১২:১৬ পি.এম
পঞ্চগড়, ১৪ নভেম্বর, ২০২৬ : বোদা উপজেলায় একটি যাত্রীবাহী থ্রি হুইলারের পেছনে একটি ট্রাক ধাক্কা দিলে থ্রি হুইলারটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় আহত আট যাত্রীর মধ্যে মা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার আজগর আলী খোকনের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫) এবং তার মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি (৭)।
আরও পড়ুন: খুলনায় রাজিয়া বেগমের কাছে মিললো ২ পিস্তল ও ১৪ রাউন্ড গুলি
নিহত মাহমুদা আক্তারের স্বামী আজগর আলী খোকন একজন সিনিয়র রিপোর্টার, যিনি অনলাইন সংবাদ মাধ্যম ধারা নিউজের সাথে যুক্ত।
দুর্ঘটনাটি ঘটেছিল শুক্রবার বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, যাত্রীবাহী থ্রি হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছানোর পর পেছন থেকে একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি হুইলারটি সড়কের পাশে পড়ে যায়। এ সময় আট যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে মাথা, নাক ও মুখে আঘাত পাওয়া অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। অন্য দু’জনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। গুরুতর আহত মাহমুদা ও তার মেয়েকে পরে রংপুরে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজধানীর ৫৬টি খাল ও ৬২টি পুকুর পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ
আহতদের মধ্যে রয়েছেন উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬) ও তার মেয়ে স্বীকৃতি (৭), মারেয়া বামনহাট এলাকার প্রমিলা (৩০) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল মা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন