ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এনসিপির ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


এনসিপির ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করবে। এই কর্মসূচির পেছনে রয়েছে পাঁচটি দাবি, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির রাজনৈতিক পর্ষদের (পিসি) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান।

আখতার হোসেন বলেন, "সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করতে হবে, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় করতে হবে এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে।" তিনি উল্লেখ করেন, এই পাঁচ দাবির ভিত্তিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: হাসিনার ফিরে আসার কথা নিছক রাজনৈতিক স্টান্টবাজি: এমপি কয়ছর

তিনি আরও বলেন, "আওয়ামী লীগ সত্তাগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিবাদী গোষ্ঠী। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এনসিপির পক্ষ থেকে আমরাও সংসদে এবং রাজপথে বলে আসছি, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে।" তিনি অভিযোগ করেন যে, বর্তমানে কিছু ব্যক্তির বিচার হচ্ছে, কিন্তু তা ধীরগতিতে চলছে।

আখতার হোসেন বলেন, "প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন, কিন্তু সেটি কীসের ভিত্তিতে হবে তা পরিষ্কার করা প্রয়োজন।" তিনি উল্লেখ করেন, আওয়ামী সন্ত্রাসী জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দেশের যেকোনো রাজনৈতিক দল গোষ্ঠী প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্যের প্রয়োজন অনুভব করেন।

এনসিপির সদস্যরা জানান, গোপালগঞ্জে থানায় হামলা, অস্ত্র লুট এবং আওয়ামী লীগের লোকজনের মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা দাবি করেন, আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এছাড়া, গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসন্ত্রাসের অভিযোগও তোলেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য ড. আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত এবং আকরাম হোসাইন সিএফ।

আরও পড়ুন: দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: রিজভী

এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে সভায় যুক্ত হন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম এবং দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপিও সভায় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মো. শফিকুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ পি.এম


মো. শফিকুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) পদে পদোন্নতি লাভ করেছেন মো. শফিকুল ইসলাম, যিনি কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রায় তিন দশকের পেশাগত জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান, বৈদেশিক খাতের তথ্য ব্যবস্থাপনা, ঋণতথ্য ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মো. শফিকুল ইসলাম ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনের মধ্যে তিনি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক ঋণ, আন্তর্জাতিক বিনিয়োগ অবস্থান, রপ্তানি আয়, আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং লেনদেনের ভারসাম্যসংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও সংকলনের কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তিনি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জরিপ ইউনিট, বিগ ডেটা বিশ্লেষণ ও ডেটা সায়েন্স ইউনিট এবং এসডিজি ইউনিটের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে লেনদেনের ভারসাম্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন। তাছাড়া, তানজানিয়া, সিঙ্গাপুর এবং ভারতে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বিশ্বব্যাংকের ‘বিজনেস রেডি ২০২৬’ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্প্রতি তিনি সংশ্লিষ্ট প্রশংসাপত্র লাভ করেছেন।

সিআইবিতে কর্মরত অবস্থায় তিনি সিঙ্গাপুরের ক্রেডিট ব্যুরো পরিদর্শন করেন এবং বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিসহ বিভিন্ন ব্যাংক আয়োজিত কর্মশালায় অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। দেশের ক্ষুদ্রঋণ খাতের জন্য মাইক্রোফাইন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (এমএফ-সিআইবি) প্রতিষ্ঠার উদ্যোগে তিনি দলনেতা হিসেবে কাজ করেন। এ-সংক্রান্ত বিভিন্ন কর্মশালায়ও তিনি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি, শিল্প মন্ত্রণালয়ের এনপিও পরিদর্শন দলের সঙ্গে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জের সন্তান মো. শফিকুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ওই বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ, শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ, শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি

রাজপথে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, বৃষ্টি উপেক্ষা করে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির বিরুদ্ধে এই প্রতিবাদ।

আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটির নেতাকর্মীরা। এসব কর্মসূচি থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানানো হয়।

শাহবাগ এলাকায় সকাল থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে তাঁরা দফায় দফায় বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যান।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, "গত ১৭ বছর ধরে হত্যা, গুম ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার।" তিনি অভিযোগ করেন, "এখন ভারত থেকে আবারও একই ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।" ছাত্রদল মেনে নেবে না বলেও জানান তিনি।

নাছির উদ্দীন আরও বলেন, "গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে গণতন্ত্রকামী সংগঠন ও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছেন।" তিনি দাবি করেন, "আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।"

তিনি বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের রাজপথে সক্রিয় ছিল। সেই সক্রিয় ভূমিকার কারণে তারা ঢাকা শহরের কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম প্রদর্শন করতে পারেনি।"

সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, "জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে।" তিনি অভিযোগ করেন, "এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন।"

রাকিবুল ইসলাম আরও বলেন, "বাংলাদেশের কোনো ছাত্রসংগঠনের ইতিহাসে প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে গিয়ে কর্মসূচি ঘোষণা করার নজির নেই। কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগ তাদের নেত্রীর সঙ্গে পালিয়ে গিয়ে ভারত থেকে কর্মসূচি ঘোষণা করছে।"

তিনি অভিযোগ করেন, "ছাত্রলীগের নেতাকর্মীরা অতীতে ছাত্ররাজনীতিকে কলুষিত করেছেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে গেলেও তারা এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাননি।" তিনি বলেন, "বরং সাধারণ শিক্ষার্থীদের ওপর কীভাবে ককটেল নিক্ষেপ করা যায়, সে বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশনা দেওয়া হচ্ছে।"

বক্তব্যের একপর্যায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি করে স্লোগান দেন রাকিব। এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ এবং ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতসহ কেন্দ্রীয় নেতারা।

অবস্থান কর্মসূচিতে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, "আওয়ামী লীগের ডাকা লকডাউন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।" তিনি বলেন, "রাজধানীর সড়কে স্বাভাবিক যানচলাচলই এর প্রমাণ। অন্যায় ও রক্তপাতের সঙ্গে জড়িত শেখ হাসিনার লকডাউন বাংলাদেশে কিংবা পৃথিবীর কোথাও সফল হবে না।"

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, "একজন মানুষের জীবদ্দশায় যত ধরনের চরম পরিণতি ভোগ করার সুযোগ রয়েছে, শেখ হাসিনা তা ভোগ করবেন। বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে, তিনি কবে দেশে ফিরবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে ৮০টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে ৮০টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া, ১৯ নভেম্বর, ২০২৬ : জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের বাস্তবায়নের উদ্দেশ্যে জেলা পরিষদের অর্থায়নে গৃহীত ৮০টি প্রকল্পের প্রথম কিস্তির অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহষ্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম উল্লেখ করেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা অবহেলা বরদাশত করা হবে না। প্রতিটি প্রকল্পের কাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, জনগণের অর্থে পরিচালিত প্রতিটি উন্নয়নকাজের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। দায়িত্বে থাকা অবস্থায় উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলার পিআইসি কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-পাবনা রুটে চালু হলো ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ আন্তঃনগর ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


ঢাকা-পাবনা রুটে চালু হলো ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ আন্তঃনগর ট্রেন

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : ঢাকা-পাবনা রুটে নতুন একটি জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামক এই আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

পাবনা রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে উদ্বোধনী বিশেষ ট্রেনযোগে মন্ত্রী পাবনা থেকে ঢাকায় ফিরে আসেন। এর আগে একই দিন সকাল বেলায় তিনি সড়কপথে ঢাকা থেকে পাবনা আসেন।

আগামীকাল ২০ নভেম্বর থেকে ট্রেনটি ঢাকা-পাবনা রুটে বাণিজ্যিকভাবে নিয়মিত চলাচল শুরু করবে।

নিয়মিত চলাচলে ৮০৮ নং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এবং ঢাকা পৌঁছাবে বেলা ২টা ১০ মিনিটে। অপরদিকে ৮০৭ নং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বেলা ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাবনা পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে। এই ট্রেনটি আপ ও ডাউন উভয় পথে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সঙ্গতি রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ে এই ট্রেন চালু করছে। নতুন এই ট্রেনের মাধ্যমে ঢাকা-পাবনা রুটে দীর্ঘ প্রতীক্ষিত আন্তঃনগর রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার, পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পাবনার বিভিন্ন স্তরের জনসাধারণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%