প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের শ্রীপুর সংরক্ষিত বনাঞ্চলে বন উজাড়ের মহা উৎসবে বনখেকোরা অর্ধশতাধিক তালগাছ কেটে ফেলেছে। সপ্তাহব্যাপী এই বন উজাড়ের ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের ছত্রছায়ায় এই অবৈধ কার্যক্রম চলছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের চরবহর গ্রামের ম্যাক হ্যাচারির পশ্চিমপাশে অবস্থিত সংরক্ষিত বনাঞ্চলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘন সৃজিত বনের ভেতর সারি সারি কাটা রয়েছে তালগাছের কাণ্ড। অর্ধশতাধিক তাল গাছের কাণ্ডগুলো পড়ে রয়েছে। তালগাছের পাশাপাশি সেখানে কাটা হয়েছে অন্যান্য ওষুধি গাছও। অনেক গাছে তালফল ইতোমধ্যে পরিপক্ব হয়ে গেছে। প্রায় অর্ধশতাধিক তালগাছের গোড়ালি পড়ে রয়েছে। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা উপস্থিত হন।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, "গভীর রাতে বনের ভেতর গাছ কাটার শব্দ পেয়েছি। সকালে গরু চড়াতে এসে দেখি সারি সারি তাল গাছ কাটা। বিষয়টি স্থানীয় বন বিভাগে জানালেও তারা পদক্ষেপ নেয়নি। এভাবে সপ্তাহ ধরে বন উজাড় হলেও বন বিভাগের লোকজন আসেনি।"
পরিবেশ কর্মী সাইদ চৌধুরী মন্তব্য করেন, "প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বজ্রপাত ঠেকাতে তালগাছ খুবই গুরুত্বপূর্ণ। এতগুলো তালগাছ কেটে নেওয়া খুবই উদ্বেগের। এগুলো বন্ধ না হলে আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি।"
সাতখামাইর ফরেস্ট গার্ড আব্দুর রহিম জানান, "সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। অনেকগুলো তালগাছ কাটা হয়েছে। এছাড়াও অনন্য গাছও কাটা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গাছগুলো জব্দ করে নেওয়া হবে।"
শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিট কর্মকর্তা মো. বিপ্লব হোসেন বলেন, "গাছ কাটার খবর পেয়ে সেখানে দুদিন আগে লোক পাঠানো হয়েছে। দুটি গাছ কাটা হয়েছে। একটি গজারি গাছ জব্দ করা হয়েছে। এতগুলো গাছ কাটার খবর জানা নেই। আবার লোক পাঠানো হচ্ছে।"
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান, "বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন