০৬:১০ পি.এম
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) অভিযোগ করেছে যে, সরকার জাতীয় ঐক্যের কথা বললেও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ১১ দলীয় রাজনৈতিক ঐক্যকে দুর্বল ও বিভক্ত করার চেষ্টা করছে। দলটির মতে, ঐক্যের আহ্বানের আড়ালে শরিক দলের মধ্যে বিভক্তি, অবিশ্বাস ও দূরত্ব তৈরির প্রচেষ্টা চলছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিরোধী রাজনৈতিক শক্তির প্রতি আচরণ গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের কথা বলা হলেও, তাদের কর্মকাণ্ড ১১ দলীয় রাজনৈতিক ঐক্যকে দুর্বল করার অপচেষ্টা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সরকারের দ্বিমুখী রাজনৈতিক অবস্থান জাতীয় ঐক্যের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে।
বিডিপি জানায়, সুকৌশলে ১১ দলীয় ঐক্যের শরিক দলের মধ্যে বিভক্তি, অবিশ্বাস ও দূরত্ব তৈরির চেষ্টা চলছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হকের মাধ্যমে ‘জামায়াত, এনসিপি এবং ৯ আদার্স’ শিরোনামে ‘সময় হলে হিসাব মেলানো হবে’—এ ধরনের বক্তব্য প্রচার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি প্রদানের পরিবেশ তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন: টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী
এছাড়া, হেফাজতে ইসলামের মাধ্যমে ১১ দলীয় ঐক্যে থাকা ইসলামী দলগুলোকে ঐক্য থেকে বের করে নেওয়ার প্রচেষ্টা চলছে বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। একইসঙ্গে ১১ দলীয় ঐক্যের নেতাদের পৃথকভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান এ্যাড. এ কে এম আনোয়ারুল ইসলাম চান বলেন, জনগণের গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে প্রতারণা এবং জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা ও সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে আসার প্রবণতা বর্তমান রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও অনিশ্চয়তার অন্যতম কারণ। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আধিপত্যবাদী শক্তির প্রভাব ও প্ররোচনাকে প্রশ্রয় দেওয়া এবং বিরোধী রাজনৈতিক শক্তিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে পদায়নের মতো কর্মকাণ্ড জাতীয় ঐক্যের পরিবর্তে রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করছে।
বিডিপির মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, বিভক্তি সৃষ্টি কিংবা প্রলোভনের মাধ্যমে সাময়িকভাবে ক্ষমতার স্বার্থ রক্ষা করা গেলেও দীর্ঘমেয়াদে তা রাষ্ট্র ও সরকারের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতান্ত্রিক ভবিষ্যৎ, সাধারণ মানুষের স্বস্তি এবং বিদেশি বিনিয়োগের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ফলে জাতি হিসেবে কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রযাত্রা ক্রমেই বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
আরও পড়ুন: পা টেপানোর কথা বলে শিশুকে ডেকে নেন বৃদ্ধ, অতঃপর ধর্ষণের অভিযোগে আটক
বিডিপির চেয়ারম্যান সরকারকে উদ্দেশ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়ন, বিভক্তি কিংবা প্রলোভনের মাধ্যমে জাতীয় সংকটের সমাধান সম্ভব নয়। বরং জনগণের গণরায়কে যথাযথ সম্মান জানানো, জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়ন এবং বিরোধী রাজনৈতিক শক্তির প্রতি গণতান্ত্রিক সহনশীলতা প্রদর্শনই এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে সরকারকে সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি পরিহার করে উদারচিত্তে, খোলা মনে ও আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐকমত্যের কোনো বিকল্প নেই। এই পথ অনুসরণ করা হলে শুধু দেশ ও জনগণের কল্যাণই নিশ্চিত হবে না, সরকারের রাজনৈতিক ভবিষ্যৎও অধিকতর নিরাপদ হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হওয়া উচিত—ক্ষমতা নয়, জনগণের আস্থা; বিভাজন নয়, জাতীয় ঐক্য; প্রতিহিংসা নয়, গণতান্ত্রিক সহাবস্থান।
সবশেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার সমুন্নত রাখতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকারসহ সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
আরও পড়ুন: নাটোরে মা ও ছেলেকে হত্যার দায়ে শাহ আলমের মৃত্যুদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন