০৬:৩২ পি.এম
মহিপুরের আলোচিত বৃদ্ধ হারিশ আহমেদ ওরফে মজিবুর হত্যা মামলায় মহিপুর থানার ৯নং ধুলাসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন খন্দকারকে আসামী করা নিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এই মানববন্ধনে তারা জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সোমবার ২৭ জুলাই, দুপুরের দিকে, ধুলাসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে তাড়িকাটা দাখিল মাদরাসার সামনের সড়কে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। এতে পাঁচশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা তাদের দাবি জানান, ঘটনার সময় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন খন্দকার নিজ বাড়িতে ছিলেন। পরে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত বৃদ্ধ হারিচ আহমেদকে উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। অথচ তাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে হত্যার মামলার আসামি করা হয়েছে।
আরও পড়ুন: নরসিংদী শিবপুরে ১১ লাখ ৮৫ হাজার টাকার ভুয়া ব্যান্ডরোল জব্দ, গ্রেফতার ২
বক্তারা আরো জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি আহত ব্যক্তির জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। সেই ব্যক্তিকেই মামলায় জড়ানো অত্যন্ত দুঃখজনক ও অন্যায়। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সত্যতা উদঘাটন করে দোষী ব্যক্তিদের শাস্তি এবং জসিম উদ্দিন খন্দকারের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য জসিম উদ্দিন খন্দকারের স্ত্রী নাসিমা বেগম, ছেলে সোহেল খন্দকার, স্থানীয় জামাল শিকদার, শহিদুল ইসলামসহ আরো অনেকেই।
উল্লেখ্য, গত ১৯ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে নয়াকাটা গ্রামের হারিচ আহমেদ ওরফে মজিবুরের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামী করে মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ইতোমধ্যে দুইজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আরও পড়ুন: শিবচরে স্কুলশিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে চিকিৎসাসেবা, বিতরণ ওষুধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন