্রক্রিয়া সম্পন্ন হয়নি। দুই দফা দরপত্র বাতিলের নির্দিষ্ট কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: রাজধানীতে হৃদরোগীদের উন্নত সেবা নিশ্চিতে ২০তম বৈজ্ঞানিক সেমিনার

তৃতীয় দফায় দরপত্র আহ্বানের ক্ষেত্রে কারিগরি শর্ত যথাসম্ভব ব্র্যান্ড-নিরপেক্ষ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর ফলে ইউরোপ, জাপান, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশের যোগ্য প্রস্তুতকারকেরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এতে সরকারের ক্রয়ব্যয় কমানোর পাশাপাশি উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের সুযোগ তৈরি হওয়ার কথা। কিন্তু দরপত্রের শেষ পর্যায়ে নতুন প্রযুক্তি অন্তর্ভুক্তির আলোচনা প্রকল্পের মূল উদ্দেশ্য ও কারিগরি শর্ত নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

সাধারণ এইচডির প্রকল্পে এইচডিএফ কেন?: এইচডিএফ একটি উন্নত ডায়ালাইসিস পদ্ধতি। এতে প্রচলিত হেমোডায়ালাইসিসের পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় রক্ত থেকে কিছু অতিরিক্ত বর্জ্য পদার্থ অপসারণ করা হয়। নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে চিকিৎসকের মূল্যায়ন অনুযায়ী এ পদ্ধতি উপযোগী হতে পারে। তবে এটি পরিচালনার জন্য উন্নত অবকাঠামো ও কঠোর মাননিয়ন্ত্রণ প্রয়োজন।

বিশেষ করে অনলাইন এইচডিএফ চিকিৎসায় উচ্চমানের পানি পরিশোধনব্যবস্থা, জীবাণুমুক্ত ও জ্বরসৃষ্টিকারী পদার্থমুক্ত তরল, বিশেষ ছাঁকনি, নিয়মিত পানির মান পরীক্ষা এবং প্রশিক্ষিত জনবল প্রয়োজন। এসব ব্যবস্থা নিশ্চিত না হলে শুধু আধুনিক মেশিন কিনে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশ্ন, সরকারি হাসপাতালগুলোতে যেখানে সাধারণ এইচডি সেবাই এখনো পর্যাপ্ত নয়, সেখানে প্রকল্পের চূড়ান্ত পর্যায়ে অধিক ব্যয়বহুল প্রযুক্তি অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা কী? এই প্রযুক্তির জন্য অতিরিক্ত ব্যয় করলে একই বাজেটে আরও বেশি সাধারণ এইচডি মেশিন কেনা ও সচল রাখা সম্ভব কি না, সেটিও বিবেচনায় নেওয়া উচিত।

আরও পড়ুন: ‘প্রসবকালীন নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের ভূমিকা গুরুতপূর্ণ’

বিশেষজ্ঞদের মতে, এইচডিএফ অন্তর্ভুক্তির আগে স্বাধীন চিকিৎসাবৈজ্ঞানিক মূল্যায়ন, রোগীর প্রয়োজন নিরূপণ এবং ব্যয়-সুবিধা বিশ্লেষণ প্রকাশ করা জরুরি। প্রযুক্তিগত উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে তা যেন বৃহত্তর জনগোষ্ঠীর চিকিৎসাসুবিধা সম্প্রসারণের লক্ষ্যকে বাধাগ্রস্ত না করে।

ইউনিমেডের উৎপাদনস্থল নিয়ে প্রশ্ন

এইচডিএফ প্রযুক্তির আলোচনায় ইউনিমেডের ইউডিআইএ এইচডিএফ২ মেশিনের নাম সামনে এসেছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে মেশিনটিকে অনলাইন এইচডিএফ মেশিন হিসেবে উপস্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠানটি নিজেদের প্রস্তুতকারক ও সরবরাহকারী হিসেবে পরিচয় দিলেও তুরস্কের ঠিকানাটি ‘তুরস্ক কার্যালয়’ হিসেবে উল্লেখ করেছে। প্রকৃত ঠিকানা হচ্ছে- শেনলিকয় মহল্লা, ইয়েশিলকয় হালকালি সড়ক ৯৩/২, বাকিরকয়, ইস্তাম্বুল। এ ঠিকানা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: সিলেট ও ময়মনসিংহে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

তাঁদের বক্তব্য, একই সড়কের ৯৩ নম্বর ঠিকানায় অ্যাকোয়া ফ্লোরিয়া নামের বিপণিবিতানের অবস্থান উল্লেখ রয়েছে। এ জন্য প্রতিষ্ঠানের প্রকৃত উৎপাদনস্থল সরেজমিনে পরিদর্শন, কারখানার নিবন্ধন, উৎপাদন অনুমতিপত্র, চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের আন্তর্জাতিক মানসংক্রান্ত সনদ (আইএসও ১৩৪৮৫), পণ্যের নিয়ন্ত্রক অনুমোদন এবং প্রস্তুতকারকের প্রামাণ্য নথি পরীক্ষা করা জরুরি। এ ছাড়া ইউডিআইএ এইচডিএফ২ মেশিনের বাহ্যিক নকশা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্যের সঙ্গে চীনের এসডব্লিউএস-৬০০০ মেশিনের মিল রয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, ইউডিআইএ এইচডিএফ২ মূলত এসডব্লিউএস-৬০০০-এর পুনঃনামকরণ করা সংস্করণ হতে পারে।

আগের মেশিনগুলোর অভিজ্ঞতা কী: সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাংলাদেশে সরকারি কর্মচারী হাসপাতালে ইউডিআইএ এইচডিএফ২-এর চীনা সংস্করণের প্রায় ১৫টি মেশিন স্থাপন করা হয়েছিল। বর্তমানে সেগুলোর কোনোটিই সচল নেই বলে অভিযোগ রয়েছে। সরকারি হাসপাতালের একটি ডায়ালাইসিস মেশিন শুধু কেনা ও স্থাপন করলেই দায়িত্ব শেষ হয় না। নিয়মিত রোগীর চিকিৎসা নিশ্চিত করতে মেশিন সচল রাখা, প্রশিক্ষিত কারিগরি জনবল, স্থানীয় মেরামত ও রক্ষণাবেক্ষণসেবা এবং যন্ত্রাংশের সহজলভ্যতা অপরিহার্য।

আগে নিয়মিত চিকিৎসা, পরে প্রযুক্তির সম্প্রসারণ: মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে উন্নত স্বাস্থ্যব্যবস্থা ও স্বাস্থ্যবিমার আওতায় ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এসব দেশেও সাধারণ হেমোডায়ালাইসিস কিডনি বিকল রোগীদের চিকিৎসার অন্যতম প্রধান পদ্ধতি। অর্থাৎ উন্নত স্বাস্থ্যব্যবস্থার দেশগুলোতেও সাধারণ এইচডির গুরুত্ব কমেনি।

বাংলাদেশের বাস্তবতায় প্রথম অগ্রাধিকার হওয়া উচিত সাশ্রয়ী ও নিয়মিত ডায়ালাইসিস নিশ্চিত করা। কারণ, মেশিনের অভাবে চিকিৎসা ব্যাহত হলে রোগীর জীবন ঝুঁকির মুখে পড়ে। জেলা পর্যায়ে পর্যাপ্ত মেশিন স্থাপন করা গেলে বহু রোগীর যাতায়াতের দুর্ভোগ ও চিকিৎসার ব্যয় কমানো সম্ভব।

আরও পড়ুন: আগামীকাল পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মেশিন কেনার ক্ষেত্রে শুধু ক্রয়মূল্য নয়, পাঁচ থেকে দশ বছরের পুরো কার্যকালীন ব্যয় হিসাব করা উচিত। এর মধ্যে চিকিৎসাসামগ্রী, যন্ত্রাংশ, মেরামত, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি একাধিক ব্র্যান্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনুমোদিত চিকিৎসাসামগ্রী ব্যবহারের সুযোগ থাকলে দীর্ঘমেয়াদে মূল্য প্রতিযোগিতা বজায় রাখা সম্ভব।

এ বিষয়ে প্রকল্প পরিচালক ডা. এহসানুল করিম বলেন, তাঁরা যথাযথ পদক্ষেপ নিচ্ছেন। এর বাইরে তিনি মন্তব্য করতে রাজি হননি।

সব মিলিয়ে ১ হাজার ৩০টি ডায়ালাইসিস মেশিন কেনার উদ্যোগটি এখন শুধু একটি সরকারি ক্রয়প্রক্রিয়া নয়; এটি দেশের হাজারো কিডনি রোগীর নিয়মিত চিকিৎসা পাওয়ার সঙ্গে জড়িত। দরপত্রে কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা প্রযুক্তিকে সুবিধা না দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা, নিরপেক্ষ কারিগরি মূল্যায়ন এবং প্রস্তুতকারকের সক্ষমতা যাচাই নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে এইচডিএফ প্রযুক্তি যুক্ত করার যৌক্তিকতা ও অতিরিক্ত ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশ করা উচিত।

কারণ, সরকারি অর্থে কেনা মেশিনের সাফল্য শুধু কতটি যন্ত্র কেনা হলো, তা দিয়ে নির্ধারিত হবে না। বরং কতটি মেশিন বছরের পর বছর সচল থাকল এবং কতজন রোগী নিয়মিত ডায়ালাইসিসের সুযোগ পেলেন, সেটিই হবে প্রকৃত সাফল্যের মাপকাঠি।

আরও পড়ুন: হামের উপসর্গ ও ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৭ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ফারুক হোসেন, টঙ্গী (গাজীপুর)

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় কমাতে গাজীপুরের টঙ্গীতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে চাল পাবেন পোশাকশ্রমিকরা। গাজীপুরের মোট ৩০টি পোশাকশিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা এ সুবিধার আওতায় আসবেন। কর্মসূচিটি প্রতি সপ্তাহে এক দিন করে চলমান থাকবে। জাবের এন্ড জোবায়ের পোশাকশিল্পে প্রাথমিকভাবে ৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা ১০ কেজি করে মোট ৫০০ জন শ্রমিকের মধ্যে বিতরণ করা হয়েছে । শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় টঙ্গীর বিসিক শিল্পাঞ্চলে জাবের এন্ড জোবায়ের গার্মেন্টসের নিচতলার কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফি আফজালুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জাবের এন্ড জোবায়ের গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল্লাহ জুবায়ের, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান নূর ভিপি আসাদ,এবং টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম, কালীগঞ্জ খাদ্র অফিসের ইন্সপেক্টর শারমিনআরা নিপা, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমান প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী মহসিন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ এ ওএমএস কর্মসূচির আওতায় গাজীপুরের মোট ৩০টি পোশাকশিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল কেনার সুযোগ দেওয়া হবে। প্রতি সপ্তাহে নির্ধারিত এক দিন এসব প্রতিষ্ঠানে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচিটি এককালীন নয়, বরং নিয়মিতভাবে চলমান থাকবে। একজন শ্রমিক মাসে একবার ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন। জাবের জোবায়ের গার্মেন্টসের জন্য বরাদ্দ করা ৫ হাজার কেজি চাল প্রতিজন শ্রমিকের মধ্যে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে । প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা হিসাবে একজন শ্রমিক ১০ কেজি চাল কিনতে পারবেন ৩০০ টাকায়। সে হিসাবে প্রাথমিক বরাদ্দে প্রতিষ্ঠানটির ৫০০ জন শ্রমিক এ সুবিধা পাবেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি পোশাকশ্রমিকদের হাতে চাল তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষের খাদ্যব্যয় কমানো এবং স্বল্প আয়ের পোশাকশ্রমিকদের সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী পাওয়ার সুযোগ সৃষ্টিতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালে ফারহানের ৫৩ রানের ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালে ফারহানের ৫৩ রানের ঝড়

এবিজি ইউনিভার্সিটি কাপের টসে হারার পরও ব্যাটিংয়ে নেমে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ঝড় তুলতে সক্ষম হয়েছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন ওপেনার ফারহান জানি এবং শাবাব জামিল ফেরদৌস।

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের ইনিংস শুরু করার সময় সোনারগাঁও ইউনিভার্সিটির বোলারদের ওপর দাপট দেখাতে শুরু করেছেন ফারহান ও শাবাব। তারা দুজনে মিলে ইতিমধ্যে ৯০ রানের একটি অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। ওভার শেষ ১০।

ফারহান সোনারগাঁওয়ের বোলারদের বিরুদ্ধে বেশি আক্রমণাত্মক ছিলেন। তিনি ২০০ ছুঁই ছুঁই স্ট্রাইকরেটে ফিফটি অর্জন করেছেন। তার ৫৩ রানের ইনিংসটি ১টি চার এবং ৬টি ছক্কায় সাজানো। অপরদিকে, দলের অধিনায়ক শাবাব ২টি ছক্কা ও ৩টি চারে ৩৫ রানে অপরাজিত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে জ্বিনের ভয় দেখিয়ে কিশোরীকে অন্ধকার ঘরে নেন খতিব, অতঃপর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


মুন্সীগঞ্জে জ্বিনের ভয় দেখিয়ে কিশোরীকে অন্ধকার ঘরে নেন খতিব, অতঃপর গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. রেজাউল বারী (৪৭) নামে এক মসজিদের খতিবকে। অভিযোগ রয়েছে, তিনি জ্বিনের আসর তাড়ানোর কথা বলে কিশোরীকে অন্ধকার ঘরে নিয়ে যান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে শ্রীনগর বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রেজাউল বারী শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামে অবস্থিত।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, অসুস্থ কিশোরীর ওপর জ্বিনের প্রভাব রয়েছে এমন ধারণা থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বর তার পরিবার খতিব রেজাউল বারীর কাছে যান। এ সময় তিনি কিশোরীকে তাবিজ-কবজ দেন। কিছুদিন সুস্থ বোধ করার পর কিশোরী আবার অসুস্থ হয়ে পড়ে।

পরে খতিবের সঙ্গে যোগাযোগ করার পর তার পরামর্শে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরীকে নিয়ে শ্রীনগর বাজার এলাকায় তার ভাড়া বাসায় যান মা-বাবা। সেখানে খতিব কিশোরীকে একটি কক্ষে নিয়ে গিয়ে ঘর অন্ধকার করে দেন, জ্বিন হাজির করার কথা বলে।

কিশোরীর মা-বাবার অভিযোগ, এ সময় জ্বিন তাড়ানোর নামে বিভিন্ন কৌশলে খতিব কিশোরীকে জোরপূর্বক যৌন নিপীড়ন করেন। পরে রাতেই তারা শ্রীনগর থানায় অভিযোগ করেন।

শ্রীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মিল্টন দত্ত জানান, ভুক্তভোগী কিশোরীর জবানবন্দির ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রেজাউল বারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বাংলাদেশ: হুইপ দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বাংলাদেশ: হুইপ দুলু

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি উল্লেখ করেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। ধর্মীয় পরিচয়ে ভিন্নতা থাকলেও জাতীয় পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বা বৈষম্য নেই। ধর্ম যার যার, বাংলাদেশ সবার।’

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নাটোরে বাংলাদেশ মন্দির কমিটি জেলা শাখার আয়োজনে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, ‘আমাদের ঠিকানা বাংলাদেশ, আমাদের অস্তিত্ব বাংলাদেশ। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে বাংলাদেশ জড়িয়ে আছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের পরিচয়। এই পরিচয় ধারণ করেই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটির সভাপতি তপন চৌধুরী হাবু, সাধারণ সম্পাদক সুজিত ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%