ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী


তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন মন্তব্য করেছেন, দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের ওপর নির্ভরশীল। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই নিজেদের লক্ষ্য নির্ধারণ করে জ্ঞান, মেধা ও দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন এবং কর্মজীবনের প্রস্তুতিকে গুরুত্ব দিতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ২১তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জবি শাখার উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বর্তমান বিশ্বের প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি উল্লেখ করেন, কারিগরি শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবটিক্স, ন্যানোটেকনোলজিসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের সুযোগ বৃদ্ধি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা গেলে, পড়াশোনার পাশাপাশি কর্মজীবনের প্রস্তুতিও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পূর্ব পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব সালেহ শিবলী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মানবসম্পদ হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের আর্থসামাজিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। একই সঙ্গে বৈশ্বিক কর্মক্ষেত্রেও নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে নিতে হবে। শৃঙ্খলা, দেশপ্রেম, মেধা ও পরিশ্রমের সমন্বয়ে নিজেদের যোগ্য মানবসম্পদ হিসেবে প্রস্তুত করার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় থাকতে হবে।

শিক্ষাব্যবস্থায় গুণগত ও সময়োপযোগী পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারেও প্রশিক্ষিত করে তুলতে হবে।

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ পরিচালনায় ভূমিকা রাখবে উল্লেখ করে নবীনদের নিজেদের মেধা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৩৪ জন, উদ্ধার মাদকদ্রব্য

উল্লেখ্য, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। এ সময় ছাত্রদলের জবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল উৎপাদন, তিন প্রতিষ্ঠানে ৫ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব প্রতিনিধি

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল উৎপাদন, তিন প্রতিষ্ঠানে ৫ লাখ টাকা জরিমানা

বিএসটিআই লাইসেন্স ছাড়াই উৎপাদন ও বাজারজাতের অভিযোগ; দুই প্রতিষ্ঠানকে ২ লাখ করে, একটিকে ১ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বিক্রি ও বাজারজাতের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভৈরব উপজেলার তাঁতারকান্দি-লক্ষ্মীপুর এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আলাদিন কেমিক্যাল ওয়ার্কস অ্যান্ড মার্কেটিং গ্রী স্টার কেমিক্যাল কোম্পানি এবং রাফি কেমিক্যাল প্রোডাক্টস প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বিক্রি ও বাজারজাতের অভিযোগ পাওয়া যায়।

পরে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী আলাদিন কেমিক্যাল ওয়ার্কস অ্যান্ড মার্কেটিংকে ২ লাখ টাকা, গ্রী স্টার কেমিক্যাল কোম্পানিকে ২ লাখ টাকা এবং রাফি কেমিক্যাল প্রোডাক্টসকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টদের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ এবং বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।

অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. শফিকুল আলম, সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় এবং সহকারী পরিচালক (মেট্রোলজি) কামরুল পলাশ।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন ও পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মানহীন ও অনুমোদনবিহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে বিনামূল্যের বিতরণযোগ্য পাঠ্য বই আটক, গ্রেফতার ১, থানায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


মধুপুরে বিনামূল্যের বিতরণযোগ্য পাঠ্য বই আটক, গ্রেফতার ১, থানায় মামলা

টাঙ্গাইলের মধুপুরে নবম ও দশম শ্রেণীর বিনামূল্যে বিতরণ যোগ্য এক টন চোরাই পাঠ্যবই বুধবার সন্ধ্যায় নরকোনা গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী ইব্রাহিমের বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। উপজেলার নরকোনা গ্রামবাসিরা বুধবার সন্ধ্যায় ভাঙ্গারী ব্যবসায়ী ইব্রাহীম হোসেনের নিকট থেকে এসব বই উদ্ধার করে। দুটি রিকসা ভ্যানে করে বাড়ি থেকে অন্যত্র পাচার করছিলেন। মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রামবাসি হোসেন মোবারক জানান, ইব্রাহীম হোসেন মাঝে মধ্যে মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গুদাম থেকে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর বিনামূল্যের পাঠ্য বই কেজি দরে কিনে এনে বিক্রি করছিলেন। গতকাল মঙ্গলবার সে বেশ কয়েক ভ্যান পাঠ্য বই ওই গুদাম থেকে কিনে আনে। তারপর বাড়িতে থেকে আজ বুধবার অন্যত্র পাচারের চেষ্টা করে। সন্দেহবশতঃ গ্রামের কতিপয় যুবক খোঁজ নিয়ে দেখতে পান, সবই নবম-দশম শ্রেণীর বিনামূল্যের পাঠ্য বই। তারা স্থানীয় সংবাদকর্মী এবং থানা পুলিশকে খবর দেন। ভাঙ্গারী ব্যবসায়ী ইব্রাহীম হোসেন জানান, তিনি মধুপুর শিক্ষা অফিসের অনুমোদন সাপেক্ষে নাইটগার্ড তোফায়েল আহমেদের সহযোগিতায় গুদাম থেকে এসব বই কেজি দরে কিনে এনেছেন। কাজেই তার কোন দোষ নেই। বই বিতরণের দায়িত্বে থাকা একাডেমিক অফিসার মোঃ মহিউদ্দীন জানান, তার অগোচরে নাইটগার্ড এ কুকর্ম করেছে। পরে মধুপুরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নঈম উদ্দীন ঘটনাস্থলে যান এবং পাঠ্য বই জব্দ করেন। উপজেলা নির্বাহী অফিসার ভাঙ্গারী ব্যবসায়ী ইব্রাহীম হোসেনকে আটক করে থানায় প্রেরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিনামূল্যের এসব পাঠ্য বই কিভাবে কোথা থেকে এলো তা তদন্ত করে দেখা হবে। মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান বাদি হয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান

প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সুরক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের পক্ষ থেকে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত অংশীজন সংলাপে অংশগ্রহণ করে তারা দেশে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা রোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেবার পরিধি আরও সম্প্রসারণের তাগিদ দিয়েছেন। পাশাপাশি, প্রান্তিক জনগণের সুরক্ষায় তাদের জন্য আইনগত সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এই সংলাপের সভাপতিত্ব করেন আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান।

তিনি নারী, শিশু ও প্রান্তিক জনগণের সুরক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার এবং জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। তাহমিনা রহমান মন্তব্য করেন, "মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন আইন, নীতি এবং সরকারি ও বেসরকারি সেবা ব্যবস্থা থাকলেও কার্যকর বাস্তবায়ন, দ্রুত প্রতিকার, সহজলভ্য সেবা এবং আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয়ে এখনও কিছু ঘাটতি লক্ষ করা যাচ্ছে।" দেশে শেল্টার হোমের সংখ্যা খুবই নগণ্য এবং অপ্রতুল। নারী, শিশু ও প্রান্তিক জনগণের পাশাপাশি নির্যাতনের শিকার প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের শেল্টার সাপোর্টের প্রয়োজন রয়েছে।

সংলাপে বক্তারা উল্লেখ করেন, অধিকার নিশ্চিত করার মাধ্যমেই কেবল নারী, শিশু ও প্রান্তিক জনগণের প্রকৃত সুরক্ষা প্রদান সম্ভব। তাই, কেউ যেন তাদের প্রাপ্য অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে দেশের ৪৭টি জেলা সদর হাসপাতাল ও ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ান স্টপ ক্রাইসিস সেবা চালু রয়েছে। প্রান্তিক পর্যায়ের মানুষের পর্যাপ্ত সুরক্ষায় এই সেবার পরিধি আরও বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে।

তারা আরও বলেন, শুধু নারী ও শিশু নয়; সমাজে পিছিয়ে থাকা প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষের আইনি ও সামাজিক সুরক্ষার বিষয়টিকেও এখন সমান গুরুত্ব দিতে হবে। নারী, শিশু ও অন্যান্য প্রান্তিক জনগণের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারি প্রতিষ্ঠান, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীজনের সমন্বিত ও কার্যকর উদ্যোগের আহ্বান জানান তারা।

সংলাপে বক্তব্য রাখেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের প্রতিনিধি রেজভী সুলতানা, ডিএমপির উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোছা. লিজা বেগম, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আইন কর্মকর্তা আইভী আক্তার, ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারের সমন্বয়কারী ডা. তাইয়েবা সুলতানা, নাগরিকতা-সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর ডেপুটি টিম লিডার ক্যাটরিনা কইনিগ, ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক প্রবীর দত্ত, নারীপক্ষের প্রোগ্রাম ম্যানেজার কামরুন্নাহার, আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তা রোকনুজ্জামানসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত চক্রান্তের জাল তৈরি করছে : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত চক্রান্তের জাল তৈরি করছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন যে, শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটি চক্রান্তের জাল তৈরি করছে। তিনি উল্লেখ করেন, যদিও ভারতের সঙ্গে সম্পর্কের কথা বলা হচ্ছে, কিন্তু আসলে দেশটি বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রের কাজ করছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আপনারা (ভারত) আর্মস ক্যাডার, সন্ত্রাসী পাঠিয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের হত্যার চক্রান্ত করেন। তারপরও আপনাদের সঙ্গে সম্পর্কের কথা বলেন, সামনাসামনি কথা হলে অনেক সুমধুর কথা বলেন। কিন্তু ভেতরে ভেতরে আপনারা শেখ হাসিনাকে কেন্দ্র করে যে চক্রান্তের জাল তৈরি করছেন, সেটা অত্যন্ত সুস্পষ্ট।’

তিনি ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ না করার বিষয়েও কথা বলেন। রিজভী জানান, তারেক রহমানকে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি; বরং তাকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ না পেয়ে তারেক রহমান সম্মেলনে যাননি বলেও মন্তব্য করেন রিজভী।

রিজভীর ভাষ্যমতে, তারেক রহমানের এই সিদ্ধান্ত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরেছে। এটি তার ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার বিষয় নয় বলেও তিনি মন্তব্য করেন।

ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হওয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তারেক রহমান ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত জানানোর পরদিনই আদানির একটি পাওয়ার প্ল্যান্টের ইউনিট নষ্ট হওয়ার খবর আসে। তিনি দুটি ঘটনার সময়ের ব্যবধান নিয়ে প্রশ্ন তোলেন।

ভারতের সমালোচনা করে রিজভী আরো বলেন, ভারতকে বাংলাদেশ ও ভারতের বন্ধু বলা হলেও বন্ধুত্বের প্রকৃতি নিয়ে প্রশ্ন রয়েছে। তার অভিযোগ, বাংলাদেশ সরকার শেখ হাসিনাসহ বিভিন্ন ব্যক্তিকে ফেরত চাইলেও ভারত তাদের হস্তান্তর করছে না।

রিজভী বলেন, একসময় শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আসামি একজন সাবেক মেজর ভারতে পালিয়ে ছিলেন এবং পরে তাকে আটক করে বাংলাদেশের তৎকালীন সরকারের কাছে হস্তান্তর করা হয়েছিল। বর্তমানে যাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশে বিচার চলছে, তাদের কেন হস্তান্তর করা হচ্ছে না—এ প্রশ্নও তিনি তোলেন।

ভারতের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে রিজভী বলেন, এ অবস্থানের পেছনে ভারতের কোনো গভীর উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%