ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বড় নয়: জুলিয়েট স্টিভেনসন


ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বড় নয়: জুলিয়েট স্টিভেনসন

ব্রিটিশ অভিনেত্রী জুলিয়েট স্টিভেনসন স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি ফিলিস্তিনি শিশুদের জীবনের তুলনায় নিজের অভিনয়জীবন বা ক্যারিয়ারকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন না। গাজায় ইসরাইলের সামরিক অভিযানে শিশুদের ভয়াবহ দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে যদি কেউ তার সঙ্গে কাজ করতে না চান, তাতেও তার কোনো আপত্তি নেই। তার কাছে ফিলিস্তিনি শিশুদের জীবন ক্যারিয়ারের চেয়ে অনেক বেশি মূল্যবান।

৬৯ বছর বয়সি এই অভিনেত্রী কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারটির শিরোনাম ছিল ‘জুলিয়েট স্টিভেনসন অন গাজা: আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড বাই দ্য সাইলেন্স ইন মাই ইন্ডাস্ট্রি’।

সাক্ষাৎকারে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তার পেশাগত জীবনে সম্ভাব্য প্রভাব সম্পর্কে প্রশ্ন করা হলে স্টিভেনসন বলেন, যদি তার বক্তব্য কারো পছন্দ না হয়, তবে সেই ব্যক্তি তার সঙ্গে কাজ করতে না চাইতেই পারেন। এমনকি নিজের বিশ্বাসের জন্য পেশাগতভাবে শাস্তির সম্মুখীন হলেও তিনি মনে করেন, সংশ্লিষ্ট জায়গায় থাকার প্রয়োজন নেই।

আরও পড়ুন: ইরান যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত মেনে আত্মসমর্পণের আহ্বান জানালো

তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি মনে করি না ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বেশি গুরুত্বপূর্ণ। সত্যিই, আমি এমনটা একেবারেই মনে করি না।”

এছাড়া, জীবনের শেষ সময়ে পেছনে ফিরে তাকিয়ে যেন বলতে পারেন, সঠিক সময়ে সঠিক কাজটি করার চেষ্টা করেছিলেন—এটাই তার প্রত্যাশা।

তবে অভিনয় থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। অভিনয়কে তিনি ভালোবাসেন এবং কাজ চালিয়ে যেতে চান। মানুষের কাছে কার্যকরভাবে নিজের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য তার পরিচিতি ও সামাজিক অবস্থানও গুরুত্বপূর্ণ। তবে ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে তিনি এখন পর্যন্ত পেশাগতভাবে কোনো শাস্তির সম্মুখীন হননি। বরং গত বছরে তিনি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি কাজ করেছেন।

গাজার শিশুদের দুর্ভোগে ব্যথিত

আরও পড়ুন: ইরানের অভিযোগ, আইএইএ প্রধানের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ

সাক্ষাৎকারে গাজার শিশুদের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন স্টিভেনসন। তিনি বলেন, পৃথিবীর সব মা-বাবাই তাদের সন্তানদের সমানভাবে ভালোবাসেন। ফিলিস্তিনি মা-বাবারাও তাদের সন্তানদের ঠিক ততটাই ভালোবাসেন, যতটা অন্য দেশের মা-বাবারা নিজেদের সন্তানদের ভালোবাসেন। অথচ তাদের সন্তানদের ওপর যে ভয়াবহ দুর্ভোগ নেমে এসেছে, তা দেখে রাজনীতিবিদেরা কীভাবে নীরব থাকছেন, তা তার বোধগম্য নয়।

স্টিভেনসনের ভাষ্য অনুযায়ী, গাজায় অসংখ্য শিশু তাদের পরিবার হারিয়েছে। অনেক মা-বাবা তাদের সন্তানদের হারিয়েছেন। অপুষ্টিতে ভুগছেন অন্তঃসত্ত্বা নারীরা। তাদের অনেকেই অপরিণত ও অত্যন্ত কম ওজনের সন্তান জন্ম দিচ্ছেন, যাদের বেঁচে থাকাও কঠিন হয়ে পড়ছে।

তিনি আরো বলেন, গাজার অধিকাংশ স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। যেসব হাসপাতালে এখনো চিকিৎসাসেবা চালু রয়েছে, সেখানেও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের তীব্র সংকট রয়েছে। মা ও নবজাতকদের চিকিৎসার সুযোগও সীমিত হয়ে পড়েছে।

গাজার পরিস্থিতি দেখে বিশ্বের যেকোনো মায়ের আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কথা বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: গাজায় গণহত্যার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ মায়েদের সোচ্চার হওয়ার আহ্বান

আলজাজিরার সঙ্গে সাক্ষাৎকারের সময় ফিলিস্তিনি মা-বাবার প্রতি ব্রিটিশ মায়েদের সংহতি জানানোর একটি উদ্যোগ নিয়েও কথা বলেন স্টিভেনসন।

এই উদ্যোগের অংশ হিসেবে তিনি অভিনেত্রী জুডি ডেঞ্চ, মীরা সায়াল, সিয়েনা মিলারসহ শতাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে যুক্তরাজ্যের জনপ্রিয় অনলাইন অভিভাবকত্ববিষয়ক প্ল্যাটফর্ম মামসনেটের প্রতিষ্ঠাতা জাস্টিন রবার্টসকে চিঠি লিখেছিলেন।

তাদের দাবি ছিল, গাজায় আটকে থাকা মাতৃসেবা ক্লিনিকগুলোকে মিসর থেকে প্রবেশের সুযোগ দিতে এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি সংস্থাগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা হোক। বিশেষ করে নারী ও কিশোরীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাসামগ্রী সরবরাহের বিষয়টিও গুরুত্ব পায় তাদের দাবিতে।

আরও পড়ুন: হোয়াইট হাউসে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় লকডাউন

স্টিভেনসন বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ব্রিটিশ মায়েদের সংগঠিত করে গাজার মায়েদের পাশে দাঁড়াতে উৎসাহিত করা। অনেকেই গাজার মানুষের দুর্ভোগ দেখে কিছু করতে চান, কিন্তু কীভাবে এগোবেন তা বুঝতে পারেন না। এই উদ্যোগ তাদের জন্য একটি সুযোগ তৈরি করতে পারে।

ইহুদি পরিবারের সঙ্গে সম্পর্কের কথাও তুলে ধরেন

ফিলিস্তিনের পক্ষে তার দীর্ঘদিনের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে নিজের পারিবারিক পটভূমির কথাও তুলে ধরেন স্টিভেনসন। তিনি জানান, বহু বছর আগে ফিলিস্তিনিদের পরিস্থিতি সম্পর্কে জানার পর থেকেই বিষয়টি তাকে নাড়া দিয়েছিল। তার কাছে এটি চরম অবিচারের একটি উদাহরণ।

স্টিভেনসনের স্বামী হিউ ব্রডি ইহুদি। তার শাশুড়ি হিটলারের নাৎসি শাসনামলে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে শরণার্থী হিসেবে পালিয়ে বেঁচেছিলেন।

আরও পড়ুন: নৌকা থেকে গাইডকে সাগরে ফেলে অট্টহাসিতে ফেটে পড়লেন ইসরাইলি পর্যটক

স্টিভেনসন বলেন, হলোকাস্টের ভয়াবহ পরিণতি এবং ইহুদিদের নিরাপত্তা ও সুরক্ষার প্রয়োজনীয়তা তিনি বোঝেন। ইহুদিবিদ্বেষের ভয়াবহতা সম্পর্কেও তিনি সচেতন। তবে ইসরাইল সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করাকে ইহুদিবিদ্বেষের সঙ্গে এক করে দেখার বিরোধিতা করেন তিনি।

তিনি বলেন, ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বিগ্ন। তবে গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যে সহিংসতা চালানো হচ্ছে, তা ওই অঞ্চলের কারো জন্যই কল্যাণকর নয়।

শিল্পাঙ্গনের নীরবতায় হতাশ

গাজায় চলমান পরিস্থিতি নিয়ে ব্রিটেনের শিল্পী, অভিনেতা ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক পরিচিত ব্যক্তির নীরবতা নিয়েও হতাশা প্রকাশ করেন স্টিভেনসন।

আরও পড়ুন: দুবার পেছানোর পর ক্যামেরুনে ৭ ফেব্রুয়ারি পার্লামেন্ট ও স্থানীয় নির্বাচনের তারিখ ঘোষণা

তিনি বলেন, নিজের শিল্পাঙ্গনসহ সর্বত্র নীরবতা তাকে গভীরভাবে হতাশ করেছে। ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে রাখার প্রবণতা কার্যকর হতে দেখে তিনি উদ্বিগ্ন।

তার ভাষায়, “এই পর্যায়ে নীরব থাকা কোনো নিষ্ক্রিয় অবস্থান নয়। বরং এটি সক্রিয় সিদ্ধান্ত—অন্যায়ের সঙ্গে সহযোগিতা করার সিদ্ধান্ত।”

স্টিভেনসনের মতে, শিল্পী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হলো মানুষের জীবন, অভিজ্ঞতা ও বাস্তবতাকে তুলে ধরা। ফিলিস্তিনের পরিস্থিতির ক্ষেত্রেও তাঁদের সেই দায়িত্ব পালন করা উচিত।

তিনি আরো বলেন, ইতিহাসে নাৎসি জার্মানির সময় যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেননি, তাদের কঠোরভাবে বিচার করা হয়। অথচ বর্তমান সময়ের অন্যায়ের ক্ষেত্রে একই ধরনের নৈতিক অবস্থান নিতে অনেকেই পিছিয়ে থাকছেন।

ভ্যানেসা রেডগ্রেভের ভূমিকার প্রশংসা

ফিলিস্তিনের অধিকার নিয়ে সোচ্চার ব্রিটিশ অভিনেত্রী ভ্যানেসা রেডগ্রেভের ভূমিকাও প্রশংসা করেন স্টিভেনসন। তিনি বলেন, মানবাধিকার রক্ষায় রেডগ্রেভের দীর্ঘদিনের অবস্থান ও প্রতিবাদ শিল্পাঙ্গনের মানুষের জন্য অনুপ্রেরণাদায়ক।

একই সঙ্গে তরুণ শিল্পীদেরও প্রশংসা করেন তিনি, যারা পরিচিতি বা তারকাখ্যাতি না থাকলেও যুদ্ধবিরোধী আন্দোলন ও মানবিক উদ্যোগে যুক্ত রয়েছেন।

ফিলিস্তিনের পক্ষে আন্দোলন অব্যাহত রাখার কারণ ব্যাখ্যা করে স্টিভেনসন বলেন, মানুষের মনোযোগে ফিলিস্তিনের বিষয়টি ধরে রাখা অত্যন্ত জরুরি। গণমাধ্যমে ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রাখা এবং শান্তি ও ন্যায়বিচারের আন্দোলনকে সক্রিয় রাখাই তাঁর লক্ষ্য।

জীবনের একটি ব্যক্তিগত নীতির কথাও জানান তিনি। বলেন, “হতাশা এমন এক বিলাসিতা, যা আমাদের বহন করার সামর্থ্য নেই।”

উল্লেখ্য, জুলিয়েট স্টিভেনসন ব্রিটেনের মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন জগতের পরিচিত অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি মানবাধিকার ও শরণার্থী অধিকার নিয়ে কাজ করেছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরেও লন্ডনে ফিলিস্তিনের পক্ষে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে গাজায় শিশুদের মৃত্যু ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এই অভিনেত্রী।

সূত্র: আলজাজিরা, দ্য গার্ডিয়ান ও আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরের মেঘনায় ভাসছিল অজ্ঞাত শিশুর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


চাঁদপুরের মেঘনায় ভাসছিল অজ্ঞাত শিশুর মরদেহ

চাঁদপুরে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চাঁদপুর লঞ্চ টার্মিনালের পূর্ব পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন জানিয়েছেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক ১৪ বছর বয়সী শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির পরনে শুধু প্যান্ট ছিল এবং আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির মৃত্যুর ঘটনা হয়তো একদিন আগে ঘটে থাকতে পারে। তবে, হতভাগ্য শিশুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেছেন।

এদিকে, নদীতে অজ্ঞাত পরিচয় শিশুর মরদেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে সিআইডি ও পিবিআইয়ের আলাদা দুটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আঙুলের ছাপ ও নমুনা সংগ্রহ করেছে। পরবর্তীতে মরদেহের ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


ফেনীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

 

ফেনী শহরের শহীদ ওয়াজেদ উদ্দিন রোডের (কলোনী গলি) ডানহাম গলি এলাকায় ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির না আহামেদুর রহমান আকাশ(৩০)
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে এ মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মৃত্যুর বিষয় কোন রহস্য রয়েছে কিনা সেটি খতিয়ে দেখছে প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে শাটল ট্রেনের হোসপাইপ কেটেছে নিষিদ্ধ ছাত্রলীগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০০ পি.এম


চট্টগ্রামে শাটল ট্রেনের হোসপাইপ কেটেছে নিষিদ্ধ ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রধান বাহন হিসেবে ব্যবহৃত শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাতে নগরের একটি স্থানে রাখা শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়া হয় বলে জানা গেছে। মধ্যরাতে এই গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কেটে দেওয়ার ফলে শাটল ট্রেনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে নগরে অবস্থানরত শাটল ট্রেনের হোসপাইপ কেটে ফেলে দুর্বৃত্তরা। ট্রেনের ব্রেকিং ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন পরিচালনায় জটিলতা দেখা দেয়। এর ফলস্বরূপ, আজ মঙ্গলবার সকালে শাটল ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ে।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, শাটল ট্রেনের হোসপাইপ হচ্ছে ট্রেনের ব্রেকিং ব্যবস্থার একটি মূল অংশ। এই পাইপ ক্ষতিগ্রস্ত হলে ব্রেকের সঠিক বায়ুচাপ ধরে রাখা এবং পুরো ব্রেকিং-ব্যবস্থা স্বাভাবিক রাখা অসম্ভব হয়ে পড়ে। তাই পাইপ কেটে দেওয়ার ঘটনা কেবল রেলওয়ের আর্থিক সম্পদের ক্ষতি নয়, বরং এটি ট্রেন চলাচলের নিরাপত্তার জন্যও চরম ঝুঁকিপূর্ণ।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হলো এই শাটল ট্রেন। নগরের বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত প্রতিদিন কয়েক দফায় ট্রেন চলাচল করে। ট্রেন চলাচল বিঘ্নিত বা বন্ধ হলে শিক্ষার্থীরা সরাসরি ভোগান্তিতে পড়েন, বিশেষ করে সকালের ক্লাস ও পরীক্ষা নিয়ে তীব্র অনিশ্চয়তার সৃষ্টি হয়।

রেলওয়ের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) তারেক মো. ইমরান বলেন, "রাতে বেশ কয়েকটি ট্রেনের হোসপাইপ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে দ্রুত সেগুলো মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালবাগে নিষিদ্ধ কার্যক্রমে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


লালবাগে নিষিদ্ধ কার্যক্রমে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীর লালবাগ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানার পুলিশ।

গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে একজন হলেন মো. দিপু (৪০), যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কমিটির সভাপতি। অন্যজন হলেন মো. ফারুক (৪৮), যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি।

লালবাগ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) আনুমানিক রাত ১১টা ১৫ মিনিটে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ফারুক পলাতক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদের অন্যতম সহযোগী হিসেবে চিহ্নিত হয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%