বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫০ পি.এম
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমএইচ) চিকিৎসাধীন গুরুতর আহত প্রবাসী বাংলাদেশি মো. শামিনুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
রাজশাহী জেলার বাসিন্দা শামিনুল ইসলাম (৪৯) গত ১২ নভেম্বর কর্মস্থলে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় গুরুতর আহত হন। তার কোমরের হাড় ভেঙে গেছে।
দুর্ঘটনার পর তাকে মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করছেন।
আজ দেশটির বাংলাদেশ হাইকমিশনের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামিনুলের শারীরিক অবস্থার খোঁজখবর হাইকমিশনার নিয়েছেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তিনি আলোচনা করে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবগত হন।
এ সময় চিকিৎসকরা শামিনুলের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে স্থানান্তরের পরামর্শ দেন। হাইকমিশন এ বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ ও সহযোগিতার উদ্যোগ গ্রহণ করছে, যাতে তার পরবর্তী চিকিৎসার ব্যবস্থা যথাযথভাবে সম্পন্ন করা যায়।
হাইকমিশনার বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
বিদেশের মাটিতে কর্মরত প্রতিটি বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার।’
তিনি আরও বলেন, ‘কোনো প্রবাসী দুর্ঘটনা, অসুস্থতা বা সংকটের সম্মুখীন হলে তাদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় মানবিক ও কনস্যুলার সহযোগিতা প্রদান করা আমাদের দায়িত্ব। আমরা চাই, প্রত্যেক প্রবাসী বিদেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত পরিবেশে জীবনযাপন ও কর্মসংস্থানের সুযোগ পান।’
হাইকমিশনার আরও বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আহত শামিনুল ইসলামের চিকিৎসা ও পরবর্তী প্রয়োজনীয় সহযোগিতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মালদ্বীপের সরকার, সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসাসেবা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ ও মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আহত এই প্রবাসীর উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে বলে হাইকমিশনার আশা প্রকাশ করেন।
মালদ্বীপে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির চিকিৎসা, নিরাপত্তা, কর্মপরিবেশ ও সার্বিক কল্যাণে বাংলাদেশ হাইকমিশন নিয়মিতভাবে সংশ্লিষ্ট মালদ্বীপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখছে।
অসুস্থ, দুর্ঘটনায় আহত কিংবা জরুরি পরিস্থিতিতে পড়া প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় কনস্যুলার ও মানবিক সহায়তা প্রদান হাইকমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিদেশে কর্মরত প্রতিটি বাংলাদেশি নাগরিকের কল্যাণ ও মর্যাদা রক্ষায় সরকারের অঙ্গীকার বাস্তবায়নে হাইকমিশনের মানবিক ও কনস্যুলার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে মালেস্থ বাংলাদেশ হাইকমিশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্নীতি দমন কমিশন রাজশাহীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান পরিচালনা করেছে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা আটকে রাখা এবং কেনাকাটায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী টিটিসির অধ্যক্ষের কার্যালয়ে অভিযানটি পরিচালিত হয়।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এই অভিযানে অংশ নেয়। অভিযানের সময় বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করার পাশাপাশি কেনাকাটা সংক্রান্ত বেশ কিছু নথিপত্রও সংগ্রহ করেন কর্মকর্তারা। অভিযানের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ সিদ্দিকী জানান, রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযানের নির্দেশনা দুদকের প্রধান কার্যালয় থেকে এসেছে।
এক প্রশিক্ষণার্থীর অভিযোগের প্রেক্ষিতে প্রশিক্ষণ ভাতা আটকে রাখা এবং কেনাকাটায় অনিয়মের বিষয়গুলো যাচাই করা হয়েছে। ভাতা প্রদান না করার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, সরকারি বরাদ্দ পাওয়ার পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান করা হয়। তবে কিছু প্রশিক্ষণের ক্ষেত্রে বরাদ্দ না পাওয়ার কারণে কিংবা বরাদ্দের অর্থের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় (ল্যাপস) ভাতা প্রদান সম্ভব হয়নি।
তবে প্রাথমিকভাবে জানা গেছে, পর্যায়ক্রমে এসব ভাতা পরিশোধ করা হচ্ছে। অভিযোগে উল্লেখিত অনিয়মের টাকার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, অভিযোগে কোনো নির্দিষ্ট টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি। মূলত প্রশিক্ষণার্থীদের ভাতা আটকে রাখা এবং প্রশিক্ষণের বিভিন্ন উপকরণ কেনাকাটায় অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তাঁরা এসেছেন।
তানভীর আহমেদ সিদ্দিকী আরও জানান, রাজশাহী টিটিসিতে ওয়েল্ডিং ও কম্পিউটার অপারেশনসহ প্রায় ২১টি ট্রেড চালু রয়েছে। প্রতিটি ট্রেডের জন্য কেনাকাটায় নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ থাকে। এসব কেনাকাটার প্রক্রিয়া যাচাই করা হয়েছে এবং এ-সংক্রান্ত বেশ কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র পর্যালোচনা করে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপের বিষয়টি সেই প্রতিবেদনের ভিত্তিতে নির্ধারিত হবে।
রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, টিটিসিতে বর্তমানে প্রায় ২১টি ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। গত কয়েক মাসে কয়েকটি ট্রেডের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যায়নি। এ কারণে সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীদের ভাতা দেওয়া সম্ভব হয়নি। বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে তাঁদের ভাতা পরিশোধ করা হবে।
তবে কেনাকাটায় অনিয়মের অভিযোগের বিষয়ে দুদকের সংগ্রহ করা নথিপত্র পর্যালোচনা শেষে কী তথ্য পাওয়া যায়, তা এখনো জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি উল্লেখ করেন, "বিচারের রায় কার্যকর হওয়ার আগে সন্ত্রাসীরা যদি কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, তবে ছাত্রদল আজ থেকে তাদের ভাষায়ই জবাব দেবে।" বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই সমাবেশে তিনি এই হুঁশিয়ারি প্রদান করেন।
সমাবেশে ছাত্রদল সভাপতি অভিযোগ করেন যে, বিগত দিনে গণহত্যার পরেও নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ আজ পর্যন্ত ছাত্রসমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেনি। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীদের ওপর ককটেল নিক্ষেপের সরাসরি নির্দেশনা দেওয়া হচ্ছে। রাকিব বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত ১৫টি বছর পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে এবং সন্ত্রাসী ছাত্রলীগ-যুবলীগের অস্ত্রের মুখোমুখি হয়ে রাজপথে ছিল।" তিনি জানান, আজ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে ছাত্রদল সকল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের পাশে অবস্থান নিয়েছে। সন্ত্রাসীরা যে ভাষায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইবে, আজ থেকে ছাত্রদলও তাদের ভাষায় জবাব দেবে।
বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাকিব বলেন, "যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং প্রতিবেশী রাষ্ট্রের দোসরদের সহযোগিতায় বাংলাদেশকে অস্থির করতে চায়, তাদের সাহস থাকলে বাংলাদেশে এসে কর্মসূচি ঘোষণা করুক।" তিনি উল্লেখ করেন, আড়াই বছর হতে চলল, শেখ মুজিব পরিবারের একজনকেও বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। ছাত্র-জনতা তাদের বিচারের মুখোমুখি করার জন্য উন্মুখ হয়ে আছে।
ছাত্রদল সভাপতি বলেন, ফাঁসির রায় কার্যকর ঠেকাতেই দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। তিনি বলেন, "যখন খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর করার দাবি উঠেছে এবং একের পর এক মামলায় তাদের শীর্ষ নেতৃত্বের অপরাধের রায় ঘোষণা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে রায় কার্যকর ঠেকাতে তাদের সাঙ্গপাঙ্গরা আবারও বাংলাদেশকে অস্থির করতে চায়।"
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে রাকিব বলেন, "আমাদের মধ্যে গণতান্ত্রিক ও ছাত্র রাজনীতির প্রতিযোগিতা অবশ্যই থাকবে।" তিনি বলেন, "ছাত্রদল যদি কখনো জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়, তবে সকল ছাত্র সংগঠনের অধিকার রয়েছে তার প্রতিবাদ করার।" তবে তিনি উল্লেখ করেন, "আজকের এই প্রেক্ষাপটে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলাম, সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।"
বক্তব্যের শেষে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, গোপালগঞ্জে যেসব ঘটনা ঘটছে, তা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। তিনি বলেন, সেখানকার সন্ত্রাসীদের অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। বৈরী আবহাওয়া ও ঝড়-বৃষ্টির কারণে তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ মন্তব্য করেছেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন।’
সোহেল তাজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মন্তব্যে উল্লেখ করেন, শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের লাশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। ওই সময় তিনি দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের তাণ্ডব চালানোর কিছু ছবি শেয়ার করেন।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লেখেন, পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন। ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।
সোহেল তাজ আরও উল্লেখ করেন, উনি (শেখ হাসিনা) সম্প্রতি বলেছেন যে ওনার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ। তিনি (শেখ হাসিনা) চান নিজের দলের লাশ। এজন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন, যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন। এটাই হচ্ছে একজন সাইকোপ্যাথের চরিত্র, নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাট, ১৯ নভেম্বর, ২০২৬ ( বাসস) : জেলার ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে আয়বর্ধক প্রকল্পের আওতায় পণ্য সামগ্রী ও অনুদান বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে আউসগাড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আউসগাড়া উন্নয়ন সংস্থার সভাপতি নিজাম উদ্দিন, নির্বাহী পরিচালক শফিকুল আলম, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল, এনআরডিএস-এর নির্বাহী পরিচালক আনিসুর রহমান বিটন, এবং জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।
প্রধান অতিথি উপকারভোগীদের হাতে পণ্য সামগ্রী তুলে দেন।
প্রধান অতিথি মাসুদ রানা প্রধান বলেন, "প্রান্তিক ও অসহায় মানুষের আত্মকর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের আয়বর্ধক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
তিনি আরও বলেন, "আমরা চাই ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীরা এ সহায়তাকে কাজে লাগিয়ে নিজেদের পায়ে দাঁড়াক এবং পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক। অসহায় ও কর্মঠ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ