ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

বিদ্যুৎ খাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়া, চাপে সরকার: মীর শাহে আলম


বিদ্যুৎ খাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়া, চাপে সরকার: মীর শাহে আলম

বিদ্যুৎ খাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়ার চাপ বর্তমান সরকারের জন্য একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি উল্লেখ করেন, বিদ্যুৎ উৎপাদনে পূর্ববর্তী ও অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া প্রায় ৬০ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধের পাশাপাশি বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বগুড়ার শিবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন। মীর শাহে আলম বলেন, অতীতে বিদ্যুৎ উৎপাদনের জন্য উচ্চমূল্যে বিদ্যুৎ কেনা হয়েছিল, তবে সেই মূল্য যথাসময়ে পরিশোধ করা হয়নি। অর্থ ও বিদ্যুৎ বিভাগের হিসাব অনুযায়ী, প্রায় ৬০ হাজার কোটি টাকা বকেয়া রেখে স্বৈরাচার সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিয়েছে।

 

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের

ফলে, এই বকেয়া পরিশোধের দায় বর্তমান সরকারের ওপর পড়েছে। তিনি আরও বলেন, ‘জনগণের সরকার হিসেবে আমরা বকেয়া পরিশোধের চেষ্টা করছি। একই সঙ্গে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখা হবে।’ তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরেন, যেখানে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, বর্জ্য ও পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

স্থানীয় সরকার বিভাগের অধীন প্রতিষ্ঠানগুলোর ভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের ভবন থেকে উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, ডাকবাংলো, অডিটোরিয়াম ও সিটি করপোরেশনের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা রয়েছে। এসব প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে যুক্ত ও সমন্বয় করা হবে।

তিনি আরো জানান, যদি দেশজুড়ে স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ চালু করা সম্ভব হয়, তবে সরকারের প্রায় ২০০ থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে।

আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মাহফুজের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

 

মাহফুজের উচ্চশিক্ষার সম্পূর্ণ খরচ বহন এবং কৃত্রিম পা লাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় তার পক্ষ থেকে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় ২৩৩ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

 

আরও পড়ুন: বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা চাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে তীব্র নদীভাঙন, স্কুল রক্ষায় মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


বাবুগঞ্জে তীব্র নদীভাঙন, স্কুল রক্ষায় মানববন্ধন

‘নদীভাঙনের হাত থেকে আমাদের বিদ্যালয়কে রক্ষা করুন। তা না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না। আমাদের ঘরবাড়িও কিছু থাকবে না।’- কথাগুলো বলছিল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানহা আক্তার।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মধ্য-পশ্চিম ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন সন্ধ্যা নদীর ভাঙনের মুখে। বিদ্যালয়সহ বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১১টার দিকে কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া ও উত্তর বাহেরচর বাজারসংলগ্ন ভাঙনকবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বর্ষা মৌসুমে সন্ধ্যা নদীর তীব্র স্রোতে পশ্চিম ভূতেরদিয়া এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়। ইতোমধ্যে গ্রামের একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। নদীতীরবর্তী অর্ধশতাধিক পরিবার এখন ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বসতভিটা হারানোর পাশাপাশি বিদ্যালয়, বাজার, দোকানপাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়েও উদ্বেগে আছেন তারা।

বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বজলুর রহমান মিন্টু বলেন, বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিবছর নদীভাঙনে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্ষা মৌসুমে সন্ধ্যা নদীর প্রবল স্রোতে ভাঙন তীব্র হয়। স্থায়ী প্রতিরোধব্যবস্থা না থাকায় প্রতিবছরই মানুষ বসতভিটা হারাচ্ছেন।

কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহসিন মুন্না বলেন, পশ্চিম ভূতেরদিয়ার বিদ্যালয়, বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, স’মিল ও বাজারের দোকানপাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নদীভাঙনের হুমকিতে রয়েছে। দ্রুত নদীতীরে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের ক্ষতি হতে পারে।

মানববন্ধনে স্থানীয় সমাজসেবক বিলাস খান, মুন্না হাওলাদার, রিপন হাওলাদার, মিজান হাওলাদার, শাহে আলম হাওলাদার, ইউসুফ চৌকিদার, আব্দুর রাজ্জাক হাওলাদার, মো. রহমান হাওলাদার, পলাশ খানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, প্রতি বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায় নদীভাঙন তীব্র আকার ধারণ করে। গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা রক্ষায় পর্যায়ক্রমে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর

উলানবাটর, ২৬ আগস্ট, ২০২৬ : চারণভূমি সুরক্ষা ও টেকসই ভূমি ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

আজ মঙ্গোলিয়ার উলানবাটরে জাতিসংঘ মরুকরণ প্রতিরোধ কনভেনশনের (ইউএনসিসিডি) ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ১৭)-এর মন্ত্রী পর্যায়ের সংলাপে তিনি এ আহ্বান জানান। খাস ও কমিউনিটি জমির সুরক্ষা নিশ্চিত করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রচলিত অর্থে বিস্তীর্ণ চারণভূমির দেশ নয়। তবে, দেশের গ্রামীণ অর্থনীতি ও জীবিকায় প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফসল কাটার পর কৃষিজমি, পতিত জমি, চরাঞ্চল, জলাভূমি, সড়কের পাশ পশুচারণে ব্যবহৃত হয়। প্রাণিসম্পদ খাত দেশের মোট দেশজ উৎপাদনে প্রায় ২ শতাংশ অবদান রাখে এবং লাখো মানুষের জীবিকার সঙ্গে যুক্ত।

তিনি বলেন, জনসংখ্যার চাপ ও বিভিন্ন ধরনের ভূমি ব্যবহারের কারণে পশুচারণের জায়গা ক্রমেই কমছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় চারণভূমি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এজন্য কমিউনিটি ও খাস চারণভূমি চিহ্নিত ও মানচিত্রভুক্ত করা, স্থানীয় প্রশাসন ও জনগোষ্ঠীর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং ভূমি ব্যবহারসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সহজ ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

বাংলাদেশের জলাভূমি ও বন্যা-বিধৌত অঞ্চলের পরিবেশগত গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এসব এলাকা মাটির উর্বরতা রক্ষা, পানি নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কার্বন ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রাণিসম্পদ উৎপাদন ও পরিবেশ সংরক্ষণকে পরস্পরবিরোধী হিসেবে না দেখে জাতীয় ভূমি ব্যবস্থাপনা পরিকল্পনায় সমন্বিতভাবে বিবেচনা করা প্রয়োজন।

টাঙ্গুয়ার হাওরের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনা জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে ইতিবাচক ফল দিয়েছে। তবে, এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে সফল করতে ধারাবাহিক অর্থায়নের পাশাপাশি দীর্ঘস্থায়ী অঙ্গীকার প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুযোগ পেলে আবারও বাংলাদেশে ফিরতে চান ডোনাল্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


সুযোগ পেলে আবারও বাংলাদেশে ফিরতে চান ডোনাল্ড

গত জুনে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়েন শন টেইট। এরপর জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করেন সাবেক বাংলাদেশি ক্রিকেটার তালহা জুবায়ের। টেইটের স্থায়ী বিকল্প না পাওয়া পর্যন্ত তালহার সঙ্গে চুক্তি বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।

এরই মধ্যে পেস বোলিং কোচের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে ডোনাল্ডের নাম। একটি সূত্র জানিয়েছে, বিসিবি আগ্রহ দেখালে ডোনাল্ড আবারও বাংলাদেশে ফিরতে রাজি আছেন।

বাংলাদেশের পেস বোলিংয়ে নতুন করে অভিজ্ঞতার ছোঁয়া দিতে আগ্রহী অ্যালান ডোনাল্ড। সুযোগ পেলে আবারও টাইগারদের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।

তবে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। অর্থাৎ তার ফেরার ক্ষেত্রে আপাতত অপেক্ষাটা বিসিবির দিক থেকেই।

২০২২ সালের মার্চে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর অল্প সময়েই দলের পেসারদের সঙ্গে শক্ত সম্পর্ক গড়ে ওঠে তার। তাসকিন আহমেদ, শরিফুল ইসলামসহ বাংলাদেশের পেস আক্রমণের উন্নতিতে তার ভূমিকার কথাও একাধিকবার আলোচনায় এসেছে।

২০২৩ সালে দায়িত্ব ছাড়ার পরও বাংলাদেশের পেসারদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছিলেন ডোনাল্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট সাফল্যের পরও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এবার সেই সম্পর্কই নতুন করে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে ফেরার পথ তৈরি করতে পারে কি না, সেটিই দেখার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করতোয়া নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


করতোয়া নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে আসিফ মিয়া (১৪) নামের এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার খলসী এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ আসিফ মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুলমিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে ফুটবল খেলা শেষে আসিফ কয়েকজনের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হন আসিফ। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে আসিফের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাসুদ রানা বলেন, প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় কিশোর আসিফকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%