ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজীপুরে গভীর রাতে বন উজাড়ের মহোৎসব, অর্ধশতাধিক তালগাছ কাটা


গাজীপুরে গভীর রাতে বন উজাড়ের মহোৎসব, অর্ধশতাধিক তালগাছ কাটা

গাজীপুরের শ্রীপুর সংরক্ষিত বনাঞ্চলে বন উজাড়ের মহা উৎসবে বনখেকোরা অর্ধশতাধিক তালগাছ কেটে ফেলেছে। সপ্তাহব্যাপী এই বন উজাড়ের ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের ছত্রছায়ায় এই অবৈধ কার্যক্রম চলছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের চরবহর গ্রামের ম্যাক হ্যাচারির পশ্চিমপাশে অবস্থিত সংরক্ষিত বনাঞ্চলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘন সৃজিত বনের ভেতর সারি সারি কাটা রয়েছে তালগাছের কাণ্ড। অর্ধশতাধিক তাল গাছের কাণ্ডগুলো পড়ে রয়েছে। তালগাছের পাশাপাশি সেখানে কাটা হয়েছে অন্যান্য ওষুধি গাছও। অনেক গাছে তালফল ইতোমধ্যে পরিপক্ব হয়ে গেছে। প্রায় অর্ধশতাধিক তালগাছের গোড়ালি পড়ে রয়েছে। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা উপস্থিত হন।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, "গভীর রাতে বনের ভেতর গাছ কাটার শব্দ পেয়েছি। সকালে গরু চড়াতে এসে দেখি সারি সারি তাল গাছ কাটা। বিষয়টি স্থানীয় বন বিভাগে জানালেও তারা পদক্ষেপ নেয়নি। এভাবে সপ্তাহ ধরে বন উজাড় হলেও বন বিভাগের লোকজন আসেনি।"

আরও পড়ুন: শান্ত ভাণ্ডারিয়াকে অশান্ত করতে দেব না

পরিবেশ কর্মী সাইদ চৌধুরী মন্তব্য করেন, "প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বজ্রপাত ঠেকাতে তালগাছ খুবই গুরুত্বপূর্ণ। এতগুলো তালগাছ কেটে নেওয়া খুবই উদ্বেগের। এগুলো বন্ধ না হলে আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি।"

সাতখামাইর ফরেস্ট গার্ড আব্দুর রহিম জানান, "সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। অনেকগুলো তালগাছ কাটা হয়েছে। এছাড়াও অনন্য গাছও কাটা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গাছগুলো জব্দ করে নেওয়া হবে।"

শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিট কর্মকর্তা মো. বিপ্লব হোসেন বলেন, "গাছ কাটার খবর পেয়ে সেখানে দুদিন আগে লোক পাঠানো হয়েছে। দুটি গাছ কাটা হয়েছে। একটি গজারি গাছ জব্দ করা হয়েছে। এতগুলো গাছ কাটার খবর জানা নেই। আবার লোক পাঠানো হচ্ছে।"

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান, "বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

আরও পড়ুন: পাবনায় বিএনপি-আ. লীগের সংঘর্ষ, দিনভর থমথমে পরিস্থিতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে বৃষ্টিতে তলিয়ে যাওয়া পেঁয়াজের বীজতলা ও পাকা ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


রাজবাড়ীতে বৃষ্টিতে তলিয়ে যাওয়া পেঁয়াজের বীজতলা ও পাকা ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা

ঘূর্ণিঝড় আকভানের কারণে সৃষ্ট খারাপ আবহাওয়া এবং টানা দুই দিনের বৃষ্টির ফলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরসহ অন্যান্য ৬ ইউনিয়নের বিভিন্ন ব্লকে পেঁয়াজের বীজতলা ও পাকা ধান তলিয়ে গেছে। বিশেষ করে রাজধরপুর তালবাড়িয়া বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে বিলের কৃষকদের পেঁয়াজের দানা এবং ক্ষেতে কেটে রাখা পাকা ধানের জমি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ফলে স্থানীয় কৃষকরা ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছেন।

স্থানীয় কৃষকরা পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেদের উদ্যোগে ১২টি সেচ মেশিন স্থাপন করে জমি থেকে পানি অপসারণের চেষ্টা করছেন। ছবিতে দেখা যাচ্ছে, বিলের বিভিন্ন স্থানে সেচ মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে জমে থাকা পানি সরানোর কার্যক্রম চলছে।

কৃষকদের আশঙ্কা, যদি দ্রুত পানি অপসারণ করা সম্ভব না হয়, তাহলে পেঁয়াজের দানা ও ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। এর ফলে চলতি মৌসুমে পেঁয়াজের উৎপাদন নিয়ে কৃষকরা অনিশ্চয়তায় পড়বেন।

বৃষ্টির পানিতে ফসল রক্ষার জন্য কৃষকদের এই প্রাণান্তকর প্রচেষ্টা বর্তমানে রাজধরপুর তালবাড়িয়া বিলজুড়ে লক্ষ্য করা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে শ্রমিকদের কল্যাণে নতুন ট্যুরিস্ট জিপ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


বান্দরবানে শ্রমিকদের কল্যাণে নতুন ট্যুরিস্ট জিপ উদ্বোধন

বান্দরবানে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের কল্যাণে নতুন একটি ট্যুরিস্ট জিপ চালু করা হয়েছে। এই ট্যুরিস্ট জিপের মাধ্যমে অর্জিত অর্থ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের চিকিৎসা, দুর্ঘটনা এবং মৃত্যু পরবর্তী পরিবারগুলোর সহায়তায় ব্যয় করা হবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে আধুনিকভাবে তৈরি এবং সুসজ্জিত এই ট্যুরিস্ট জিপের উদ্বোধন করেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. নাছিরুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জীপ পিকাপ মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.নেজাম উদ্দিন, বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল, কোষাধ্যক্ষ অমিত বড়ুয়া এবং বান্দরবান জিপ-পিকাপ মালিক সমবায় সমিতির অন্যান্য সদস্য, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বাচ্চু জানান, বর্তমানে ইউনিয়নে কার্ডধারী এবং অন্যান্য সদস্য মিলিয়ে প্রায় ৬০০ জন চালক হিসেবে কাজ করছেন। দীর্ঘদিন ধরে শ্রম দেওয়ার পরও অর্থের অভাবে ইউনিয়নের পক্ষ থেকে তেমন কোনো সহায়তা দেওয়া সম্ভব হয়নি। তাই নতুন ক্রয়কৃত এই ট্যুরিস্ট জিপ থেকে অর্জিত অর্থ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রতিটি সদস্যের চিকিৎসা, দুর্ঘটনা এবং মৃত্যু পরবর্তী পরিবারের সহায়তায় ব্যয় করা হবে।

তিনি আরও বলেন, গাড়ির সংস্কার ও রক্ষণাবেক্ষণ ব্যয় বাদে জমা হওয়া অর্থ বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কল্যাণে ব্যয় করা হবে।

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. নাছিরুল আলম মন্তব্য করেন, বান্দরবানের প্রতিটি চালক দক্ষ গাইড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক বান্দরবানে আসেন এবং তাদের সেবা দিতে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের চালকরা প্রচুর শ্রম দেন। নতুন পর্যটকবাহী গাড়ির অর্থ শ্রমিকদের কল্যাণে ব্যয় হবে, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সমাজের প্রতিটি সমিতি এভাবে সকলের কল্যাণের জন্য পদক্ষেপ নিলে নিজেদের উপকার হবে এবং দেশের উন্নয়ন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যান্সার যেভাবে বদলে দিয়েছে কেট মিডলটনকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


ক্যান্সার যেভাবে বদলে দিয়েছে কেট মিডলটনকে

ক্যান্সার ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনকে পরিবর্তিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রামাণ্যচিত্রে প্রিন্সেস অব ওয়েলস ক্যান্সার কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে, সে সম্পর্কে আলোচনা করেছেন। ‘হিল’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রটি ২৯ নভেম্বর বিবিসি ওয়ানে সম্প্রচারিত হবে।

প্রামাণ্যচিত্রটির প্রথম অংশে কেটকে বলতে শোনা যায়, ‘ক্যান্সার আপনাকে বদলে দেয়। এটি আপনার শরীরকে বদলে দেয়, আপনাকে শারীরিকভাবে পরিবর্তন করে; তবে ক্যান্সার শনাক্ত হওয়ার পর আপনার ভেতরে আরো অনেক গভীর একটি পরিবর্তন ঘটে।’ এই প্রামাণ্যচিত্রে কেট মিডলটনের অসুস্থতা এবং সুস্থ হয়ে ওঠার বিষয়ে তাঁর ব্যক্তিগত চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে। কেট ক্যান্সারের সাথে তাঁর লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘সুস্থ হয়ে ওঠা একটি দীর্ঘ যাত্রা।’

চলতি বছরের শুরুতে তাঁর ‘থ্রি পিকস চ্যালেঞ্জ’ সম্পন্ন করার নতুন ফুটেজও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে তিনি এক দিনেরও বেশি সময় নিয়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের সর্বোচ্চ পর্বতশৃঙ্গগুলো আরোহণ করেছিলেন। অন্যান্য ক্যান্সার রোগীদের ছবি এবং প্রিন্স উইলিয়ামসহ তাঁর পরিবারের সদস্যদের জড়িয়ে ধরার দৃশ্যের সাথে নেপথ্য কণ্ঠে কেট বলেন, ‘এটা স্পষ্ট যে জীবনের কঠিন চ্যালেঞ্জগুলো আমাদের একা বয়ে বেড়ানোর জন্য নয়।’

রাজা চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়ামসের স্ত্রী কেট মিডলটন, রাজকীয় দায়িত্ব গ্রহণের পর ক্যাথরিন, প্রিন্সেস অব ওয়েলস হিসেবে পরিচিত। প্রামাণ্যচিত্রে ক্যান্সারের অভিজ্ঞতা থেকে আসা পরিবর্তনের অনুভূতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘প্রায়ই যন্ত্রণার মধ্য দিয়েই আমরা উপলব্ধি করি যে এর ওপারে আরো বড় কোনো সৌন্দর্য লুকিয়ে আছে।’

ক্যাথরিন কখনোই প্রকাশ করেননি তিনি ঠিক কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, তবে ২০২৪ সালের মার্চ মাসে তিনি ক্যান্সার শনাক্ত হওয়ার এবং কেমোথেরাপি নেওয়ার কথা জানিয়েছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি জানান যে তাঁর ক্যান্সার নিয়ন্ত্রণে এসেছে এবং পরবর্তী মাসগুলোতে তিনি ধীরে ধীরে রাজকীয় দায়িত্বে ফিরতে শুরু করেন।

অসুস্থতার পর জীবন সম্পর্কে তাঁর নতুন উপলব্ধি এবং কেবল শারীরিক সুস্থতার বাইরে গিয়ে সামগ্রিক সুস্থতার প্রয়োজনীয়তা নিয়ে তিনি প্রায়ই কথা বলেছেন। রাজবধূ তাঁর চিকিৎসার পরবর্তী ভালো এবং খারাপ দিনগুলোর কথাও উল্লেখ করেছেন এবং রোগীরা চিকিৎসা শেষেই আগের মতো স্বাভাবিক অনুভব করতে পারেন; এমন প্রচলিত ধারণাটি ভেঙে দিতে চেয়েছেন।

কার্স্টি ইয়ংয়ের উপস্থাপনায় নির্মিত এই প্রামাণ্যচিত্রটি তাঁর সেই যাত্রার সবচেয়ে পূর্ণাঙ্গ ও ব্যক্তিগত বিবরণ হতে যাচ্ছে, যেখানে এ ধরনের অসুস্থতার প্রভাব এবং তিনি কীভাবে নিজের সুস্থতার পথ খুঁজে পেয়েছেন সে বিষয়ে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। তিনি ইতিমধ্যেই তাঁর দাতব্য সংস্থাগুলোর কাজে ফিরেছেন এবং চলতি সপ্তাহের শুরুর দিকে প্রিন্স উইলিয়ামের সাথে ‘আর্থশট প্রাইজ’ অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফর করেছেন। ক্যান্সার চিকিৎসার পর এটিই ছিল রাজকীয় দায়িত্বে তাঁদের প্রথম যৌথ বিদেশ সফর।

প্রামাণ্যচিত্রটির নির্মাণ দলের ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন উইল ওয়ার, যিনি এর আগেও কেট ও তাঁর পরিবারের সাথে কাজ করেছেন। কেটের জন্মদিনের ভিডিও বার্তা এবং একটি ক্রিসমাস কার্ডে তাঁর তোলা ছবি ব্যবহৃত হয়েছিল, যেখানে রাজকুমারী, প্রিন্স উইলিয়াম এবং তাঁদের সন্তানদের বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল।

২০২৪ সালের সেপ্টেম্বরে কেমোথেরাপি শেষ হওয়ার পর কেট যে ব্যক্তিগত ভিডিও বার্তাটি দিয়েছিলেন; যেখানে তিনি বলেছিলেন, ‘অন্ধকার থেকেই আলোর জন্ম হতে পারে’; সেটিও এই নির্মাতাই তৈরি করেছিলেন।

বিবিসির চিফ কনটেন্ট অফিসার কেট ফিলিপস আশা প্রকাশ করে বলেন, ৩০ মিনিটের এই প্রামাণ্যচিত্রটি ‘বিবিসির দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং যাঁরা নিজস্ব স্বাস্থ্যগত চ্যালেঞ্জ মোকাবিলা করছেন, তাঁদের সান্ত্বনা ও সাহস জোগাবে।’

কেট মিডলটন লন্ডনের ‘দ্য রয়্যাল মার্সডেন হাসপাতালে’ চিকিৎসা নিয়েছিলেন। অন্যান্য দেশেও প্রচারিতব্য এই প্রামাণ্যচিত্রটির পরিবেশনা থেকে প্রাপ্ত অর্থ ‘দ্য রয়্যাল মার্সডেন ক্যান্সার চ্যারিটি’-তে দান করা হবে। লন্ডনের ওই হাসপাতালে ক্যান্সার রোগীদের চিকিৎসা শেষ হলে প্রতীকীভাবে একটি ঘণ্টা বাজানোর রীতি রয়েছে। প্রামাণ্যচিত্রে ভাই জেমস মিডলটনের সাথে কথা বলার সময় ক্যাথরিন বলেন, ‘আমি ঘণ্টাটি বাজাইনি।’ উত্তরে তাঁর থ্রি পিকস চ্যালেঞ্জ সম্পন্ন করা এবং সুস্থতা নিয়ে তৈরি এই প্রামাণ্যচিত্রের দিকে ইঙ্গিত করে জেমস বলেন, ‘সম্ভবত এটিই তোমার ঘণ্টা বাজানো।’ সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলশানের বাসায় তারানা হালিমের সন্ধানে পুলিশের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


গুলশানের বাসায় তারানা হালিমের সন্ধানে পুলিশের অভিযান

রাজধানীর গুলশান-২ নম্বরে সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশ সদস্যদের উপস্থিতি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে পুলিশ সেখানে উপস্থিত থাকলেও তারানা হালিমকে বাসায় পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার পর গুলশান-২ এলাকার ওই ভবনে পুলিশ সদস্যরা প্রবেশ করেন। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে পুলিশের কার্যক্রম অব্যাহত ছিল।

এ সময় ঘটনাস্থলে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও দেখা যায়। বাসার সামনে একটি মালবাহী পিকআপ অবস্থান করছিল।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর জানান, "আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।"

ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সেখানে যায়। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তবে তারানা হালিম বাসায় ছিলেন না।

শরিফ মিয়া আরও বলেন, "স্যার তো নাই। স্যারের বাবা চারতলায় থাকেন। দুইজন নারী পুলিশ উপরে গিয়েছিলেন। কিছু বের করেননি। ভেতরে কেউ নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।"

সন্ধ্যা পর্যন্ত ওই বাসায় পুলিশের উপস্থিতি নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সেখানে যাওয়ার সঙ্গে তারানা হালিমের কোনো সংশ্লিষ্টতা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%