প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিছু মানুষ জন্ম নেন শুধু ইতিহাস গড়ার জন্য নয়, নিজের বুক চিতিয়ে স্বদেশের মানচিত্রকে নতুন করে আঁকার জন্য। ১৯৭১ সালের অগ্নিঝরা দিনগুলোতে মাতৃভূমির ডাকে সাড়া দিয়ে যারা জীবন বাজি রেখেছিলেন, তাদেরই একজন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল। বার্ধক্যের ছাপ চেহারায় এলেও তাঁর দীপ্ত চোখে আজও জ্বলজ্বল করে একাত্তরের সেই বিজয়ী আলো। তিনি শুধু লক্ষ্মীপুর গ্রামের বা কুলিয়ারচরের অহংকার নন, পুরো বাংলাদেশের এক জীবন্ত ইতিহাস ও পরম শ্রদ্ধার অভিভাবক।
১৯৫১ সালের ২৫ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম হাজী মো. আবদুল করিম বক্স মুন্সি। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শৈশব ও কৈশোর জন্মস্থানেই কাটে তাঁর। স্থানীয় লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি ১৯৬৮ সালে লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭২ সালে ভৈরব হাজী আসমত কলেজ থেকে এইচএসসি পাশ করে ১৯৭৫ সাল পর্যন্ত একই কলেজে ডিগ্রিতে লেখা পড়া করেন।
১৯৭১ সালে ছাত্রজীবনেই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল। ভারতের মেঘালয় জেলার ইকো ওয়ান (Eco-1) স্থান থেকে প্রশিক্ষণ শেষ করে তিনি বাংলাদেশের প্রথম ব্যাচের মুক্তিযোদ্ধা হিসেবে তৎকালীন সেক্টর কমান্ডার মীর শওকত আলীর অধিনে দীর্ঘ ৯ মাস সম্মুখ সমরে যুদ্ধ করেন। সিলেট, সুনামগঞ্জ, ভোলাগঞ্জ এবং ছাতক (বর্তমানে সিমেন্ট ফ্যাক্টরী) এলাকায় তিনি সাহসিকতার সাথে সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন। তিনি ৩ কোম্পানির টু-আইসি (2nd-in-Command) কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সাথে একই এলাকার লক্ষ্মীপুর পূর্ব পাড়ার কৃতি সন্তান (প্রয়াত শিক্ষক) বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিনও একই সেক্টরে সহযোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার দুই মাস পর সশস্ত্র মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেটের ব্যবস্থা সম্পন্ন করে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম ইউপি নির্বাচনে তিনি এলাকার মানুষের অনুরোধে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের বৃহত্তর ১নং (বর্তমানে ১, ২ ও ৩নং) ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। পরবর্তীতে মেম্বার পদ থেকে পদত্যাগ করে ১৯৭৪ সালে সহকারী খাদ্য পরিদর্শক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন এবং খুলনার মংলা পোর্টে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০০৯ সালে তিনি খাদ্য পরিদর্শক হিসেবে অবসরগ্রহণ করেন।
চাকরি থেকে অবসর নিয়ে নিজ এলাকায় ফিরে তিনি ব্যবসা শুরু করেন এবং স্থানীয় লক্ষ্মীপুর বাজারে আর.এফ.এল (RFL)-এর একটি শোরুম পরিচালনা করেন। এর পর থেকে তিনি আর.এফ.এল নামে পরিচিতি লাভ করেন। বর্তমানে সবাই তাঁকে আর.এফ.এল আওয়াল নামে চিনেন। পরবর্তীতে ব্যবসা ছেড়ে তিনি কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া এলাকার সামাজিক ও ধর্মীয় উন্নয়নে তিনি আমৃত্যু নিবেদিতপ্রাণ। লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতি এবং লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া লক্ষ্মীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সদস্য হিসেবেও দ্বায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আলহাজ্ব জালাল উদ্দিন কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট কলেজ পরিচালনা কমিটি এবং লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব সততার সাথে পালন করে আসছেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। তাঁর সন্তানেরাও নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সফল ও প্রতিষ্ঠিত। বড় ছেলে মো. হাবিবুল আলম কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে স্থানীয় সরকার (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ও মো. শরীফুল আলম কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় কর্মরত আছেন।
মেয়ে নূরজাহান বেগম লাকি অনার্স-মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে ইতালিতে বসবাস করছেন এবং কারিমুন্নেছা মুক্তি বিএ পাস করে বিমানে চাকুরির সুবাদে সৌদি আরব ছিলেন। বর্তমানে সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফিরে ডাক্তার স্বামীর সাথে সাভারে আছেন তিনি।
৭১-এর এই বীর সেনানি ও তাঁর পরিবারের দেশপ্রেম এবং ত্যাগের আদর্শ নতুন প্রজন্মের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এই সূর্যসন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছে পুরো দেশবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন