০৯:৫৮ এম
সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, যা জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে অনুষ্ঠিত হবে। এই সম্মেলন আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইউএনওরা সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময় ও মুক্ত আলোচনায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
আরও পড়ুন: সদরপুরে রাতের আঁধারে দাপিয়ে বেড়াচ্ছে রেজিস্ট্রেশনবিহীন ডাম্পট্রাক, ঝুঁকিতে সড়ক-জনজীবন
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
এ সম্মেলনের আয়োজনের উদ্দেশ্য হলো মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করা। এতে দেশের ৫০২ জন ইউএনও অংশগ্রহণ করবেন। সম্মেলনে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের জন্য তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, সম্মেলনের উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি আগামী ১ ডিসেম্বর সকাল ৯টায়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার, জনপ্রশাসন, কৃষি, স্বরাষ্ট্র, ভূমি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা এতে অংশগ্রহণ করবেন।
কর্ম অধিবেশনে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সম্মেলনে ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম বিভাগ থেকে চারজন এবং বাকি ছয় বিভাগ থেকে দুজন করে মোট ২০ জন ইউএনওকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হবে। প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন। এছাড়া, প্রতি বিভাগ থেকে দুজন করে ইউএনও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে মূল পর্ব শুরু হবে। এতে মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে ভিডিও প্রদর্শন এবং দিনব্যাপী কর্ম অধিবেশনের সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। মুক্ত আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, উপজেলা পর্যায়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিক সেবার মান বাড়ানোই এ সম্মেলনের মূল লক্ষ্য। একই সঙ্গে মাঠ প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে গাড়ি ও জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়গুলো সরকারপ্রধানের কাছে তুলে ধরার সুযোগ পাবেন।
আরও পড়ুন: সাবেক এমপি বদির ছেলে, দুই ভাই ও যুবলীগ নেতা গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন