০৯:২৭ পি.এম
বান্দরবানে সড়কের ওপর বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যাওয়ায় চট্টগ্রামের সাথে বাসসহ সমস্ত ধরনের ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়ে গেছেন চট্টগ্রাম ও ঢাকাগামী যাত্রীরা। তাছাড়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পুরো শহর অন্ধকারে রয়েছে।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় শহরের রেইচা বাজার এলাকায় ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুতের খুঁটি সড়কে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে রেইচা এলাকায় খুঁটিটির নিচ থেকে মাটি সরে যায়। এর ফলে খুঁটিটি কাত হয়ে সড়কের ওপর পড়ে গেলে বাস, ট্রাকসহ সমস্ত ধরনের ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: খুলনা বিভাগীয় বইমেলা মঙ্গলবার শুরু, চলবে ১০-১৮ নভেম্বর
তবে বিকল্প হিসেবে সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, জিপ ও মোটরসাইকেল চলাচল করতে পারছে। অনেকেই পায়ে হেঁটে ওই স্থানটি পার হয়ে সিএনজি, নোয়া বা মোটরসাইকেলে করে নিজেদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। এদিকে বিদ্যুতের খুঁটিটি পড়া যাওয়ার ফলে সন্ধ্যা থেকেই বান্দরবান শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে; ফলে স্থানীয় বাসিন্দাদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে মাটি সরে ৩৩ কেভির একটি পোল রাস্তায় পড়ে গেছে। আমাদের কাছে যে ক্রেন আছে, সেটি দিয়ে এটি সরানো সম্ভব হচ্ছে না। আমরা খবর দিয়েছি, চট্টগ্রামের মইজ্জারটেক থেকে একটি বড় ক্রেন আসছে। সেটি আসার পর আমরা পোলটি সরাতে পারব, এতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগবে। রাত ১২টার মধ্যে আশা করি বিদ্যুৎ সরবরাহ সচল করতে পারব।’
উল্লেখ্য, টানা বৃষ্টিপাতের ফলে বান্দরবানের বিভিন্ন স্থানে সড়কে মাটি ধসে পড়ার ঘটনা ঘটেছে। তবে প্রশাসন তাৎক্ষণিকভাবে তা অপসারণ করে সড়ক যোগাযোগ সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: বরগুনায় ইউটিলিটি ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন