ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আওয়ামী সন্ত্রাসীদের তাদের ভাষায়ই জবাব দেবে ছাত্রদল: রাকিব


আওয়ামী সন্ত্রাসীদের তাদের ভাষায়ই জবাব দেবে ছাত্রদল: রাকিব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি উল্লেখ করেন, "বিচারের রায় কার্যকর হওয়ার আগে সন্ত্রাসীরা যদি কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, তবে ছাত্রদল আজ থেকে তাদের ভাষায়ই জবাব দেবে।" বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই সমাবেশে তিনি এই হুঁশিয়ারি প্রদান করেন।

সমাবেশে ছাত্রদল সভাপতি অভিযোগ করেন যে, বিগত দিনে গণহত্যার পরেও নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ আজ পর্যন্ত ছাত্রসমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেনি। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীদের ওপর ককটেল নিক্ষেপের সরাসরি নির্দেশনা দেওয়া হচ্ছে। রাকিব বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত ১৫টি বছর পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে এবং সন্ত্রাসী ছাত্রলীগ-যুবলীগের অস্ত্রের মুখোমুখি হয়ে রাজপথে ছিল।" তিনি জানান, আজ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে ছাত্রদল সকল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের পাশে অবস্থান নিয়েছে। সন্ত্রাসীরা যে ভাষায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইবে, আজ থেকে ছাত্রদলও তাদের ভাষায় জবাব দেবে।

বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাকিব বলেন, "যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং প্রতিবেশী রাষ্ট্রের দোসরদের সহযোগিতায় বাংলাদেশকে অস্থির করতে চায়, তাদের সাহস থাকলে বাংলাদেশে এসে কর্মসূচি ঘোষণা করুক।" তিনি উল্লেখ করেন, আড়াই বছর হতে চলল, শেখ মুজিব পরিবারের একজনকেও বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। ছাত্র-জনতা তাদের বিচারের মুখোমুখি করার জন্য উন্মুখ হয়ে আছে।

আরও পড়ুন: আ.লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দেওয়ার দাবি এবি জুবায়েরের

ছাত্রদল সভাপতি বলেন, ফাঁসির রায় কার্যকর ঠেকাতেই দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। তিনি বলেন, "যখন খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর করার দাবি উঠেছে এবং একের পর এক মামলায় তাদের শীর্ষ নেতৃত্বের অপরাধের রায় ঘোষণা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে রায় কার্যকর ঠেকাতে তাদের সাঙ্গপাঙ্গরা আবারও বাংলাদেশকে অস্থির করতে চায়।"

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে রাকিব বলেন, "আমাদের মধ্যে গণতান্ত্রিক ও ছাত্র রাজনীতির প্রতিযোগিতা অবশ্যই থাকবে।" তিনি বলেন, "ছাত্রদল যদি কখনো জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়, তবে সকল ছাত্র সংগঠনের অধিকার রয়েছে তার প্রতিবাদ করার।" তবে তিনি উল্লেখ করেন, "আজকের এই প্রেক্ষাপটে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলাম, সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।"

বক্তব্যের শেষে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, গোপালগঞ্জে যেসব ঘটনা ঘটছে, তা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। তিনি বলেন, সেখানকার সন্ত্রাসীদের অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। বৈরী আবহাওয়া ও ঝড়-বৃষ্টির কারণে তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন: হাসিনার পরিকল্পনা দেশের অরাজকতা সৃষ্টি করা : সোহেল তাজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনার পরিকল্পনা দেশের অরাজকতা সৃষ্টি করা : সোহেল তাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


হাসিনার পরিকল্পনা দেশের অরাজকতা সৃষ্টি করা : সোহেল তাজ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ মন্তব্য করেছেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন।’

সোহেল তাজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মন্তব্যে উল্লেখ করেন, শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের লাশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। ওই সময় তিনি দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের তাণ্ডব চালানোর কিছু ছবি শেয়ার করেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লেখেন, পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন। ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।

সোহেল তাজ আরও উল্লেখ করেন, উনি (শেখ হাসিনা) সম্প্রতি বলেছেন যে ওনার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ। তিনি (শেখ হাসিনা) চান নিজের দলের লাশ। এজন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন, যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন। এটাই হচ্ছে একজন সাইকোপ্যাথের চরিত্র, নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের জন্য অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের জন্য অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ

জয়পুরহাট, ১৯ নভেম্বর, ২০২৬ ( বাসস) : জেলার ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে আয়বর্ধক প্রকল্পের আওতায় পণ্য সামগ্রী ও অনুদান বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে আউসগাড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আউসগাড়া উন্নয়ন সংস্থার সভাপতি নিজাম উদ্দিন, নির্বাহী পরিচালক শফিকুল আলম, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল, এনআরডিএস-এর নির্বাহী পরিচালক আনিসুর রহমান বিটন, এবং জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।

প্রধান অতিথি উপকারভোগীদের হাতে পণ্য সামগ্রী তুলে দেন।

প্রধান অতিথি মাসুদ রানা প্রধান বলেন, "প্রান্তিক ও অসহায় মানুষের আত্মকর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের আয়বর্ধক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

তিনি আরও বলেন, "আমরা চাই ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীরা এ সহায়তাকে কাজে লাগিয়ে নিজেদের পায়ে দাঁড়াক এবং পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক। অসহায় ও কর্মঠ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় উদ্বোধন হলো দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


সাতক্ষীরায় উদ্বোধন হলো দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’

সাতক্ষীরা, ১৯ নভেম্বর, ২০২৬ : মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠার উদ্দেশ্যে সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

বিসিক-সাতক্ষীরার সহযোগিতায় এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের তত্ত্বাবধানে আজ ১৯ ও আগামীকাল ২০ নভেম্বর এই মেলা চলবে।

উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্তা রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব দাস, বিসিকের উপ-ব্যবস্থাপক গৌরব দাস, উদ্যোক্তা রেহেনা পারভীন প্রমুখ।

এ সময় বিভিন্ন উদ্যোক্তা এবং সরকারি-বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট) সাদিয়া ইসলাম।

আয়োজকরা জানিয়েছেন, প্রশিক্ষণ ও পুঁজি সহায়তা পেয়ে মানবপাচারের শিকার অনেকেই হস্তশিল্প, সেলাই, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও প্রাণিসম্পদ খাতে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন।

মেলায় খুলনা ও সাতক্ষীরা জেলার মানবপাচারের শিকার নারী ও পুরুষ উদ্যোক্তাদের পাশাপাশি মহিলা বিষয়ক অধিদপ্তর, বিসিক এবং বেসরকারি খাতের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য ১৯টি স্টলে প্রদর্শনের আয়োজন করেছেন।

উদ্বোধনের পর ব্যবসায়িক যোগাযোগ, বাজার সংযোগ এবং উদ্যোক্তাদের অভিজ্ঞতা ও সফলতার গল্প নিয়ে দুটি মতবিনিময় ও শিখন সেশন অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দেওয়ার দাবি এবি জুবায়েরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


আ.লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দেওয়ার দাবি এবি জুবায়েরের

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং ‘জুলাই ঐক্য’-এর অন্যতম সংগঠক এবি জুবায়ের দাবি করেছেন যে, আওয়ামী লীগকে কেবল কার্যক্রম নিষিদ্ধের মধ্যে সীমাবদ্ধ না রেখে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা উচিত।

তিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই দাবি জানান। একইসাথে, আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক ভবিষ্যৎ সম্পর্কে আইনি কাঠামোর মধ্যে চূড়ান্ত ও সুস্পষ্ট নিষ্পত্তির আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে এবি জুবায়ের আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম এবং দলটির আইনি অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি উল্লেখ করেন, ‘২০২৪ সালের ২৩ অক্টোবর তৎকালীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রমও নিষিদ্ধ করা হয়। কিন্তু প্রশ্ন হলো, শুধু কার্যক্রম নিষিদ্ধ করেই কি আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা পুরোপুরি বন্ধ করা সম্ভব?’

এবি জুবায়ের মনে করেন, আওয়ামী লীগকে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করায় দলটি বিভিন্ন মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছে। তিনি লেখেন, ‘দলটিকে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করায় গণমাধ্যমের বিভিন্ন পরিসর, টকশোসহ নানা জায়গায় তাদের বক্তব্য ও রাজনৈতিক অবস্থান তুলে ধরার সুযোগ থেকে যাচ্ছে। যখন গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় লীগের সন্ত্রাসীরা একের পর এক অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে, তখন আওয়ামী লীগের সুশীলরা তাদের পক্ষেই কথা বলছে। এমনকি সরকারের তথ্য উপদেষ্টাও আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ দিচ্ছেন। অপরদিকে রুমিন ফারহানা আরও এক ধাপ এগিয়ে আওয়ামী লীগকে নিয়ে সংলাপ করতে বলছেন।’

এটি উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের মে মাসে তৎকালীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে। পরবর্তী সময়ে ২০২৬ সালের এপ্রিলে জাতীয় সংসদে এ-সংক্রান্ত বিলটি পাস হয়।

তবে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপের দাবি উঠেছে।

এমন পরিস্থিতিতে এবি জুবায়ের আবারও দাবি করেন যে, আওয়ামী লীগকে শুধু কার্যক্রম নিষিদ্ধের আওতায় সীমাবদ্ধ না রেখে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা উচিত। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে কেবল কার্যক্রম নিষিদ্ধের আওতায় সীমাবদ্ধ না রেখে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সময় হয়েছে। শুধু নিষেধাজ্ঞার ঘোষণা নয়, প্রয়োজন আইনি কাঠামোর মধ্যে বিষয়টির সুস্পষ্ট নিষ্পত্তি। আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে আর কোনো অস্পষ্টতা নেই। আইন অনুযায়ী তদন্ত, বিচারিক প্রক্রিয়া ও যথাযথ প্রমাণের ভিত্তিতে দলটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%