ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ইসরাইলি নেতা ইয়োসি দাগানকে ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা


ইসরাইলি নেতা ইয়োসি দাগানকে ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে ফ্রান্সে প্রবেশের অনুমতি পাননি দেশটির একজন প্রভাবশালী নেতা। প্যারিসের একটি বিমানবন্দরে গত সপ্তাহে পৌঁছানোর পর ইয়োসি দাগানকে ফিরিয়ে দেয় ফরাসি কর্তৃপক্ষ। এই ঘটনার পর ইসরাইল ফ্রান্সের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে, এ পদক্ষেপকে তারা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেছে।

ইয়োসি দাগান, যিনি অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরাইলি বসতিগুলোর প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের প্রধান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যও। দাগানের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম তীরে বসতি স্থাপন নীতি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাকে ফ্রান্সে প্রবেশে প্রশাসনিক নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে বাধা সৃষ্টি করে।’

আরও পড়ুন: ঢাকা-দিল্লির কনস্যুলার সংলাপ ১৭-১৮ নভেম্বরের জন্য স্থগিত

মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, প্যারিস বিমানবন্দরে পাসপোর্ট নিয়ন্ত্রণের সময় দাগানকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে জানানো হয়, পশ্চিম তীরে বসতি স্থাপন নীতি বাস্তবায়নে সক্রিয় ভূমিকার কারণে ফরাসি ভূখণ্ডে তার প্রবেশ নিষিদ্ধ।

তবে দাগান নিষেধাজ্ঞায় দমে যাননি। বুধবার তিনি বলেন, ইহুদি জনগণের ঐতিহাসিক মাতৃভূমি গড়ে তোলার কাজে তিনি গর্বিত।

অন্যদিকে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজনৈতিক ও আদর্শিক কারণে দাগানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘ইসরাইল ফ্রান্স সরকারের কাছে এর ব্যাখ্যা চাইবে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ বিবেচনা করবে।’

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন নিয়ে ইউরোপের বিভিন্ন দেশের সাথে দেশটির বিরোধ ক্রমেই বাড়ছে। নেতানিয়াহু সরকারের আমলে এসব বসতির বিস্তার ঘটেছে।

আরও পড়ুন: ইরান যুক্তরাষ্ট্রের রাডারে হামলার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড

গত সেপ্টেম্বর মাসে ফ্রান্সসহ ১২টি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরাইলি বসতির সাথে বাণিজ্য সীমিত করার পরিকল্পনার কথা জানায়। এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ইসরাইলি কর্মকর্তারা।

সর্বশেষ গত সোমবার ফ্রান্সের পার্লামেন্টের একটি কমিটি এমন একটি বিল অনুমোদন করেছে, যার মাধ্যমে ইসরাইলি বসতিগুলো থেকে পণ্য আমদানি এবং বসতি নির্মাণে সহায়তাকারী সেবা আমদানি নিষিদ্ধ করা হবে। বিলটি নিয়ে আগামী ১৯ নভেম্বর আরো আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইসরাইলি বসতি স্থাপনবিরোধী সংগঠন পিস নাউয়ের তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে অন্তত ১৪৮টি এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে ১৫টি অবৈধ ইসরাইলি বসতি রয়েছে। এসব বসতিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরাইলি বসবাস করছেন।

এর আগে চলতি বছর নেতানিয়াহু সরকারের দুই উগ্রইহুদি মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্মোতরিচের ওপরও ফ্রান্স প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তারা দুজনই ইসরাইলের মন্ত্রিসভার সদস্য।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পূর্ব পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব সালেহ শিবলী

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার অভিযোগ, ফ্লাইওভারকে হাতিয়ার করছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার অভিযোগ, ফ্লাইওভারকে হাতিয়ার করছে

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভার দিনে ব্যস্ত থাকলেও রাতে অনেকটা নির্জন হয়ে পড়ে। এই সুযোগে উড়াল সড়কটি ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে এই ফ্লাইওভার থেকে ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপের দুটি ঘটনা ঘটেছে। এর আগে সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারও টাঙানো হয়েছিল।

গত ৫ নভেম্বর রাত সাড়ে ৮টার পর ফ্লাইওভারের নিচে থাকা দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এর কয়েক দিন আগে একই উড়াল সড়ক থেকে ককটেল নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একজনকে ফ্লাইওভারের উপর থেকে ককটেল ছুড়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।

নিক্ষেপ করা তিনটি পেট্রোলবোমার মধ্যে দুটি পড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ের সামনে, অন্যটি চান্দগাঁও ভূমি অফিসের সামনে। এলজিইডি কার্যালয়ের সামনে পড়া বোমা দুটি মাটিতে আঘাত লেগে ভেঙে যায়, তবে আগুন ধরেনি। ভূমি অফিসের সামনে পড়া বোমাটিতে কয়েক সেকেন্ড আগুন জ্বললেও পরিচ্ছন্নতাকর্মীরা তা নিভিয়ে ফেলেন। এতে কেউ হতাহত হননি, ক্ষয়ক্ষতিও হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, ঘটনাস্থলের আশপাশে রয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও ষোলশহর রেলস্টেশন। ফলে এ ধরনের হামলার চেষ্টা শুধুমাত্র সরকারি দপ্তরের নিরাপত্তা নয়, আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলছে।

এর আগে জুলাইয়ের শেষ দিকে জিইসি মোড় এলাকায় ফ্লাইওভারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করে ব্যানার টাঙানো হয়েছিল। সব মিলিয়ে ফ্লাইওভারটি ব্যবহার করে রাজনৈতিক বার্তা প্রচার থেকে শুরু করে সহিংস কর্মকাণ্ডের একাধিক নজির পাওয়া যাচ্ছে।

চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারগুলোতে পুলিশের নজরদারি নেইÑবিষয়টি এমন নয় বলে দাবি করেছেন নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ফয়সাল আহম্মেদ। তিনি আমার দেশকে বলেন, ‘ফ্লাইওভারে যে আমরা নজরদারি করছি না, বিষয়টি তা নয়। সবকিছুতেই আমাদের নজরদারি রয়েছে। নজরদারি না থাকলে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আসামি গ্রেপ্তার করছি কীভাবে? অপরাধ সংঘটনের পরপরই জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। সেগুলো যাচাই করে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, ফ্লাইওভারের উপর থেকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ কারণে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফ্লাইওভার ব্যবহার করে ঝটিকা মিছিল

চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নামে রাজনৈতিক অপতৎপরতা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জিইসি, ২ নম্বর গেট, সিআরবি ও লালখান বাজার এলাকায় সংগঠনটির ঝটিকা মিছিলের তথ্য পাওয়া গেছে। এসব কর্মসূচিতে নগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারও ব্যবহার করা হয়।

গত ২৪ এপ্রিল একই দিনে জিইসি, ২ নম্বর গেট ও সিআরবি এলাকায় ছাত্রলীগের মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। ১ জুন জিইসি মোড় এলাকায় আবার ঝটিকা মিছিল করা হয়। ওই মিছিলে ‘এমইএস কলেজ ছাত্রলীগ’ লেখা ব্যানার দেখা যায়। জুলাইয়ের শেষ দিকে জিইসি মোড়ের ফ্লাইওভারে ফজলে করিমের মুক্তির দাবিতে ব্যানার টাঙানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব অপতৎপরতায় ফ্লাইওভারকে দ্রুত যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করা হচ্ছে। মোটরসাইকেলে করে এসে মিছিল, স্লোগান কিংবা বিস্ফোরক নিক্ষেপের পর দ্রুত সরে যাওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব ঘটনায় ব্যবহৃত যানবাহন ও ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ

চট্টগ্রাম নগরীর যানজট কমাতে বিভিন্ন সময় একাধিক ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে রয়েছেÑআখতারুজ্জামান ফ্লাইওভার, এমএ মান্নান ফ্লাইওভার, দেওয়ানহাট ফ্লাইওভার এবং লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

সিডিএর প্রকল্প তথ্যানুযায়ী, মুরাদপুর, ২ নম্বর গেট ও জিইসি জংশনসংলগ্ন আখতারুজ্জামান ফ্লাইওভার প্রকল্পে পাঁচটি র‍্যাম্প ও একটি লুপসহ চার লেনের ৬.৮ কিলোমিটার উড়ালসড়কের সংস্থান রাখা হয়েছিল। তবে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত মূল উড়ালসড়কের দৈর্ঘ্য ৫.২ কিলোমিটার। বহদ্দারহাটের এমএ মান্নান ফ্লাইওভারের দৈর্ঘ্য ১,৩৩১ মিটার। অন্যদিকে লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ১৬.৫ কিলোমিটার।

এসব উড়ালসড়কের নিচে ও আশপাশে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয়, বাণিজ্যিক এলাকা ও গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র রয়েছে। ফলে উড়ালসড়ক ব্যবহার করে বিস্ফোরক নিক্ষেপ কিংবা সহিংস কর্মকাণ্ড করলে নিচের সড়কে চলাচলকারী মানুষও ঝুঁকিতে পড়তে পারেন।

মানবাধিকারকর্মী ও আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, ফ্লাইওভারের নিরাপত্তা নিশ্চিতে শুধু প্রবেশপথে নজরদারি বাড়ালে হবে না, পুরো স্থাপনার জন্য সমন্বিত নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন। সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ, নিয়মিত পুলিশ টহল এবং সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্তের ব্যবস্থা থাকতে হবে। আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাও জোরদার করা জরুরি।

তিনি আরো বলেন, কোনো ঘটনা ঘটার পর ফুটেজ সংগ্রহ করে অপরাধী শনাক্ত করার পাশাপাশি আগাম প্রতিরোধব্যবস্থা কার্যকর করতে হবে, যাতে সন্দেহজনক তৎপরতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক হতে পারে।

নজরদারি বাড়ানোর নির্দেশ

সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোর পর নগরীর নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, পুলিশের কঠোর নজরদারির কারণে সাম্প্রতিক সময়ে নগরীর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাশকতাকারীদের ঠেকাতে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী আমার দেশকে বলেন, নাশকতা চালিয়ে জানমালের ক্ষতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান আরো জোরদার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙে গেছে’ গুঞ্জনে মুখ খুলছেন না অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


‘সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙে গেছে’ গুঞ্জনে মুখ খুলছেন না অভিনেত্রী

অভিনেত্রী সাবিলা নূরের স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন এবং আলাদা থাকার গুঞ্জন নিয়ে বিনোদনপাড়ায় ব্যাপক আলোচনা চলছে। সাত বছরের প্রেমের পর ২০১৯ সালে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা জুটির বিচ্ছেদ এখন কেবল সময়ের ব্যাপার বলেই মনে করা হচ্ছে।

সূত্রে জানা গেছে, সাবিলার দাম্পত্য কলহের পেছনে শোবিজপাড়ার একজন চিত্রগ্রাহকের সঙ্গে নতুন সম্পর্কের সূচনা রয়েছে। তবে, দাম্পত্য টানাপোড়েন এবং ওই চিত্রগ্রাহকের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেও অভিনেত্রী সাবিলা নূর নীরব রয়েছেন। তিনি কোনো কিছু খোলাসা না করে বিভিন্ন ব্র্যান্ডের কোলাবোরেশন, ফটোশুট ও অনুষ্ঠানে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সম্প্রতি সাবিলার সঙ্গে চিত্রগ্রাহকের প্রেমের সম্পর্ক নিয়ে অভিযোগকারী কথিত প্রেমিকা তিশা গণমাধ্যমে দাবি করেছেন, “সাবিলা নূরের কারণেই আমার দীর্ঘ সাত বছরের প্রেম এবং বিয়ে ভেঙে গেছে।” তার বক্তব্য অনুযায়ী, “রকস্টার” সিনেমার শুটিং শেষ হওয়ার পর ১৫ মে বিয়ের তারিখ নির্ধারিত ছিল এবং দুই পরিবারের সম্মতিতে সব আয়োজনও সম্পন্ন হয়েছিল।

কিন্তু বিয়ের কয়েক দিন আগে হঠাৎ চিত্রগ্রাহক জানান, তিনি বিয়ে করতে চান না। অনেক বোঝানোর পরও তাকে রাজি করানো যায়নি বলে জানান তিশা। এ বিষয়ে সাবিলা, তার স্বামী নেহাল সুনন্দ তাহের বা ওই চিত্রগ্রাহকের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। “রকস্টার” সিনেমার পরিচালক আজমান রুশো তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, সম্প্রতি রাজধানীর গুলশানে একটি প্রসাধনী ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সই করেন সাবিলা। এরপর থেকে বিভিন্ন ব্র্যান্ডের কাজ ও অনুষ্ঠানে তাকে অধিক দেখা যাচ্ছে। নাটকে সাবলীল অভিনয়ে জনপ্রিয় হওয়া এই অভিনেত্রী সাত বছরের প্রেমের পর ২০১৯ সালে পারিবারিকভাবে বিয়ে করেন। সিনেমায়ও নজর কেড়েছেন তিনি। বর্তমানে ‘কানাভোলা প্যারাডক্স’ সিনেমায় ‘উপমা’ হয়ে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি আশা করেন, প্রেক্ষাগৃহে মুক্তি পেলে দর্শকরা তা দেখবেন এবং উপভোগ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, বৃষ্টির পূর্বাভাস প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, বৃষ্টির পূর্বাভাস প্রকাশ

কার্তিক মাসের শেষ দিকে এসেও বৃষ্টির প্রবণতা সম্পূর্ণরূপে শেষ হয়নি। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। এর মধ্যে মাদারীপুরে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চার দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শুক্রবারের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ চার দিন দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আশঙ্কা নেই।

উল্লেখ্য, নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে নতুন লঘুচাপটির ক্ষেত্রে এখনই ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ের মধ্যে ৫৩টি মামলা বিভিন্ন অপরাধের জন্য দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন, মিরপুর বিভাগে ১৪৭ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ) একজন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

অভিযানের সময় উদ্ধার করা হয় তিনটি ককটেল, তিনটি ককটেলের বিস্ফোরিত অংশবিশেষ, ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, এক হাজার টাকার ৯২৫টি জাল নোট এবং সাতটি মোবাইল ফোন। এছাড়া, একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয় এবং আলামত উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%