১২:২৫ এম
কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (৪৬) নামে একজনের মৃত্যু ঘটেছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলার দারোরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকার পাড়ার বৈদ্যুতিক খুঁটির নিচে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী। নিহত রাসেল মিয়া সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদরের কোনাগাঁও গ্রামের আবু সাদেকের ছেলে। পুলিশ ধারণা করছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানাচ্ছে, রবিবার দিবাগত মধ্যরাতের কোন এক সময়ে ট্রান্সফরমার চুরির চেষ্টায় ছিল দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, এ সময় বিদ্যুতায়িত হয়ে খুঁটির নিচে পড়ে যায় নিহত ওই যুবক।
সোমবার সকালে এলাকাবাসী যখন দেখেন তখন তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ হাসপাতাল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে যায়। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ওই যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন