১০:২৩ পি.এম
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। সংস্থার মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই এই হামলাকে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ হিসেবে চিহ্নিত করে অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের আহ্বান করেছেন।
শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে জিসিসি মহাসচিব উল্লেখ করেন, যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক প্রচেষ্টার সত্ত্বেও গাজায় নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার বোমাবর্ষণ ও হামলা অত্যন্ত বিপজ্জনক। তিনি বলেন, ইসরায়েলের এই একগুঁয়েমি অঞ্চলে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।
বিবৃতিতে আলবুদাইউই আরও সতর্ক করে দেন যে, ইসরায়েলের এই ধারাবাহিক আগ্রাসন মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা অর্জনের সম্ভাবনাকে গভীর হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ জন
এছাড়া, তিনি ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি জিসিসির দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক বৈধতা সংক্রান্ত প্রস্তাব এবং আরব শান্তি উদ্যোগের আলোকে ১৯৬৭ সালের ৪ জুনের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের কথাও তুলে ধরেন জিসিসি মহাসচিব। সূত্র: কাতার নিউজ এজেন্সি (কিউএনএ)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন