১২:২০ পি.এম
ভারতে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং তাকে বাংলাদেশে ফেরানোর জন্য সামরিক বিমান ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি উল্লেখ করেন, প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।
২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। অন্যদিকে, বাংলাদেশ একাধিকবার ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি করেছে। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকায় বিষয়টি আইনি ও কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে গোপন আলোচনা চলছে বলে জল্পনা তৈরি হয়েছে। সেই সঙ্গে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ভারত দুইটি শর্ত দিয়েছে—এমন খবরও প্রকাশিত হয়েছে। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই দাবিগুলো স্বীকার করেনি।
আরও পড়ুন: চট্টগ্রামে কাস্টমসের অভিযানে ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকি, উদ্ধার জাহাজের প্রপেলার
বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দিল্লির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত দুটি। প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে নেমেছিলেন, তাই তাকে ফিরিয়ে নিতে হলে বাংলাদেশ সেনাবাহিনীকে সেই কাজটি করতে হবে।
এটি আকাশপথে বা স্থলপথে হতে পারে। বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, অথবা স্থল সীমান্তের কোনো পয়েন্টে এসে তার সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এর জন্য দিল্লির পক্ষ থেকে প্রয়োজনীয় ‘লজিস্টিকাল’ প্রস্তুতির ব্যবস্থা করতে ভারত প্রস্তুত রয়েছে।
দ্বিতীয় শর্ত হলো, শেখ হাসিনাকে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা বাংলাদেশকে দিতে হবে। তবে ভারত চায় যে, এই দাবিটি যেন বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয় এবং এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্যও করতে চাইছে না।
এই দুটি শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ প্রশস্ত করার লক্ষ্যে দিল্লি কয়েক মাস ধরে ঢাকার সঙ্গে গোপনে আলোচনা চালাচ্ছে। তবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই শর্তগুলোর কথা নিশ্চিত করেনি।
আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
সংবাদ সম্মেলনে ভারত-বাংলাদেশ কনস্যুলার বৈঠক নিয়েও প্রশ্ন ওঠে। ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় এই বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। বৈঠক স্থগিত হওয়ার কারণ সম্পর্কে জয়সওয়াল বলেন, দুই দেশের সুবিধাজনক সময়ে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। বাণিজ্য, রেলযোগাযোগ, জলসম্পদ এবং সীমান্ত ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং সুদূরপ্রসারী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি। বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে সব বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা
আরএ
আরও পড়ুন: দেশে ফেরার কয়েক ঘণ্টা পর প্রবাসী এনামুল হকের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন