ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ফেনীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু


ফেনীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

 

ফেনী শহরের শহীদ ওয়াজেদ উদ্দিন রোডের (কলোনী গলি) ডানহাম গলি এলাকায় ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির না আহামেদুর রহমান আকাশ(৩০)
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে এ মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিরোধে চট্টগ্রামের রাজপথে বিএনপি ও জামায়াতের প্রতিবাদ

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মৃত্যুর বিষয় কোন রহস্য রয়েছে কিনা সেটি খতিয়ে দেখছে প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে শাটল ট্রেনের হোসপাইপ কেটেছে নিষিদ্ধ ছাত্রলীগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০০ পি.এম


চট্টগ্রামে শাটল ট্রেনের হোসপাইপ কেটেছে নিষিদ্ধ ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রধান বাহন হিসেবে ব্যবহৃত শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাতে নগরের একটি স্থানে রাখা শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়া হয় বলে জানা গেছে। মধ্যরাতে এই গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কেটে দেওয়ার ফলে শাটল ট্রেনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে নগরে অবস্থানরত শাটল ট্রেনের হোসপাইপ কেটে ফেলে দুর্বৃত্তরা। ট্রেনের ব্রেকিং ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন পরিচালনায় জটিলতা দেখা দেয়। এর ফলস্বরূপ, আজ মঙ্গলবার সকালে শাটল ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ে।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, শাটল ট্রেনের হোসপাইপ হচ্ছে ট্রেনের ব্রেকিং ব্যবস্থার একটি মূল অংশ। এই পাইপ ক্ষতিগ্রস্ত হলে ব্রেকের সঠিক বায়ুচাপ ধরে রাখা এবং পুরো ব্রেকিং-ব্যবস্থা স্বাভাবিক রাখা অসম্ভব হয়ে পড়ে। তাই পাইপ কেটে দেওয়ার ঘটনা কেবল রেলওয়ের আর্থিক সম্পদের ক্ষতি নয়, বরং এটি ট্রেন চলাচলের নিরাপত্তার জন্যও চরম ঝুঁকিপূর্ণ।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হলো এই শাটল ট্রেন। নগরের বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত প্রতিদিন কয়েক দফায় ট্রেন চলাচল করে। ট্রেন চলাচল বিঘ্নিত বা বন্ধ হলে শিক্ষার্থীরা সরাসরি ভোগান্তিতে পড়েন, বিশেষ করে সকালের ক্লাস ও পরীক্ষা নিয়ে তীব্র অনিশ্চয়তার সৃষ্টি হয়।

রেলওয়ের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) তারেক মো. ইমরান বলেন, "রাতে বেশ কয়েকটি ট্রেনের হোসপাইপ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে দ্রুত সেগুলো মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালবাগে নিষিদ্ধ কার্যক্রমে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


লালবাগে নিষিদ্ধ কার্যক্রমে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীর লালবাগ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানার পুলিশ।

গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে একজন হলেন মো. দিপু (৪০), যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কমিটির সভাপতি। অন্যজন হলেন মো. ফারুক (৪৮), যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি।

লালবাগ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) আনুমানিক রাত ১১টা ১৫ মিনিটে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ফারুক পলাতক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদের অন্যতম সহযোগী হিসেবে চিহ্নিত হয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, একাধিক বিস্ফোরণের শব্দ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, একাধিক বিস্ফোরণের শব্দ

ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। মঙ্গলবার, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে যে, রিয়াদের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। একই সময়, দেশের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে। জোটের পক্ষ থেকে এসব হামলার জন্য ইরান সমর্থিত হুথিদের দায়ী করা হয়েছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্টে এই তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এছাড়া, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হয়, যাতে আকাশপথে হামলার আশঙ্কার কথা জানিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। পরে, দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরেকটি বার্তায় জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।

হুথিদের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর মধ্যে চলমান লড়াইয়ের মধ্যে সৌদি আরবে একের পর এক হামলার ঘটনা ঘটছে। রিয়াদ ইয়েমেনের স্বীকৃত সরকারকে সমর্থন করছে, অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট সরকারের সামরিক অভিযানে বিমান হামলার মাধ্যমে সহায়তা প্রদান করছে।

ইরান সমর্থিত হুথিরা বারবার সৌদি আরবের তেল অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে দেশটির তেল শোধনাগার ও সংরক্ষণাগারগুলো নির্বাচিত হয়েছে।

এর আগে সোমবার, সৌদি আরবের মদিনা অঞ্চলে আবারও ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা হয়। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএকে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলার কারণে সেখানে সীমিত পরিসরে আগুন লাগে। পরে, সেটি নিভিয়ে ফেলা হয়। তবে পাইপলাইনের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে তিনি উল্লেখ করেন। ওই ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর, হরমুজ প্রণালিতে তেহরানের বিধিনিষেধের কারণে সৌদি আরবের তেল রপ্তানির জন্য ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানির অন্যতম পথ হওয়ায়, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে পাইপলাইনটি কয়েকবার হামলার শিকার হয়েছে।

এদিকে, গত রোববার, ইরান সমর্থিত হুথিরা রিয়াদের ব্যবসায়িক এলাকায় হামলার দাবি করেছিল। সৌদি কর্মকর্তারা জানান, ওই হামলার চেষ্টা চলাকালে আকাশ থেকে পড়ে যাওয়া ধ্বংসাবশেষের আঘাতে আরামকো টাওয়ার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশিত ছবিতে রিয়াদ অঞ্চলের উপগভর্নরসহ কয়েকজন কর্মকর্তাকে ভবনটি পরিদর্শন করতে দেখা গেছে। ছবিতে ভবনটির কয়েকটি তলায় ক্ষয়ক্ষতির চিহ্নও দেখা যায়।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই

ঢাকা, ১০ নভেম্বর ২০২৬ : রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই। সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা ও অন্যান্য শারীরিক অসুস্থতায় ভুগছিলেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে কিছুদিন আগে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৭ বছর। ১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন হারুনুর রশীদ।

আবাহনী ক্লাবের প্রতিষ্ঠা ও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন একজন নিবেদিতপ্রাণ, দূরদর্শী ও অভিজ্ঞ সংগঠককে হারালো। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

আজ মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর মরদেহ তাঁর জন্মস্থান লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন হারুনুর রশীদ। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঁচবারের সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সাল পর্যন্ত তিনি ফেডারেশনের নির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করেছেন। ফুটবল ফেডারেশন, আবাহনী ক্লাব ছাড়াও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।

আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও তাঁর পদচারণা ছিল। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার ও এএফসির মর্যাদাপূর্ণ গোল্ডেন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) তাঁকে সেরা সংগঠকের সম্মাননাও প্রদান করেছে। ২০২৩ সালে তিনি প্রথম কায়সার সিনহা সংগঠক পুরস্কার লাভ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%