মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৩৬ পি.এম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহনপুলে যুক্ত তিনটি বিআরটিসি দ্বিতল বাস প্রায় পাঁচ মাসের বকেয়া পরিশোধ না করায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীরা বাসের ট্রিপ কমে যাওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন।
দিনাজপুর বিআরটিসি বাস ডিপো এবং হাবিপ্রবি পরিবহন শাখার সূত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় পরিবহন শাখার সাথে প্রতিমাসে ট্রিপ সংখ্যা অনুযায়ী নির্দিষ্ট অর্থের চুক্তিতে তিনটি দ্বিতল বাস চলাচল করে আসছিল। কিন্তু গত জুন মাস থেকে প্রায় পাঁচ মাসের টাকা বকেয়া হয়ে যাওয়ায় বিআরটিসি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় পরিবহন শাখাকে বাস চলাচল বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছে।
গত ৯ নভেম্বর (সোমবার) তিনটি দ্বিতল বাস বাদ দিয়ে নতুনভাবে বাস চলাচলের সময়সূচি প্রকাশ করে পরিবহন শাখা। এতে বাসের ট্রিপ কমে যাওয়ায় শিক্ষার্থীরা ফেসবুকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত বিআরটিসি বাস অন্তর্ভুক্তির দাবি জানিয়ে ট্রিপ সংখ্যা বাড়ানোর পক্ষে মতামত দিয়েছেন।
বিআরটিসি দিনাজপুর ডিপো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে টিএ ভরত চন্দ্র রায় জানান, জুন মাস থেকে নভেম্বরের ৯ তারিখ পর্যন্ত নিয়মিত এবং জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির কারণে সবমিলিয়ে ২৫ লক্ষ টাকার বেশি বকেয়া রয়েছে। এই কারণে নিয়মিত ট্রিপ চালানো সম্ভব হচ্ছে না।
পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান এ বিষয়ে বলেন, বিআরটিসি বাসের বকেয়া হয়ে যাওয়ায় সাময়িকভাবে চলাচল বন্ধ রয়েছে। প্রশাসন ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত এবং বিআরটিসি বাস পুনরায় চালু করতে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে। আজকের আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে। আলোচনা ফলপ্রসূ হলে আগামীকাল থেকেই পূর্বের শিডিউলে বাস চলাচল শুরু হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূ জ্যোৎস্না বেগম হত্যা মামলায় আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো জহির উদ্দীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: রবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন: আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার ও নুরুন্নাহার।
কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় নিহত হন করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া জাটিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগম (৩০)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাটিয়াপাড়া গ্রামের রবির স্ত্রী কলি আক্তার মাটির চুলায় রান্না করার সময় পার্শ্ববর্তী হাবিবুর রহমানের ঘরে চুলার ধোঁয়া আসে। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগমসহ স্বজনদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে জ্যোৎস্না বেগম মারা যান।
এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি মো. হাবিবুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণের পর আজ আদালত এ রায় ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে লাগা আগুনের ঘটনায় ৭৭ জন শিক্ষার্থীসহ ভর্তি হয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, কারণ ধোঁয়ায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে চারজনকে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে, এবং একজন লাইফ সাপোর্টে রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টা পার হওয়ার আগে তাদের ঝুঁকিমুক্ত বলা সম্ভব নয়। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন এসব তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, ঘটনার পর থেকে পর্যায়ক্রমে ৭৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতোমধ্যে ১৪ জনকে ছাড় দেওয়া হয়েছে। বাকি রোগীদের শারীরিক অবস্থা চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন।
পাপন আরও বলেন, গুরুতর রোগীদের অক্সিজেন স্যাচুরেশন ধরে রাখতে সমস্যা হচ্ছে। কিছু রোগীর কাশির সঙ্গে রক্ত আসছে। শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গও দেখা দিয়েছে।
তিনি বলেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়। চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন, তাদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও বার্নে আক্রান্ত হয়েছে, তাদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে তাদের চিকিৎসা চলছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, একজন সংকটাপন্ন রোগীর জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। দুপুর ১২টায় অন্য রোগীদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে আরও কাউকে ছাড় দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, কিছু রোগী আতঙ্কিত হয়ে (প্যানিক অ্যাটাক) অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থার ভিত্তিতে তাদের মধ্য থেকে কাউকে কাউকে ছাড় দেওয়া হতে পারে। পরবর্তী সময়ে যারা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাদেরও ছাড় দেওয়া হবে।
এসময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ও ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম, ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার উদ্দেশ্যে নওগাঁর রাণীনগরে কাঁশবন যুব সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, উপজেলার হাতিরপুল এলাকায় ঐতিহ্যবাহী রক্তদহ বিলের পাখি পল্লী ও পর্যটন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে কাঁশবন যুব সংস্থার সভাপতি মো: আব্দুর রউফ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: পাভেল রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম (মিয়া ভাই), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংস্থার সদস্য প্রমুখ। বৃক্ষরোপণ কার্যক্রম শেষে সংস্থার সদস্য ও স্থানীয় শতাধিক বাসিন্দাদের মাঝে একটি করে পরিবেশবান্ধব গাছ ও খুটি বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি উল্লেখ করেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী ৫ বছরে ৫ কোটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন।" তিনি বলেন, সেই লক্ষ্যে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান নয়, বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও প্রধানমন্ত্রীর গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচিকে শতভাগ সফল করার জন্য বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রধান অতিথি আরও জানান, "এমন কর্মসূচি সত্যিই প্রশংসার দাবীদার।" তিনি সকলকে আহ্বান জানান, বুক ভরে বিশুদ্ধ বাতাস গ্রহণের লক্ষ্যে যার যেখানে একটি করে গাছ রোপণের সুযোগ আছে সেখানে একটি করে পরিবেশবান্ধব গাছ রোপণের জন্য। ইসলাম ধর্মেও গাছ রোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "কেয়ামত আসছে জেনেও তুমি একটি গাছ রোপণ করো।" তাই বাসযোগ্য একটি নিরাপদ পৃথিবী গড়তে গাছ রোপণের কোন বিকল্প নেই বলে প্রধান অতিথি মন্তব্য করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও উত্তেজনার কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ ১৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন কারখানায় এই ছুটি প্রদান করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকাল আটটা থেকে গাজীপুরের বিভিন্ন তৈরি পোশাক কারখানা সচল হয়ে যায় এবং শ্রমিকেরা যথারীতি কর্মস্থলে যোগ দেন। তবে সকালের দিকে কোনাবাড়ি এলাকার রিপন নিটওয়্যার লিমিটেড ও কাশিমপুর এলাকার মণ্ডল গ্রুপের শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর কিছুক্ষণ পর ইসলামপুর এলাকায় ‘নর্প ইন্ডাস্ট্রিজ’-এর শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে কারখানা কর্তৃপক্ষ সেটিতে ছুটি ঘোষণা করে।
এ সময় আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় এসে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন এবং আশপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। একপর্যায়ে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরা তাদের সঙ্গে যোগ দিতে আসলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ছুটি পাওয়ার পর অনেক শ্রমিক বাড়ি ফিরে গেলেও একটি অংশ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা নাওজোড় থেকে শুরু করে মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে অবস্থান নেন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার আশিক সাঈদ বলেন, সকালের দিকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক ছিল। তবে শ্রমিক বিক্ষোভের মুখে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিল্প ও থানা পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ