ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণা সুলতান সালাউদ্দিন টুকুর


খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণা সুলতান সালাউদ্দিন টুকুর

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে।

টুকু বলেন, "তারা মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করতে চায়। তবে এই খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।"

তিনি আজ সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুম ও নির্যাতন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাভোগ করতে হয়েছে। নির্যাতনের মাত্রা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। পরে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই খুনি চক্রকে বিতাড়িত করেছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বর্তমানে পার্শ্ববর্তী দেশে বসে তারা বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এত কিছুর পরও তাদের কোনো অনুশোচনা নেই। এর অর্থ, তারা জনগণের ওপর নির্ভর করে রাজনীতি করতে চায় না।

আরও পড়ুন: এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জানালো জামায়াত

তিনি বলেন, "যারা এই দেশকে ধ্বংস করতে চায়, তারা দেশের শত্রু, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন আবারও খুনের পথ বেছে নিয়েছে। গত দুই দিনে বিএনপির তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তারা মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করতে চায়।"

টুকু আরও বলেন, "দেশের প্রত্যেক মানুষ শান্তি চায়, আইনের শাসন চায়। আমরা বাংলাদেশকে বুকে ধারণ করে পথ চলতে চাই, দেশ গঠন করতে চাই এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এই কাজে যারা বাধা দেবে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে কিংবা অগ্নিসন্ত্রাস চালাবে, তাদের অপকর্মের হাত ভেঙে দেওয়া হবে। টাঙ্গাইলে সন্ত্রাসের কোনো জায়গা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের রুখতে পারবে না।"

এর আগে শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন মাহমুদুল হক সানু। এ সময় জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আরও পড়ুন: ভোটের রায় বাস্তবায়নে লং মার্চ করেছি, সরকার বাধ্য করলে হরতাল-অবরোধ করবো: ছাত্রশিবির সভাপতি

এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি দিয়েছেন যে, দেশের অস্থিতিশীলতার যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। তিনি উল্লেখ করেন, পরাজিত শক্তি বিভিন্নভাবে নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে, কিন্তু সরকার এ বিষয়ে অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে।

যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার রাতে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

রুহুল কবির রিজভী তার বক্তব্যে দাবি করেন, বর্তমান সরকারের সময়ে আগের মতো গুম, খুন বা ক্রসফায়ারের সংস্কৃতি নেই এবং মানুষ এখন ভয়হীনভাবে চলাফেরা করতে পারছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক ধারায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়া সরকার জনগণের কাছে জবাবদিহিমূলকভাবে কাজ করছে।

নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্মার্ট হেলথ কার্ড চালুর উদ্যোগের পাশাপাশি খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে যেসব আপত্তি বা নোট অব ডিসেন্ট রয়েছে, তা নিষ্পত্তির জন্য সংসদে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।

দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গে রিজভী অভিযোগ করেন, নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় দলীয় নেতাকর্মী হত্যাসহ গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। ধৈর্যের সীমা অতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা ছিলেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

বিশেষ বক্তা ছিলেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। সভায় জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিকের জমি বরাদ্দে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


বিসিকের জমি বরাদ্দে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীতে ১৯ হাজার বর্গফুট জমির বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের মাধ্যমে সরকারের ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার আসামিদের মধ্যে বিসিকের সাবেক চেয়ারম্যান, শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব ও অতিরিক্ত সচিব অন্তর্ভুক্ত রয়েছেন।

মামলার আসামিরা হলেন—ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আহমেদ ফয়সাল চৌধুরী, বিসিকের সাবেক চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মুশতাক হাসান মুহ. ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার, সাবেক অতিরিক্ত সচিব বাসুদেব আচার্য্য, সাবেক অতিরিক্ত সচিব পরাগ এবং সাবেক সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

বৃহস্পতিবার, দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক সৈয়দ আলম। আজ বৃহস্পতিবার, দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

মামলার এজাহার অনুযায়ী, ১৯৭৯ সালের ২৩ জানুয়ারি চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীতে কলাপসিবল টিউব উৎপাদন প্রকল্পের জন্য ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে ২৪ হাজার বর্গফুট জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। পরবর্তীতে প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার কারণে ১৯৯৩-৯৪ সালে বিসিকের প্লট বরাদ্দ কমিটির সভায় ওই জমির বরাদ্দ বাতিল করা হয়। একই সময়ে ৫ হাজার বর্গফুট জমি মেসার্স হাইটেক ট্রেড লিমিটেডের নামে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর, ২০১৫ সালের ৩ মার্চ ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ফয়সাল চৌধুরী বাতিল হওয়া অবশিষ্ট ১৯ হাজার বর্গফুট জমি পুনরায় বরাদ্দের জন্য আবেদন করেন। তিনি নতুন ধার্য করা মূল্য পরিশোধ এবং বিসিকের নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার করেন। এ বিষয়ে একই বছরের ১৭ মে বিসিকের চট্টগ্রাম কার্যালয় থেকে শিল্প মন্ত্রণালয়ের বিসিক শাখায় একটি চিঠি পাঠানো হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ২ আগস্ট অনুষ্ঠিত বিসিকের ৫৭তম প্লট বরাদ্দ কমিটির সভায় প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ার কারণে বিষয়টি নিষ্পত্তি হয়নি। পরবর্তী সময়ে ২০১৭ সালের ৩ এপ্রিল অনুষ্ঠিত ৫৮তম সভায় এ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। একই বছরের ৩ মে উদ্যোক্তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

দুদকের অভিযোগে বলা হয়েছে, তৎকালীন বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার করে ওই ১৯ হাজার বর্গফুট জমির বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের উদ্যোগ নেন। তিনি শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়ে নোট অনুমোদন করেন এবং সচিবের কাছে একটি চিঠি পাঠান।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার নথিতে বিসিকের প্রস্তাবের ভিত্তিতে অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে জমির বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের ব্যবস্থা নিতে বিসিককে বলার সুপারিশ করা হয়। এ নোটে প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার, সাবেক অতিরিক্ত সচিব বাসুদেব আচার্য্য, সাবেক অতিরিক্ত সচিব পরাগ এবং সাবেক সচিব মোহাম্মদ আব্দুল্লাহ স্বাক্ষর করেন। পরে ২০১৭ সালের ২৩ আগস্ট শিল্প মন্ত্রণালয় থেকে বিসিক চেয়ারম্যান বরাবর এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।

দুদকের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে বিসিক প্লট বরাদ্দ নীতিমালা, ২০১০-এর ১৯(২) ধারা লঙ্ঘন করে ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের অনুকূলে ১৯ হাজার বর্গফুট জমির বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের ব্যবস্থা করেন। এতে সরকারের মোট ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। এর মধ্যে জমির মূল্য বাবদ ৩ কোটি ৩১ লাখ ১৭ হাজার টাকা এবং ভ্যাট বাবদ ৬ লাখ ৬২ হাজার ৩৪০ টাকা রয়েছে।

জানা গেছে, ২০১৭ সালের ১০ জুলাই আহমেদ ফয়সাল চৌধুরী নতুন করে আবেদন করেন। এতে নতুন নিয়মে জমির মূল্য পরিশোধ না করে আগে পরিশোধিত মূল্যে বকেয়া সার্ভিস চার্জ দিয়ে প্রতিষ্ঠানটি চালুর অনুমতি চান তিনি। এ বিষয়ে বিসিকের পক্ষ থেকে জানানো হয়, নতুন নিয়মে মূল্য পরিশোধের শর্তে জমি বরাদ্দের নির্দেশনা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। ফলে এ বিষয়ে বিসিক পর্যায়ে করণীয় কিছু নেই। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

ফেনী, ১৯ নভেম্বর, ২০২৬ : ফুলগাজী উপজেলার নতুন মুন্সীরহাট গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের দিকে ২টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

তবে, ব্যাংকটির ব্যবস্থাপক সরোয়ার মোর্শেদ বাসসকে নিশ্চিত করেছেন যে, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

পুলিশ ও শাখা ব্যবস্থাপক সূত্রে জানা যায়, মুন্সীরহাট সংলগ্ন জগতপুর-আমজাদহাট সড়কের হাবুর টেক নামক স্থানে এই ঘটনা ঘটে।

গতকাল বুধবার গভীর রাতে ব্যাংকের ৬-৭ জন কর্মকর্তা-কর্মচারী কার্যালয়ের দোতলায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তাদের ঘুম ভেঙে যায়। তখন তারা ডাকাত-ডাকাত বলে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রাতভর সেখানে অবস্থান করে।

আজ বৃহস্পতিবার সকালে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া এবং গ্রামীণ ব্যাংক ফেনী জোনাল ম্যানেজার মনিরুজ্জামান শাখাটি পরিদর্শন করেন।

শাখা ব্যবস্থাপক সরোয়ার মোর্শেদ বাসাসকে জানান, তিনি হেড অফিসের নির্দেশনা পেলে থানায় লিখিত অভিযোগ দেবেন।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া বাসসকে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে ডিএমপি ও নারী বিভাগে এপিবিএন চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে ডিএমপি ও নারী বিভাগে এপিবিএন চ্যাম্পিয়ন

বাংলাদেশ পুলিশ ভলিবল (নারী ও পুরুষ) চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ফাইনালে ডিএমপি ঢাকা রেঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, নারী বিভাগে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দলকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অতিরিক্ত আইজি এবং বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামাল, বিপিএম-সেবার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলাকে শুধুমাত্র বিনোদন হিসেবে নয়, বরং পেশা হিসেবে গ্রহণের উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলা একটি ভালো মাধ্যম।

আইজিপি আরও বলেন, পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি সকলকে আহ্বান জানান, যেন কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হন।

আইজিপি বলেন, আমরা দেশের বিভিন্ন স্থান থেকে তরুণ খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ গ্রহণ করেছি। তিনি পুলিশের সব ক্লাবের কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান, যেন নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলাধুলায় আরও ভালো করার চেষ্টা করেন।

অনুষ্ঠানে আইজিপি বিচ ভলিবলের জার্সি উন্মোচন করেন এবং তীব্র উত্তেজনাপূর্ণ এই খেলা উপভোগ করেন।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডিএমপির মিলন এবং নারী বিভাগে এপিবিএনের কেয়া।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বাংলাদেশ পুলিশ (পুরুষ ও নারী) ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুরু হয়। এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৩টি দল ও নারী বিভাগে ৬টি দল অংশগ্রহণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%