ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

রাজধানীর ৫৬টি খাল ও ৬২টি পুকুর পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ


রাজধানীর ৫৬টি খাল ও ৬২টি পুকুর পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ

॥ বি এম নূর আলম ॥

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকায় নগরায়ণের বিস্তার, অবৈধ দখল, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং ভরাটের কারণে অসংখ্য খাল, পুকুর ও প্রাকৃতিক জলাধার একের পর এক হারিয়ে যাচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যে, ঢাকার দুই সিটি করপোরেশনের মাধ্যমে ৫৬টি খাল ও ৬২টি পুকুর অবৈধ দখলমুক্ত করে পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ

নগর বিশেষজ্ঞদের মতে, খাল ও পুকুর দখল হওয়ার ফলে রাজধানীর পানি নিষ্কাশনব্যবস্থা, পরিবেশ এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। সামান্য বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তরেও চাপ পড়ছে।

জাতীয় নদী রক্ষা কমিশন ও ঢাকা জেলা প্রশাসনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকা শহরে ৫৬টি খাল বিদ্যমান। তবে, অধিকাংশ খাল অবৈধ দখলের কারণে বিলিন হওয়ার পথে রয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৭টি খাল রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে জানিয়েছেন, "ঢাকা শহরের খাল ও পুকুরের জায়গা উদ্ধার করে নগরীর পানি নিষ্কাশন, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, খালগুলো দখলমুক্ত করে সীমানা নির্ধারণ ও দুই পাশে গাইড ওয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: দেশে ফেরার কয়েক ঘণ্টা পর প্রবাসী এনামুল হকের মৃত্যু

ডিএসসিসি এলাকায় উল্লেখযোগ্য খালসমূহের মধ্যে রয়েছে— মান্ডা, জিরানি, খিলগাঁও-বাসাব, মেরাদিয়া-গজারিয়া, নন্দীপাড়া, কালুনগর, ধোলাইখাল, শ্যামপুর, রায়েরবাজার, সেগুনবাগিচা ও গোপীবাগ খাল।

এদিকে, শ্যামপুর, মান্ডা, জিরানী ও কালুনগর খাল দখলমুক্ত করার জন্য একটি প্রকল্প চলমান রয়েছে। ডিএসসিসি জানিয়েছে, পর্যায়ক্রমে বাকি খালগুলো উদ্ধারের কাজ করা হবে।

ডিএনসিসি এলাকায় উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে— কল্যাণপুর, রূপনগর, বাউনিয়া, দিয়াবাড়ি, আব্দুল্লাহপুর, ইব্রাহিমপুর, বাইশটেকী, কাটাসুর, রামচন্দ্রপুর, বেগুনবাড়ী, মহাখালী, শাহজাদপুর, ধউর, কসাইবাড়ী, ডুমিনি, বোয়ালিয়া, গোবিন্দপুর, নরাই ও সুতিভোলা খাল। এর মধ্যে, প্রাথমিক অবস্থায় ১০টি খাল দখলমুক্ত করার কাজ চলছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা শহরের বিভিন্ন খাল দখল করে বছরের পর বছর ধরে নানা ধরনের স্থাপনা ও অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এর ফলে, অনেক খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ বা সংকুচিত হয়েছে এবং নগরীতে জলাবদ্ধতার সমস্যা বেড়েছে। খাল দখল করে বসতবাড়ি, বহুতল ভবন, ব্যক্তিগত বাড়ি, অ্যাপার্টমেন্ট, আবাসিক ভবন, দোকানপাট ও মার্কেট নির্মাণ করা হয়েছে। এছাড়াও, ওয়ার্কশপ, গাড়ি রাখার গ্যারেজ, পরিবহন কাউন্টার, মেরামতের দোকান, কারখানা ও গুদামসহ বিভিন্ন ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।

আরও পড়ুন: শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ, ধর্মঘটের মধ্যে তদন্ত শুরু

এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাবরিন সুলতানা বাসস’কে বলেন, "ঢাকা শহরের খালগুলোতে বর্জ্য, ময়লা ও আবর্জনা ফেলার কারণে খালের পানি দুষিত হলে বা পরিবেশের ক্ষতি হলে বরাবরের মতোই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. রেজাউল করিম সোহাগ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-কে বলেন, "খালগুলো ভরাট হওয়ার ফলে শহরের পানি, বর্জ্য ও ময়লা নদীতে যেতে বাধাগ্রস্ত হচ্ছে। সে কারণে বৃষ্টি হলেই ঢাকা শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এটি পরিবেশের জন্য চরম ক্ষতি হচ্ছে।" তিনি আরও বলেন, খাল দখলমুক্ত করার পর সেগুলো পুনরায় দখল হয়ে যাওয়া ঠেকানো হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রেজাউল করিম উল্লেখ করেন, অতীতে বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও যথাযথ নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক জায়গায় আবারও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এ বিষয়ে বাসস-কে জানিয়েছে, খালের জমির রেকর্ড, দাগ নম্বর, মালিকানা এবং নদী-খালের সংযোগ ও পানি প্রবাহের বিষয়গুলোতে সংশ্লিষ্ট দপ্তরগুলো ভূমিকা পালন করছে। খালের জমির রেকর্ড যাচাই, সরকারি জমি চিহ্নিতকরণ, সীমানা নির্ধারণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসন ভূমিকা রাখছে। উচ্ছেদ অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত ও সরকারি কাজে বাধা প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দায়িত্ব পালন করছে।

আরও পড়ুন: রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক সুমন মিলনের মৃত্যু

এছাড়া, খালের সীমানার মধ্যে নির্মিত অবৈধ ভবন, স্থাপনা ও অনুমোদনবহির্ভূত আবাসন প্রকল্প চিহ্নিত করে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিশিষ্টজনদের মতে, খাল ও পুকুর পুনরুদ্ধার করা গেলে ঢাকার পরিবেশ ও নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ বাড়বে। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ ও পানি মাটিতে প্রবেশের সুযোগ বাড়লে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে সহায়তা করতে পারে।

খাল-পুকুরের পরিবেশ ফিরলে জলজ প্রাণী, পাখি ও অন্যান্য জীবের আবাসস্থল রক্ষা পাবে।

আরও পড়ুন: ঢাকার ডিএমপির অভিযানে আটক ৪৭৮ জন, উদ্ধার মাদক ও আলামত

বিশিষ্টজনেরা জানান, সংরক্ষিত পুকুর ও জলাধার জরুরি পরিস্থিতিতে পানির উৎস হিসেবে কাজে আসতে পারে। নগরীর জলাশয় ও সবুজ এলাকা স্থানীয় তাপমাত্রা ও তাপদ্বীপ প্রভাব কমাতে সহায়ক হতে পারে। খাল ও পুকুরের দুই পাশে পরিকল্পিত সবুজায়ন ও হাঁটার পরিবেশ তৈরি করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন, দোকানপাটে বিনামূল্যে বিতরণ করা হলো পরিচ্ছন্নতা সামগ্রী

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন, দোকানপাটে বিনামূল্যে বিতরণ করা হলো পরিচ্ছন্নতা সামগ্রী

ডেঙ্গু প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে পৌরশহরের বিভিন্ন স্থানে ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ঝুড়ি, ঝাড়ু ও ব্রাশ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা এনজিও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এনজিও সমন্বয় কমিটির সহকারী সমন্বয়কারী ও প্রচেষ্টা সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেব।

কর্মসূচির বিশেষ অংশ হিসেবে উপজেলা এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে কুলাউড়া পৌরশহরের বিভিন্ন স্থানে ও দোকানপাটে বিনামূল্যে ময়লা-আবর্জনা রাখার ঝুড়ি, ঝাড়ু ও ব্রাশ বিতরণ করা হয়। এর মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতি উৎসাহিত করা হয়।

সভাপতির বক্তব্যে বদরুল হোসেন খান বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; এটি একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। নিজেদের বাড়িঘর, আঙিনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। উপজেলা এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান সঞ্চালক মুক্তা রানী দেব বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, পরিচ্ছন্নতার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে বাসাবাড়ি, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থল পরিষ্কার রাখার পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিম জার্নালিস্ট'স-এর উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেন, বিশিষ্ট সমাজসেবক এফ এম ফারুকি, স্থানীয় সাংবাদিক, সমাজসেবক, কুলাউড়া পৌরশহরের ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকে মশার বংশবিস্তার রোধ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখার বিষয়ে সচেতন করা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মৌসুমভিত্তিক অভিযান নয়, বরং সারা বছর পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা অব্যাহত রাখা জরুরি। প্রশাসন, এনজিও, সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই পারে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত কুলাউড়া পৌরশহর গড়ে তুলতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মণিপুরে বন্দুক হামলায় ৪ জনের মৃত্যু, এলাকায় উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


মণিপুরে বন্দুক হামলায় ৪ জনের মৃত্যু, এলাকায় উত্তেজনা

ভারতের মণিপুর রাজ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার দুপুরে উখরুল জেলার ইম্ফল–উখরুল সড়কে সন্ত্রাসী হামলায় দুই পরিবারের চারজন নিহত হয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীরা নিউ হেভেন এলাকায় দুটি গাড়ির দিকে গুলি চালায়। নিহতদের মধ্যে দুই নারী এবং দুই পুরুষ রয়েছেন, যাদের মধ্যে একজন মা এবং তার ছেলে অন্তর্ভুক্ত। এই নৃশংস হত্যাকাণ্ডের ফলে পুরো এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, হিন্দুস্তান টাইমসকে জানান যে, অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে এবং তাদের কুকি সম্প্রদায়ের সদস্য হিসেবে সন্দেহ করা হচ্ছে।

দেশটির নিরাপত্তা বাহিনী হামলাকারীদের খোঁজে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

এর আগে, গত বৃহস্পতিবার কাংপোকপি জেলার তাপহাউ কুকি গ্রাম এবং সেনাপতি জেলার কাইলেনজ্যাং এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৪২ বছর বয়সি এক কুকি নারী নিহত হন এবং আরো দুজন আহত হন।

মণিপুরে কুকি ও মেতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতা ২০২৩ সালের মে মাস থেকে শুরু হয়েছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত ৩০৬ জনের মৃত্যু হয়েছে, ৪৯ জন এখনও নিখোঁজ এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় রাজিয়া বেগমের কাছে মিললো ২ পিস্তল ও ১৪ রাউন্ড গুলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


খুলনায় রাজিয়া বেগমের কাছে মিললো ২ পিস্তল ও ১৪ রাউন্ড গুলি

খুলনায় রাজিয়া বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে, তার কাছে দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি পাওয়া গেছে। গ্রেফতারের ঘটনাটি ঘটেছে এসআরবি-৬ এর অভিযানে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নগরীর দৌলতপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসআরবি জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের পাবলা ফকিরপাড়া এলাকায় এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় রাজিয়া বেগমকে গ্রেফতার করা হয়, যিনি পাবলা এলাকার বাসিন্দা এবং তার স্বামী মৃত শামীম জোয়াদ্দার।

অন্যদিকে, শনিবার রাত ২টার দিকে নগরীর সদর থানা এলাকায় একটি পৃথক অভিযান পরিচালিত হয়। দক্ষিণ টুটপাড়া এলাকার ২৮ নম্বর ওয়ার্ডের বালুর মাঠসংলগ্ন ফিরোজ নামে এক ব্যক্তির বাড়ির টিনের প্রাচীরের বাইরের পাশে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

এসআরবি আরও জানায়, গ্রেফতার হওয়া নারী এবং উদ্ধার করা অস্ত্র-গুলির বিষয়ে দৌলতপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সদর থানা এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ফাহিম হোসেন রিজু আশুলিয়া (সাভার) প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

শনিবার (১৪ নভেম্বর) সকালে কারখানাগুলোর সামনে বন্ধ রাখার নোটিস টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এছাড়া একদিনের জন্য ছুটি ঘোষণা করেছে আরও ৭টি পোশাক কারখানা।

সকাল থেকে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিস দেখে অনেক শ্রমিক বাসায় ফিরে যান, তবে কয়েকটি পয়েন্টে শ্রমিকদের জটলা পাকানোর চেষ্টা করতেও দেখা গেছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১- এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, এ পর্যন্ত ৪০টি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর সাতটি পোশাক কারখানা আজকের (শনিবার) জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ জানায়, গত কয়েক দিন ধরেই আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো ও নিশ্চিন্তপুর, পুকুরপাড় এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধি, হাজিরা বোনাস বাড়ানো এবং টিফিন বিল বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করছিলেন।

কারখানা কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এ পরিস্থিতিতে কারখানার জানমাল ও নিরাপত্তা রক্ষার স্বার্থে মালিকপক্ষ শ্রম আইনের ১৩ (১) ধারা (‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তি) প্রয়োগ করে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়।

বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে আছে, চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড (আজমত গ্রুপ), ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ এ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেড।

পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বন্ধ ঘোষিত কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। তবুও কিছু কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবার বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে খোলা কারখানাগুলোতে স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%