মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি
০৩:০৫ পি.এম
বুধবার (১১ নভেম্বর) দুপুরের দিকে শেরপুরের পৌর শহরস্থ শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় পদকপ্রাপ্ত, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় শেরপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফরিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুজ্জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই,
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মোহসীনা সোবহান, সদর উপজেলা প্রাথমিক এডুকেশন ট্রেনিং সেন্টার ইন্সট্রাক্টর লুৎফর রহমান, শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা আজমেরী, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি সাংবাদিক মোঃ রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হাসান বাদল সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পেরুর লা রিনকোনাদা, পৃথিবীর সর্বোচ্চ স্থায়ী জনবসতি, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার মিটার উচ্চতায় অবস্থিত। এটি আন্দিজ পর্বতমালার পূর্বাংশে অবস্থিত এবং চারদিকে বরফঢাকা পাহাড়, পাতলা বাতাস ও দুর্গম পরিবেশ দ্বারা পরিবেষ্টিত। প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে এখানে জীবনযাত্রা অত্যন্ত কঠিন। প্রায় ৫০ হাজার মানুষের বসবাসের এই জনপদে বিশুদ্ধ পানির সরবরাহ, পয়োনিষ্কাশন ব্যবস্থা কিংবা বর্জ্য ব্যবস্থাপনার সুযোগ নেই। সোনার খোঁজে প্রতিকূল পরিবেশে এখানে মানুষগুলো বসবাস করছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
নাসার চোখে পৃথিবীর সর্বোচ্চ জনবসতি
২০১৯ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা লা রিনকোনাদাকে পৃথিবীর সর্বোচ্চ জনবসতি হিসেবে উল্লেখ করে। নাসার ল্যান্ডস্যাট-৮ স্যাটেলাইটের অপারেশনাল ল্যান্ড ইমেজার যন্ত্রে ২০১৯ সালের ১ আগস্ট তোলা ছবিতে এই জনপদ দেখা যায়। এটি দক্ষিণ-পূর্ব পেরুর আন্দিজ পর্বতমালায়, বলিভিয়া সীমান্ত থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত। আনানেয়া পর্বতের ঢালে এবং লা বেলা দুরমিয়েন্তে নামের একটি হিমবাহের নিচে গড়ে উঠেছে বসতিটি। স্প্যানিশ ভাষায় লা বেলা দুরমিয়েন্তে অর্থ ‘ঘুমন্ত সুন্দরী’ বলে পরিচিত।
নাসার তথ্যমতে, লা রিনকোনাদার যাত্রা শুরু হয়েছিল প্রায় চার দশক আগে অস্থায়ী খনিশ্রমিকদের বসতি হিসেবে। সেখানে শুরুতে স্থায়ী শহর গড়ে তোলার পরিকল্পনা ছিল না, তাই নাগরিক সুবিধা যেমন পানি, পয়োনিষ্কাশন কিংবা বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন করা হয়নি।
সেখানে সোনার খনিতে শ্রমিকদের কাজের ব্যবস্থা ছিল ভিন্ন। পুরুষ খনিশ্রমিকরা একটানা সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত খনিতে কাজ করতে পারতেন। এ সময় তাঁরা নির্দিষ্ট মজুরি পেতেন না, তবে খনি থেকে যতটুকু সোনা সংগ্রহ করতে পারতেন, তা নিজেদের কাছে রাখার সুযোগ ছিল। এই ব্যবস্থা অস্থায়ী খনিশিবিরটিকে স্থায়ী জনবসতিতে পরিণত হওয়ার পেছনে ভূমিকা রেখেছে।
সোনার দাম বাড়তেই বাড়ে জনসংখ্যা
জীবনযাপনের প্রতিকূল পরিবেশ সত্ত্বেও ২০০০-এর দশকে লা রিনকোনাদার জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। নাসার তথ্য অনুযায়ী, সোনার বাজারদর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে এখানকার জনসংখ্যা বেড়েছিল ২৩০ শতাংশ। ওই দশকেই প্রথম বিদ্যুৎ পৌঁছায় জনপদটিতে।
তবে এখনো বর্জ্য ব্যবস্থাপনার কোনো কার্যকর ব্যবস্থা নেই। বাসিন্দাদের অনেকেই শহরের বাইরে আবর্জনা পুড়িয়ে ফেলেন বা মাটিচাপা দেন। এর ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পাতলা বাতাসে বসবাসের স্বাস্থ্যঝুঁকি
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার মিটার উচ্চতায় হওয়ায় লা রিনকোনাদার বাতাসে অক্সিজেনের পরিমাণ অনেক কম। নাসার তথ্য অনুযায়ী, এখানে শ্বাস নেওয়ার সময় শরীরে সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় অর্ধেক পরিমাণ অক্সিজেন প্রবেশ করে।
এমন পরিবেশে দীর্ঘদিন বসবাস করলে ক্রনিক মাউন্টেন সিকনেস বা দীর্ঘস্থায়ী উচ্চতাজনিত অসুস্থতা দেখা দিতে পারে। এর লক্ষণগুলোর মধ্যে মাথা ঘোরা, মাথাব্যথা, কানে শব্দ হওয়া ও হৃদস্পন্দন বেড়ে যাওয়া অন্তর্ভুক্ত। গুরুতর ক্ষেত্রে হৃদ্যন্ত্র বিকল হওয়া এমনকি মৃত্যুও ঘটতে পারে।
নাসার গবেষকদের অনুমান, লা রিনকোনাদার প্রতি চারজন বাসিন্দার একজন এ সমস্যায় ভুগছেন। এ কারণে গবেষকেরা সেখানে যান উচ্চতাজনিত অক্সিজেনস্বল্পতার স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে গবেষণা করতে।
পর্যটকদের জন্য কি আদর্শ গন্তব্য?
পেরুতে রয়েছে মাচুপিচুর মতো বিশ্ববিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের নানা আকর্ষণ। প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক এসব স্থান দেখতে যান। তবে লা রিনকোনাদা তেমন কোনো পর্যটনকেন্দ্র নয়।
২০২৫ সালে ট্রিপসাইডের এক প্রতিবেদনে জনপদটিকে প্রায় ৫ হাজার ১০০ মিটার উচ্চতায় অবস্থিত বলে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, ২০০০-এর দশকের শুরুর দিকে সোনার খোঁজে মানুষের আগমন বাড়তে থাকায় একসময়কার ছোট পাহাড়ি গ্রামটি ৫০ হাজারের বেশি মানুষের বসতিতে পরিণত হয়েছে।
প্রতিবেদনটিতে শহরটির নিরাপত্তা ও পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তবে এগুলো ওই সংবাদমাধ্যমের নিজস্ব পর্যবেক্ষণ। নাসা ও ট্রিপসাইড—উভয় প্রতিবেদনেই উঠে এসেছে, লা রিনকোনাদা মূলত খনিশ্রমিকদের বসতি, পর্যটকদের জন্য পরিকল্পিত কোনো শহর নয়।
সোনার আকর্ষণে গড়ে ওঠা লা রিনকোনাদা প্রমাণ করে, প্রাকৃতিক সম্পদের সন্ধানে মানুষ কত প্রতিকূল পরিবেশেও বসতি গড়ে তুলতে পারে। তবে সেখানে জীবনযাপনের মৌলিক সুযোগ-সুবিধার অভাব একটি বড় বাস্তবতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথি এবং তাঁর মাতা তাহমিনা বেগমকে হত্যা সংক্রান্ত মামলায় মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে সুমাইয়াকে হত্যার জন্য দুই লাখ টাকা এবং তাহমিনা বেগমকে হত্যার জন্য এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। সুমাইয়ার ভাই ও সহপাঠীরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁরা দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসিন আরাফাত এ রায় প্রদান করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর সুমাইয়ার ভাই মো. তাজুল ইসলাম, যিনি ফয়সাল নামে পরিচিত, কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর জিআর ৭১২/২৫ এবং নারী ও শিশু মামলা নম্বর ১৮০/২৬। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারা এবং দণ্ডবিধির ৩০২ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া এবং তাঁর মা তাহমিনা বেগম অবস্থান করছিলেন। ওই দিন রাত ১০টার দিকে তাজুল ইসলাম বাসায় গিয়ে বোনকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি বোনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তাঁর মাকেও মৃত অবস্থায় পাওয়া যায়। তাহমিনার মাথা ও কনুইয়ে রক্তের চিহ্ন এবং নাক-মুখে আঘাতের চিহ্ন ছিল। পরে ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে আসে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ৭ সেপ্টেম্বর সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাঁদের হত্যা করে বাসা থেকে কয়েকটি মুঠোফোন ও একটি ল্যাপটপ নিয়ে যায়।
মামলার তদন্তে ৯ সেপ্টেম্বর মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সেখানে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
জবানবন্দিতে মোবারক জানান, তিনি বালুতুপা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ঝাড়ফুঁক দেওয়ার সূত্রে সুমাইয়া ও তাঁর মায়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২ সেপ্টেম্বর তিনি তাঁদের বাসায় গিয়ে ঝাড়ফুঁক করেন। পরে ৭ সেপ্টেম্বর সকালে সুমাইয়ার মায়ের ডাকে তিনি ওই বাসায় যান।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ওই দিন মোবারক সুমাইয়াকে ধর্ষণ করেন। বিষয়টি তাহমিনা বেগম দেখে ফেললে তিনি তাঁকে ধাক্কা দেন। পরে মোবারক তাঁকে গলা চেপে হত্যা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। এরপর সুমাইয়াকেও গলা চেপে হত্যা এবং বাসা থেকে ল্যাপটপসহ কয়েকটি জিনিস নিয়ে যাওয়ার কথা তিনি স্বীকার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২৬ সালের ১৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ২৩ জুলাই মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে আসে। আদালত ১৬ আগস্ট মামলাটি আমলে নেন এবং ২০ আগস্ট অভিযোগ গঠন করেন। একই দিনে আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আয়েশা আক্তারকে নিয়োগ দেওয়া হয়।
মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ১২ অক্টোবর ১৩তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ১৯ অক্টোবর আসামির বক্তব্য নেওয়া হয়। ২৭ অক্টোবর যুক্তিতর্ক শেষে ৫ নভেম্বর রায়ের দিন ধার্য করেন আদালত। পরে রায়ের তারিখ পিছিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সুমাইয়ার ভাই তাজুল ইসলাম। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "আমি ন্যায়বিচার পেয়েছি। এখন দ্রুত এ রায় বাস্তবায়ন দেখতে চাই। এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। আশা করছি, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।"
সুমাইয়ার সহপাঠী নূরানী শেখ বলেন, "আমরা শুরু থেকেই চেয়েছি, এই নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। তবে রায় ঘোষণার পর তা কার্যকর হতে যেন দীর্ঘ সময় না লাগে, সেটাই আমাদের প্রত্যাশা।"
আরেক সহপাঠী সামিউন সোলতানা ঐশী বলেন, "সুমাইয়া ও তাঁর মায়ের হত্যার রায় ঘোষণার জন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আমরা চাই, রায় ঘোষণার পর এর কার্যকরের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হোক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পর যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। তবে পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
মন্ত্রী বলেন, চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বুধবার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) এবং লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বিপুল সম্ভাবনা রয়েছে। গত বছর দেশ থেকে লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। পাশাপাশি প্রতিবেশী ভারতও বাংলাদেশের চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে।
এ সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পণ্যের গুণগত মান, পরিবেশগত কমপ্লায়েন্স এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা চামড়াশিল্পের অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এখন এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নিচ্ছে। সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত হওয়ার পরও যেসব ট্যানারি উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো সচল করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হবে।
তিনি জানান, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। পরিবেশগত মান ও বিধিবিধান অনুসরণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী আরও বলেন, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট স্থাপনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের চামড়াশিল্প আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
দেশের অর্থনীতিতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গুরুত্ব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বৈষম্য কমাতে এ খাতের বিকাশ অপরিহার্য। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সিএমএসএমই খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম। অর্থনৈতিক বৈষম্য কমাতে এ খাতের অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ব্যাংকঋণ গ্রহণের ক্ষেত্রে জটিল নথিপত্র ও প্রক্রিয়াগত বাধার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হন। এ সমস্যা সমাধানে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণ সুবিধা পান।
তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা ও আর্থিক শৃঙ্খলার ইতিবাচক দৃষ্টান্ত।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণে দুই দেশের সহযোগিতা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পের মতো রপ্তানিমুখী খাতে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বাংলাদেশের শিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং চামড়াশিল্পের উন্নয়নে নেদারল্যান্ডস সরকার, সিবিআই ও সংশ্লিষ্ট উন্নয়ন অংশীদারদের সহযোগিতার প্রশংসা করেন। একই সঙ্গে টেকসই উৎপাদনব্যবস্থা, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে টেকসই বাণিজ্য সম্প্রসারণ, শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সিবিআইয়ের হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন করা হয়। নতুন এ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট খাতের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারের মানদণ্ড অনুসরণ এবং রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। এছাড়া সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই)-এর ম্যানেজিং ডিরেক্টর জুডিথ আরেন্ডস বক্তব্য দেন।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিল্পোদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিছু মানুষ জন্ম নেন শুধু ইতিহাস গড়ার জন্য নয়, নিজের বুক চিতিয়ে স্বদেশের মানচিত্রকে নতুন করে আঁকার জন্য। ১৯৭১ সালের অগ্নিঝরা দিনগুলোতে মাতৃভূমির ডাকে সাড়া দিয়ে যারা জীবন বাজি রেখেছিলেন, তাদেরই একজন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল। বার্ধক্যের ছাপ চেহারায় এলেও তাঁর দীপ্ত চোখে আজও জ্বলজ্বল করে একাত্তরের সেই বিজয়ী আলো। তিনি শুধু লক্ষ্মীপুর গ্রামের বা কুলিয়ারচরের অহংকার নন, পুরো বাংলাদেশের এক জীবন্ত ইতিহাস ও পরম শ্রদ্ধার অভিভাবক।
১৯৫১ সালের ২৫ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম হাজী মো. আবদুল করিম বক্স মুন্সি। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শৈশব ও কৈশোর জন্মস্থানেই কাটে তাঁর। স্থানীয় লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি ১৯৬৮ সালে লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭২ সালে ভৈরব হাজী আসমত কলেজ থেকে এইচএসসি পাশ করে ১৯৭৫ সাল পর্যন্ত একই কলেজে ডিগ্রিতে লেখা পড়া করেন।
১৯৭১ সালে ছাত্রজীবনেই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল। ভারতের মেঘালয় জেলার ইকো ওয়ান (Eco-1) স্থান থেকে প্রশিক্ষণ শেষ করে তিনি বাংলাদেশের প্রথম ব্যাচের মুক্তিযোদ্ধা হিসেবে তৎকালীন সেক্টর কমান্ডার মীর শওকত আলীর অধিনে দীর্ঘ ৯ মাস সম্মুখ সমরে যুদ্ধ করেন। সিলেট, সুনামগঞ্জ, ভোলাগঞ্জ এবং ছাতক (বর্তমানে সিমেন্ট ফ্যাক্টরী) এলাকায় তিনি সাহসিকতার সাথে সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন। তিনি ৩ কোম্পানির টু-আইসি (2nd-in-Command) কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সাথে একই এলাকার লক্ষ্মীপুর পূর্ব পাড়ার কৃতি সন্তান (প্রয়াত শিক্ষক) বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিনও একই সেক্টরে সহযোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার দুই মাস পর সশস্ত্র মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেটের ব্যবস্থা সম্পন্ন করে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম ইউপি নির্বাচনে তিনি এলাকার মানুষের অনুরোধে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের বৃহত্তর ১নং (বর্তমানে ১, ২ ও ৩নং) ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। পরবর্তীতে মেম্বার পদ থেকে পদত্যাগ করে ১৯৭৪ সালে সহকারী খাদ্য পরিদর্শক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন এবং খুলনার মংলা পোর্টে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০০৯ সালে তিনি খাদ্য পরিদর্শক হিসেবে অবসরগ্রহণ করেন।
চাকরি থেকে অবসর নিয়ে নিজ এলাকায় ফিরে তিনি ব্যবসা শুরু করেন এবং স্থানীয় লক্ষ্মীপুর বাজারে আর.এফ.এল (RFL)-এর একটি শোরুম পরিচালনা করেন। এর পর থেকে তিনি আর.এফ.এল নামে পরিচিতি লাভ করেন। বর্তমানে সবাই তাঁকে আর.এফ.এল আওয়াল নামে চিনেন। পরবর্তীতে ব্যবসা ছেড়ে তিনি কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া এলাকার সামাজিক ও ধর্মীয় উন্নয়নে তিনি আমৃত্যু নিবেদিতপ্রাণ। লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতি এবং লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া লক্ষ্মীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সদস্য হিসেবেও দ্বায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আলহাজ্ব জালাল উদ্দিন কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট কলেজ পরিচালনা কমিটি এবং লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব সততার সাথে পালন করে আসছেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। তাঁর সন্তানেরাও নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সফল ও প্রতিষ্ঠিত। বড় ছেলে মো. হাবিবুল আলম কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে স্থানীয় সরকার (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ও মো. শরীফুল আলম কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় কর্মরত আছেন।
মেয়ে নূরজাহান বেগম লাকি অনার্স-মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে ইতালিতে বসবাস করছেন এবং কারিমুন্নেছা মুক্তি বিএ পাস করে বিমানে চাকুরির সুবাদে সৌদি আরব ছিলেন। বর্তমানে সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফিরে ডাক্তার স্বামীর সাথে সাভারে আছেন তিনি।
৭১-এর এই বীর সেনানি ও তাঁর পরিবারের দেশপ্রেম এবং ত্যাগের আদর্শ নতুন প্রজন্মের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এই সূর্যসন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছে পুরো দেশবাসী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ