মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:৫৮ পি.এম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলায় করা আপিলের শুনানি ইসলামাবাদ হাইকোর্ট ১০ দিনের জন্য মুলতবি করেছেন। একই সঙ্গে কারাবন্দি ইমরানের আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ দোগরের নেতৃত্বে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশটি প্রদান করে। আল-কাদির ট্রাস্ট মামলা হিসেবে পরিচিত এই দুর্নীতি মামলায় ইমরান ও বুশরা দুজনেই কারাদণ্ড ভোগ করছেন।
মামলায় ইসলামাবাদের একটি জবাবদিহি আদালত ইমরান খানকে ১৪ বছর এবং বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল। ২০২৫ সালের ১৭ জানুয়ারি দেওয়া ওই রায়ের বিরুদ্ধে তারা ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেন।
মঙ্গলবার শুনানির শুরুতে প্রধান বিচারপতি জানান, ইমরান ও বুশরার আইনজীবীদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল। তিনি স্মরণ করিয়ে দেন, গত ২৯ জুন আদালত আইনজীবীদের আপিলের বিষয়ে যুক্তিতর্ক শুরু করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি শুনানি মুলতবির আবেদন না করার বিষয়ে তাদের কাছ থেকে অঙ্গীকারও নেওয়া হয়েছিল।
আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার এর জবাবে বলেন, ওই অঙ্গীকার করেছিলেন আইনজীবী সরদার লতিফ খান খোসা। তাই এ বিষয়ে তার বক্তব্য শোনা উচিত। তিনি জানান, আপিলের পাশাপাশি বুশরার চিকিৎসার জন্য অনুমতি চেয়ে করা একটি দেওয়ানি আবেদন নিয়েও তিনি আদালতে উপস্থিত হয়েছেন।
প্রধান বিচারপতি বলেন, খোসার দেওয়া অঙ্গীকার অনুযায়ী মূল আপিলের শুনানির যুক্তিতর্ক শুরু হওয়া প্রয়োজন। এ সময় খোসা আদালতকে জানান, তাকে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।
বিষয়টি আমলে নিয়ে প্রধান বিচারপতি ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল নাভিদ হায়াত মালিকের কাছে জানতে চান, আগামী কয়েক দিনের মধ্যে খোসার সঙ্গে ইমরানের সাক্ষাতের ব্যবস্থা করা সম্ভব কি না। জবাবে তিনি ইতিবাচক সম্মতি জানান।
এ সময় পিটিআইয়ের মহাসচিব ও আইনজীবী সালমান আকরাম রাজা আদালতকে জানান, ইমরান খানের কাছ থেকে তিনি কিছু নির্দেশনা পেয়েছেন। প্রধান বিচারপতি বলেন, আদালতের দেওয়া নির্দেশনাগুলোও বিচারিক নথির অংশ।
শুনানিতে ব্যারিস্টার সালমান সাফদার জানান, গত সাত মাস ধরে তিনি ইমরান খানের সঙ্গে এবং ১১ মাস ধরে বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। এ কারণে মামলার প্রস্তুতি ও যুক্তিতর্ক উপস্থাপন করা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, আপিলের প্রয়োজনীয় নথিপত্র বা পেপার বুক এখনো আদালত থেকে পাননি। মামলার নথি, সাক্ষ্য ও অন্যান্য কাগজপত্র মিলিয়ে প্রায় ৩ হাজার ৫০০ পৃষ্ঠা রয়েছে। পাশাপাশি সাক্ষ্য দিয়েছেন ৩৫ জন। ফলে যথাযথভাবে নথি পর্যালোচনা করে যুক্তিতর্ক প্রস্তুত করতে তার পর্যাপ্ত সময় প্রয়োজন।
সাফদার জানান, সম্প্রতি ইমরান ও বুশরার সঙ্গে সাক্ষাতের জন্য তাকে মাত্র ৪০ মিনিট সময় দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর এত অল্প সময়ের সাক্ষাতে মামলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি।
যে অভিযোগে কারাগারে ইমরান ও বুশরা
১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলাটি মূলত আল-কাদির ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট একটি আর্থিক সমঝোতাকে কেন্দ্র করে। পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) অভিযোগ, ইমরান খানের প্রধানমন্ত্রীত্বের সময় যুক্তরাজ্যে শনাক্ত ও পাকিস্তানে ফেরত পাঠানো ৫০ বিলিয়ন রুপি বৈধ করার প্রক্রিয়ায় একটি আবাসন প্রতিষ্ঠানের কাছ থেকে ইমরান ও বুশরা বিপুল অর্থ এবং কয়েক শ একর জমি গ্রহণ করেছিলেন।
যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো ওই অর্থ একটি সমঝোতার অংশ হিসেবে পাকিস্তানের সুপ্রিম কোর্টের অ্যাকাউন্টে জমা হয়েছিল। এনএবির অভিযোগ, ওই অর্থের ব্যবস্থাপনায় অনিয়মের মাধ্যমে আল-কাদির ট্রাস্টের জন্য সুবিধা নেওয়া হয়।
এ মামলায় ২০২৫ সালের ১৭ জানুয়ারি ইসলামাবাদের একটি জবাবদিহি আদালত ইমরান খানকে ১৪ বছর এবং বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে তাদের করা আপিল এখন ইসলামাবাদ হাইকোর্টে বিচারাধীন।
সূত্র: ডন
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক শিশুদের যৌন নিপীড়ন সংক্রান্ত কনটেন্ট এবং পেডোফাইল বা শিশুনিপীড়কদের দৌরাত্ম্য রোধে ব্যর্থতার অভিযোগে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। স্পেনের একটি স্বাধীন অ্যান্টি-ডিসইনফরমেশন ও ফ্যাক্ট-চেকিং ফাউন্ডেশন ‘মালডিটা ডট ইএস’ (Maldita.es)-এর সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, টিকটকে প্রায় ২০ হাজারেরও বেশি সন্দেহভাজন পেডোফাইল বা শিশুনিপীড়ক অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে। এই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশের পর স্পেন সরকার টিকটক নিষিদ্ধ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
ফাউন্ডেশনটির প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ৩৫ দিন ধরে প্ল্যাটফর্মটি মনিটরিং করার পর তারা দেখতে পায় যে, টিকটকে শিশু যৌন নিপীড়নের (CSAM) ভিডিও সম্বলিত ১,০০০-এর বেশি পাবলিক পোস্ট বা ভিডিও রয়েছে। এসব ভিডিও মোট ৪ কোটি ৮০ লাখ বার দেখা হয়েছে। অনুসন্ধানে আরও উঠে এসেছে যে, স্পেনের ভাষায় পরিচালিত অন্তত ৭ হাজার অ্যাকাউন্টসহ মোট ২০ হাজারেরও বেশি সন্দেহভাজন পেডোফাইল প্রোফাইল এই প্ল্যাটফর্মটি সক্রিয়ভাবে ব্যবহার করছিল।
গবেষকরা জানান, টিকটকের অ্যালগরিদম ও ফিচারগুলো শিশু নিপীড়কদের দ্বারা অপব্যালমিত হচ্ছে। এমনকি টিকটকের লাইভ সম্প্রচার এবং ভার্চুয়াল গিফটস ফিচারের সুযোগ নিয়ে অপ্রাপ্তবয়স্ক শিশুদের অর্থের লোভ দেখিয়ে যৌন আবেদনমূলক কাজ করতে বাধ্য করার ঘটনাও ১৭টি দেশের ৯১টি লাইভস্ট্রিম পর্যবেক্ষণে ধরা পড়েছে। অথচ ফ্ল্যাগ বা চিহ্নিত করার পরও টিকটক কর্তৃপক্ষ এর সামান্য অংশই মাত্র রিমুভ বা ব্লক করেছে।
এই ঘটনার পর স্পেনের যুব ও শিশু কল্যাণ মন্ত্রণালয় বিষয়টিকে “চরম মাত্রার গুরুতর” হিসেবে আখ্যায়িত করেছে। স্পেনের যুব ও শিশু বিষয়ক মন্ত্রী সিরা রেগো টিকটকের স্থানীয় নেতৃত্বকে এক জরুরি বৈঠকে তলব করেছেন এবং সাইবার ক্রাইম প্রসিকিউটরদের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও টিকটকের ক্ষতিকর রিকমেন্ডেশন সিস্টেম বা ফিড বদলানোর তাগিদ দেওয়া হয়েছে, অন্যথায় বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড়, ১০ নভেম্বর ২০২৬ : জেলায় গত পাঁচ বছরের মধ্যে বিভিন্ন সময় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আহছানিয়া মিশন শিশু নগরীর ৪০ জন শিক্ষার্থীকে আজ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জলাপাড়ায় অবস্থিত আহছানিয়া মিশন শিশু নগরীতে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।
ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক কে এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, ঢাকা আহছানিয়া মিশনের যুগ্ম-পরিচালক মনিরুজ্জামান, শিশু নগরীর সেন্টার ম্যানেজার দীপক কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিশু নগরীর ৪০ জন শিক্ষার্থীকে ক্রেস্টসহ উপহার প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি, জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা, ফরিদপুরে ঘুমন্ত বাস চালককে পুড়িয়ে হত্যা এবং সারাদেশে নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে।
মিছিলটি মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ জুলাই চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলের পর অনুষ্ঠিত একটি সংক্ষিপ্ত সমাবেশে নেতারা মন্তব্য করেন, "আওয়ামী লীগ প্রশ্নে ব্যর্থ হয়েছে সরকার। সন্ত্রাস ও আওয়ামী লীগকে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি।" তারা আওয়ামী লীগকে নব্য রাজাকার আখ্যা দিয়ে দাবি করেন, "ডিসেম্বরে হাসিনা ফিরবেন না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের তারবেলা বাঁধের নতুন বিদ্যুৎকেন্দ্র প্রকল্প (টি-৫) এর পাথরের স্তরের ধসের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) খননকাজ চলাকালীন এ ঘটনা ঘটে। এর ফলে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র ও টানেলের কাজের এলাকায় পানি প্রবেশ করেছে। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ওয়াপদা) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রকল্পের সংযোগ টানেল খননের সময় দুর্বল পাথরের স্তর ধসে পড়ে। এই কারণে বাঁধের পানি টানেল এবং নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের এলাকায় প্রবাহিত হয়। এ সময় জরুরি অবস্থা ঘোষণা করে নির্মাণকাজ বন্ধ রাখা হয় এবং শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ওয়াপদা জানায়, সকল শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পানি সম্পূর্ণরূপে নিষ্কাশন করা হয়েছে। ফলে নিচের দিকে নির্মাণকাজের এলাকায় নতুন করে পানি প্রবেশ করছে না। নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের পানি নিষ্কাশনের কাজও শুরু হয়ে গেছে।
দেশের হরিপুরের ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদ প্রকল্প কর্মকর্তাদের উদ্ধৃত করে জানান, ধসের কারণে টানেল, বিদ্যুৎকেন্দ্র এবং কাজের এলাকার অন্যান্য স্থাপনার ক্ষতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওয়াপদা আরো জানায়, পরিস্থিতি পর্যালোচনা করে প্রকল্পের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প প্রকৌশলী ও ঠিকাদার কাজ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ