প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিপ্লবের সময়কালীন আসাদ সরকারের বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর হাতে সিরীয় শিশুরা যে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে, তার মধ্যে বিচারবহির্ভূত হত্যা, নির্বিচার গ্রেপ্তার, গুম এবং স্কুল ও চিকিৎসাকেন্দ্রে হামলার ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, এসব ঘটনার ফলে যে গভীর মানবিক ও আইনি সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সত্য উদ্ঘাটন, জবাবদিহি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দেওয়া অপরিহার্য।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে ২০ নভেম্বর বিশেষজ্ঞরা সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন। তারা সিরীয় শিশুদের ওপর চালানো পরিকল্পিত নির্যাতনের দায়মোচন এবং আন্তর্জাতিক সনদ অনুযায়ী তাদের জীবন, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আইনি পরিচয়ের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের (এসএনএইচআর) নির্বাহী পরিচালক ফাদেল আব্দুল গনি সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ২০১১ সালের মার্চ থেকে ক্ষমতাচ্যুত সরকারের পরিকল্পিত দমন-পীড়নের সবচেয়ে বড় শিকার হয়েছে সিরিয়ার শিশুরা। তিনি নথিপত্র সংরক্ষণের গণ্ডি পেরিয়ে স্বাধীন ফৌজদারি তদন্ত শুরু এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আব্দুল গনি জানান, এসএনএইচআরের নথিপত্র অনুযায়ী ক্ষমতাচ্যুত সরকারের বাহিনীর হাতে ২৩ হাজার ১৪৬ জন শিশু বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে। বন্দিশালায় নির্যাতনে মারা গেছে আরও ২২২ জন শিশু। তিনি উল্লেখ করেন, এগুলো কেবল যাচাইকৃত ঘটনার সর্বনিম্ন হিসাব।
শুক্রবার এসএনএইচআরের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, সাবেক সরকারের নিরাপত্তা সংস্থাগুলো ৩ হাজার ৭৩৬ জন শিশুকে গ্রেপ্তার ও গুম করেছিল, যাদের কোনো খোঁজ এখনো মেলেনি। আব্দুল গনি বলেন, ভুক্তভোগীদের ভাগ্য বা অবস্থান অজানা থাকা পর্যন্ত গুম একটি চলমান অপরাধ হিসেবেই গণ্য হয়, যা তাদের পরিবারের দীর্ঘস্থায়ী যন্ত্রণাকে আরও বাড়িয়ে দিচ্ছে।
সংস্থাটি ২০১১ সালের মার্চ থেকে এখন পর্যন্ত স্কুল ও কিন্ডারগার্টেনে প্রায় ১ হাজার ২৮৭টি এবং চিকিৎসাকেন্দ্রে অন্তত ৫৬৬টি হামলার তথ্য নথিভুক্ত করেছে। আব্দুল গনি বলেন, ‘এসব হামলায় শত শত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস হয়েছে এবং একটি পুরো প্রজন্ম নিরাপদ শিক্ষা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে।’
আইনি পরিচয় নিয়ে সংকট
আব্দুল গনি আরও জানান, সাবেক সরকারের প্রতিষ্ঠানগুলো অনেক শিশুকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে থাকা আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছিল, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই। এসব শিশুর প্রকৃত পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে স্বাধীন তদন্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
তিনি বলেন, মা-বাবার নিখোঁজ হয়ে যাওয়া এবং নাগরিক নথিপত্র হারিয়ে যাওয়ায় শিশুদের বংশপরিচয় প্রমাণ ও জন্মনিবন্ধন করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নথিপত্র হারিয়ে গেলে সরাসরি রাষ্ট্রহীনতা তৈরি না হলেও মৌলিক অধিকারগুলো পাওয়ার ক্ষেত্রে তা মারাত্মক বাধা সৃষ্টি করে।
সাক্ষ্য, নথিপত্র ও দৃশ্যমান প্রমাণের ভিত্তিতে গড়ে তোলা মানবাধিকার ডেটাবেজগুলো কেবল নির্যাতনের দলিল হিসেবেই নয়, বরং অপরাধীদের শনাক্ত করতে এবং অপরাধের পূর্ণ চিত্র পুনর্গঠন করতে অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি। সাবেক সরকারের জব্দ করা নিরাপত্তা, সামরিক, বিচারিক ও বেসামরিক নথিপত্র হাতে আসায় এসব ডেটাবেজের গুরুত্ব আরও বেড়েছে। এর মাধ্যমে নিখোঁজ শিশুদের ভাগ্যে কী ঘটেছে তা জানা এবং তাদের আটকের জন্য দায়ীদের চিহ্নিত করা সম্ভব হতে পারে।
আব্দুল গনি বলেন, এসব নথিপত্র সংরক্ষণ, বন্দিশালার রেকর্ডে প্রবেশাধিকার সহজ করা এবং সিরীয় বিচার বিভাগ, জাতিসংঘের স্বাধীন তদন্ত সংস্থা (আইআইআইএম) ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করাকে অগ্রাধিকার দিতে হবে। এর মাধ্যমে ভুক্তভোগীদের শারীরিক ও মানসিক পুনর্বাসন, নাগরিক নথিপত্র পুনরুদ্ধার, শিক্ষায় ফিরিয়ে আনা এবং আর্থিক ক্ষতিপূরণসহ একটি পূর্ণাঙ্গ পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
যুদ্ধাপরাধ ও জবাবদিহি
অন্যদিকে, সেন্ট্রাল বার অ্যাসোসিয়েশনের স্বাধীনতা ও মানবাধিকার কমিটির সদস্য রিহাদা আব্দুশ বলেন, সিরীয় শিশুদের ওপর চালানো পরিকল্পিত নির্যাতন আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের চরম লঙ্ঘন। এটি যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইনে এ ধরনের অপরাধের বিচারের ক্ষেত্রে কোনো সময়সীমা (স্ট্যাটিউট অব লিমিটেশনস) প্রযোজ্য নয়। তাই সিরিয়ার নিজস্ব আদালত এবং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমান্তরালভাবে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
আব্দুশ বলেন, ‘এসব কর্মকাণ্ড ১৯৮৯ সালের শিশু অধিকার সনদ ও এর ঐচ্ছিক প্রটোকল এবং ১৯৪৯ সালের চারটি জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে শিশুদের বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে এবং বেসামরিক স্থাপনা—বিশেষ করে স্কুলে হামলা নিষিদ্ধ করা হয়েছে।’
তিনি আরও জানান, আইনি দৃষ্টিতে গুম একটি চলমান অপরাধ, ফলে ভুক্তভোগীর পরিণতি সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত এর বিচারের সময়সীমা শুরু হয় না।
আব্দুশ উল্লেখ করেন, সিরিয়ার নিজস্ব আইনেও এ ধরনের অপরাধ দণ্ডনীয়। এর মধ্যে ২০২১ সালের ২১ নম্বর শিশু অধিকার আইন অন্যতম, যেখানে সশস্ত্র সংঘাতে শিশুদের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং শিশু পাচার রোধ ও পাচার হওয়া শিশুদের ভুক্তভোগী হিসেবে বিবেচনা করে পুনর্বাসনের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এ ছাড়া সিরিয়ার দণ্ডবিধি, মানব পাচারবিরোধী ২০১০ সালের ৩ নম্বর ডিক্রি এবং অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত ২০০৩ সালের ৩০ নম্বর আইনে শিশু বা মানব অঙ্গ পাচারের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির বিধান রয়েছে।
আব্দুশের মতে, এই আইনি দায়বদ্ধতা কেবল ব্যক্তিবিশেষের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং যেসব সংস্থা, সংগঠন, এতিমখানা ও সেবামূলক প্রতিষ্ঠান তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তাদের ওপরও বর্তায়। তিনি বলেন, সরকারি নথিপত্রকে মূল প্রমাণ হিসেবে ব্যবহার করে সিরিয়ার আদালতে বিচারের পাশাপাশি সর্বজনীন এখতিয়ারের (ইউনিভার্সাল জুরিসডিকশন) আওতায় বিদেশের আদালতে মামলা পরিচালনার মাধ্যমে ব্যক্তিগত ও শীর্ষ নেতৃত্বের (কমান্ড রেসপনসিবিলিটি) দায় নিশ্চিত করা সম্ভব।
জাতীয় আইনকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়ে আব্দুশ বলেন, যেসব ভুয়া নথির মাধ্যমে শিশুদের পরিচয় মুছে ফেলা হয়েছে কিংবা তাদের বংশপরিচয় ও সরকারি নথিপত্র থেকে বঞ্চিত করা হয়েছে, তা বাতিলের জন্য জরুরি আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। এর মাধ্যমে ভুক্তভোগীদের সত্য জানা, ন্যায়বিচার পাওয়া এবং ক্ষতিপূরণের অধিকার সুরক্ষিত হবে।
উল্লেখ্য, ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউনিসেফের সহযোগিতায় প্রতি বছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালিত হয়ে আসছে। বিশ্বব্যাপী শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আন্তর্জাতিক সংহতি জোরদার এবং শিশু কল্যাণ এগিয়ে নেওয়াই এ দিবসের মূল লক্ষ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন