০৩:৫১ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হচ্ছে আট দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা। ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে গত ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে এ মেলা।
এ আয়োজন চলবে ১২ নভেম্বর পর্যন্ত। শহরের পৌর মুক্তমঞ্চে প্রতিদিন বইপ্রেমী, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ।
বিশিষ্ট আলেম-উলামার পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই বইমেলায় দেশের বিভিন্ন ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় ইসলামি জ্ঞান, ইতিহাস, সাহিত্য, আকিদা, সিরাতসহ বিভিন্ন বিষয়ের বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। পাঠকরা তাদের পছন্দের বই সংগ্রহের পাশাপাশি বিভিন্ন প্রকাশনার বই ঘুরে দেখছেন।
আরও পড়ুন: মসজিদে ইমামতি থেকে যুক্তরাষ্ট্রের সিনেটে মুসলিম যুবকের ঐতিহাসিক উত্থান
বইমেলাকে কেন্দ্র করে প্রতিদিন কুরআন তিলাওয়াত, ইসলামি সংগীত, নাশিদ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রকাশক ও প্রতিনিধিদের সঙ্গে আলেম-উলামা, লেখক, মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।
মেলার উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খ সাজিদুর রহমান, জামিয়া ইউনুসিয়ার মুহতামিম মুফতি মোবারকুল্লাহ, হাফেজ মাওলানা ইমরান, হাফেজ মাওলানা তানভীরুল হক এবং মুফতি মিশকাত আহমেদ।
আয়োজকদের মূল লক্ষ্য হলো, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি ঘরে বিশুদ্ধ ইসলামি জ্ঞান, সমৃদ্ধ ইসলামি ইতিহাস এবং ইসলামি মূল্যবোধ পৌঁছে দেওয়া। বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক ইসলামি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার পাশাপাশি বইপড়ার অভ্যাস তৈরি করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আয়োজকরা জানান, বইমেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে ইসলামি বইপড়ার প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে এবং জ্ঞানচর্চার ইতিবাচক পরিবেশ তৈরি হবে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সবার জন্য উন্মুক্ত থাকবে এ ইসলামি বইমেলা।
আরও পড়ুন: জীবনের সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণের অনন্য দৃষ্টান্ত স্থাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন