ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়ার বিধান ব্যাখ্যা করলেন মুফতি সাইদুজ্জামান কাসেমি


সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়ার বিধান ব্যাখ্যা করলেন মুফতি সাইদুজ্জামান কাসেমি

বিয়ের তিন বছর অতিবাহিত হলেও সন্তান না হওয়ার কারণে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করার প্রশ্নের উত্তর ইসলামি শরিয়তের বিধান তুলে ধরেছেন মুফতি সাইদুজ্জামান কাসেমি। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়া উচিত নয়। সন্তান হওয়া বা না হওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল।

এক প্রশ্নের জবাবে মুফতি সাইদুজ্জামান কাসেমি বলেন, শারীরিকভাবে সুস্থ থাকা সত্ত্বেও কোনো নারী সন্তান ধারণে অক্ষম হলে কিংবা কোনো পুরুষের শারীরিক অক্ষমতা না থাকা সত্ত্বেও সন্তান না হলে, এর জন্য কাউকে দায়ী করা যায় না। এটি আল্লাহর ইচ্ছার বিষয়।

পবিত্র কোরআনের সুরা শুরার ৪৯ ও ৫০ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যাসন্তান, যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। আবার কাউকে পুত্র ও কন্যা উভয়ই দেন, আর যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান।

আরও পড়ুন: আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন: রাসুলুল্লাহর বাণী ও প্রকৃতির নিদর্শন

মুফতি সাইদুজ্জামান আরও বলেন, বাহ্যিক ও চারিত্রিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও শুধুমাত্র স্ত্রী সন্তান জন্ম দিতে পারছেন না— এ অজুহাতে তাকে তালাক দেওয়া সমীচীন নয়। এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।

সন্তান লাভের জন্য কয়েকটি দোয়া পড়ার পরামর্শও দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে, ‘রাব্বি লা তাজারনি ফারদাঁও ওয়া আনতা খাইরুল ওয়ারিছিন’। এর অর্থ, হে আমার রব, আমাকে একা রেখো না। তুমিই শ্রেষ্ঠ উত্তরাধিকারী।

আরেকটি দোয়া হলো, ‘রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়াতান তাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুয়া’। অর্থ, হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।

তিনি আরও বলেন, সন্তান না হওয়ার পেছনে হরমোনজনিতসহ বিভিন্ন শারীরিক কারণ থাকতে পারে। তাই হতাশ না হয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি বেশি বেশি দোয়া, ইস্তিগফার, ধৈর্য ধারণ ও সামর্থ্য অনুযায়ী সদকা করার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন: পাঞ্জাবে নবী-রাসুলদের ঐতিহাসিক সমাধিস্থল নিয়ে স্থানীয় বিশ্বাস

শুধু সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দেননি এই মুফতি। তার মতে, দ্বিতীয় বিয়ে করলেই সন্তান হবে, এমন নিশ্চয়তা নেই। যাকে বিয়ে করা হচ্ছে, তিনিও সন্তান ধারণে অক্ষম হতে পারেন। এমনকি আগে সন্তান হয়েছে, এমন নারীর দ্বিতীয় বিয়ের পরও সন্তান না হওয়ার ঘটনা রয়েছে।

তবে শরিয়তের সীমারেখা মেনে চলার সক্ষমতা থাকলে এবং শরিয়তসম্মত প্রয়োজন দেখা দিলে একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারেন বলে উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে শুধুমাত্র সন্তান লাভকে বিয়ের একমাত্র ভিত্তি না করে শরিয়তসম্মত প্রয়োজনকে বিবেচনায় নেওয়ার কথা বলেন।

একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ন্যায়বিচার বজায় রাখার বিষয়েও সতর্ক করেছেন মুফতি সাইদুজ্জামান। এ প্রসঙ্গে তিনি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন। হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তির দুই স্ত্রী থাকলে এবং তিনি একজনের প্রতি পক্ষপাতিত্ব করলে কিয়ামতের দিন তিনি এক পাশ বাঁকা অবস্থায় উপস্থিত হবেন।

আরও পড়ুন: জমাদিউস সানি শুরু, রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন বিশেষজ্ঞরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন জানা গেল

চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ ছুটিতে যাচ্ছে। তবে, শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন ও স্তরের ভিত্তিতে ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজে ১৮ দিন ছুটি পাওয়া যাবে।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন অবকাশ শুরু হবে। এই ছুটি ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) শেষ হবে।

২০ ডিসেম্বর রোববার হওয়ায় এর আগের দুই দিন ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকবে। এছাড়া, ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে ছুটি রয়েছে। সব মিলিয়ে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিন ছুটি কাটাবেন।

মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ডিসেম্বরের শেষ দিকে ১২ দিনের শীতকালীন অবকাশ রয়েছে।

২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি পাবেন। এই সময়ের মধ্যে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর

সরকারি ও বেসরকারি কলেজের জন্য মাউশির প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে।

এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এরপর ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলবে। সব মিলিয়ে, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি পাবেন।

মাদরাসায় ছুটি ১৫ দিন

সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসার ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে।

এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাদরাসাগুলোতে মোট ১৫ দিন ছুটি থাকবে।

এদিকে, ২০২৬ সালের ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটিও রয়েছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এই ছুটি শীতকালীন অবকাশের সঙ্গে যুক্ত করলে শিক্ষক-শিক্ষার্থীরা আরো দুই দিন বেশি ছুটি পেতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ অধ্যাপক কে আলীর অবদান ও সমাজসেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ অধ্যাপক কে আলীর অবদান ও সমাজসেবা

বাংলাদেশের ইতিহাসচর্চা ও শিক্ষা বিস্তারের ইতিহাসে যে কজন ক্ষণজন্মা মনীষী তাদের মেধা ও শ্রমের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে আছেন, তাদের মধ্যে অধ্যাপক কে. আলী (কাওসার আলী) অন্যতম। খুলনার ডুমুরিয়া উপজেলার একটি নিভৃত পল্লীতে জন্মগ্রহণ করে তিনি তার অনবদ্য লেখনী ও ইতিহাস গবেষণার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেন। বিশেষ করে ইতিহাস রচনার ক্ষেত্রে সহজ ও সাবলীল ভাষার ব্যবহার করে তিনি পথিকৃৎ হিসেবে পরিচিত হন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ইতিহাসবিদ ১৯২২ সালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের ‘কাগজী পাড়া’ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ কেরামত আলী। চার ভাই ও দুই বোনের মধ্যে কাওসার আলী ছিলেন সবার ছোট। পারিবারিক পরিবেশ থেকেই তিনি শৃঙ্খলা ও জ্ঞানচর্চার প্রাথমিক অনুপ্রেরণা লাভ করেন।

কাওসার আলীর শিক্ষাজীবনের সূচনা নিজ এলাকাতেই ঘটে। সাহস ইউনিয়নে বসবাসরত তার বোন জোহরা বেগমের তত্ত্বাবধানে তিনি মধ্যপাড়া মাইনর স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাস করেন। এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে খুলনা শহরে যান এবং খুলনা মডেল হাইস্কুলে ভর্তি হন।

পরবর্তীতে তিনি বাগেরহাটের ঐতিহ্যবাহী প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ১৯৪১ সালে এসএসসি ও ১৯৪৩ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য কলকাতায় গমন করে ১৯৪৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে এম.এ. (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন।

১৯৪৭ সালে এম.এ. পাস করার পর ১৯৪৮ সালের অক্টোবরে খুলনার দৌলতপুর বি.এল. কলেজে ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন, যা তার বর্ণাঢ্য কর্মজীবনের সূচনা করে। শিক্ষকতা জীবনের শুরু থেকেই তিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বি.এল. কলেজের নামকরণ: ১৯০২ সালে শ্রী ব্রজলাল চক্রবর্তী দৌলতপুরে ‘হিন্দু একাডেমী’ প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে হাজী মুহাম্মদ মহসিন ট্রাস্ট এই প্রতিষ্ঠানে ৪০ একর জমি দান করে। ১৯৪৪ সালে ব্রজলাল চক্রবর্তীর মৃত্যুর পর এর নাম হয় ‘ব্রজলাল হিন্দু একাডেমী’। অধ্যাপক কে. আলীর প্রস্তাবনা ও উদ্যোগেই সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে সর্বজনীনভাবে ব্রজলাল কলেজ (বি.এল. কলেজ)’ রাখা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা: দৌলতপুরে অবস্থানকালে তিনি নারী শিক্ষার প্রসারে দৌলতপুর মহসিন গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৫৮ সালে নারায়ণগঞ্জ তোলারাম কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ১৯৫৮ থেকে ১৯৬১ সাল পর্যন্ত সেখানে কর্মরত থাকাকালীন স্বল্প সময়ের মধ্যেই তিনি মরগ্যান প্রাইমারি গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়।

অধ্যক্ষের দায়িত্ব পালন: ১৯৬১ সালে তিনি কুড়িগ্রাম কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং অত্যন্ত দক্ষতার সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

অধ্যাপনা চলাকালীন অধ্যাপক কে. আলী উপলব্ধি করেন যে, জটিল ভাষার কারণে সাধারণ শিক্ষার্থীরা ইতিহাস পাঠে আগ্রহ হারিয়ে ফেলছে। শিক্ষার্থীদের এই সমস্যা দূর করতে তিনি সহজ, বোধগম্য ও সাবলীল ভাষায় ইতিহাস গ্রন্থ রচনায় আত্মনিয়োগ করেন।

তার প্রথম প্রকাশিত গ্রন্থ ইংরেজিতে A Study of Islamic History এবং বাংলায় ‘ইসলামের ইতিহাস’ প্রকাশের সাথে সাথেই সারাদেশে এবং আন্তর্জাতিক মহলে অভাবনীয় সাড়া ফেলে। এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে তিনি গভীর গবেষণায় মগ্ন হন এবং একের পর এক কালজয়ী ইতিহাস গ্রন্থ রচনা করেন।

তার ইতিহাস বিষয়ক গ্রন্থগুলো অন্তর্ভুক্ত: A Study of Islamic History, ইসলামের ইতিহাস, মধ্যপ্রাচ্যের ইতিহাস, পাক-ভারতের ইতিহাস (সাধারণ ইতিহাস নামে খ্যাত), পাক-ভারতের মুসলমানদের ইতিহাস, মুসলিম সংস্কৃতির ইতিহাস। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক- Bangladesh: A New Nation। জীবনী ও অন্যান্য রচনা- আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জীবনী গ্রন্থ, একটি আরব শিশুর কাহিনী (রম্য রচনা)।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের পর তিনি পূর্বে রচিত ইতিহাস গ্রন্থগুলোতে বাংলাদেশের অভ্যুদয় ও মুক্তিযুদ্ধের বিভীষিকাময় ঘটনাসমূহ সংযোজন ও পরিমার্জন করে নতুন সংস্করণ প্রকাশ করেন। পাশাপাশি ‘Bangladesh: A New Nation’ গ্রন্থটি রচনার মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশের ইতিহাস বিশ্বদরবারে তুলে ধরেন। তার রচিত গ্রন্থসমূহ আজও দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে পঠিত হয়।

শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর তিনি পূর্ণকালীনভাবে পুস্তক রচনা ও প্রকাশনার কাজে মনোনিবেশ করেন। শিক্ষার্থীদের হাতে যথাসময়ে ও সুলভ মূল্যে বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি ঢাকায় আলী পাবলিকেশন নামে একটি প্রকাশনা সংস্থা (বুক ফার্ম) প্রতিষ্ঠা করেন।

শিক্ষানুরাগী এই মানুষটি ব্যক্তিগত প্রচারের আড়ালে থেকে সমাজসেবায় নিয়োজিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য নিজ তহবিল থেকে নিয়মিত বৃত্তির ব্যবস্থা করেছিলেন।

বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এই মনীষী বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে ঢাকার ওয়ারীস্থ নিজ বাসভবনে ১৯৯৯ সালের ৯ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকার বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার জ্ঞানগর্ভ লেখনী ও শিক্ষা বিস্তারের অবদান বাংলাদেশের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।

লেখক: মানবাধিকারকর্মী ও চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় নিষিদ্ধঘোষিত মহিলা যুবলীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার খুকি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


উত্তরায় নিষিদ্ধঘোষিত মহিলা যুবলীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার খুকি গ্রেফতার

রাজধানীর উত্তরা পশ্চিম থানার পুলিশ কর্তৃক একটি আভিযানিক দলের মাধ্যমে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত মহিলা যুবলীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার খুকিকে (৫৮) গ্রেফতার করা হয়েছে। এই অভিযানটি আজ (১২ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ৫নং সেক্টরের ৫নং রোডের ৩১ নং বাসায় পরিচালিত হয়।

গ্রেফতার হওয়া আসামীর স্বামীর নাম সাজেদুল করিম এবং পিতার নাম মৃত গোলাম মোস্তফা। তার স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম জেলার চিলমারী থানার রমনা গ্রামে অবস্থিত। বর্তমানে তিনি ঢাকার উত্তরা পশ্চিম থানার ৫নং সেক্টরের ওই বাসাতেই (বাসা-৩১, রোড-০৫) বসবাস করছিলেন।

পুলিশের ফ্ল্যাশ রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, এই আসামী ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের সহ-মিলনায়তন সম্পাদিকা ও ইডেন মহিলা কলেজ শাখার সহ-সভাপতি ছিলেন। এছাড়া, তিনি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৪ বছর বয়সি অ্যান্ডারসন ক্যারিয়ার শেষ করছেন না, নাম লেখালেন নতুন দলে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


৪৪ বছর বয়সি অ্যান্ডারসন ক্যারিয়ার শেষ করছেন না, নাম লেখালেন নতুন দলে

জেমস অ্যান্ডারসন, যিনি ৪৪ বছর বয়সি, তার ক্যারিয়ারের অনেকেই শেষ হতে দেখেছিলেন। সম্প্রতি, প্রায় ২৫ বছরের সম্পর্কের ইতি টেনেছে ল্যাঙ্কাশায়ার। তবে অ্যান্ডারসন বিদায় নিচ্ছেন না, বরং ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নতুন দলে নাম লিখিয়েছেন।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের একাধিক ক্লাবের আগ্রহের মধ্যে, শেষ পর্যন্ত সারের সঙ্গে চুক্তি করেছেন অ্যান্ডারসন। সারে জানিয়েছে, ২০২৭ মৌসুমের জন্য এই চুক্তি সম্পন্ন হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, অ্যান্ডারসন আগামী বছর পেরিয়েও খেলা চালিয়ে যেতে পারেন।

দুই বছরের বেশি সময় আগে জাতীয় দলকে বিদায় জানানোর পর, অ্যান্ডারসন কিছুদিন আগে সমাপ্ত কাউন্টি চ্যাম্পিয়নশিপ দুইয়ে ল্যাঙ্কাশারকে নেতৃত্ব দিয়েছেন। ১১ ম্যাচে, এই পেসার ১৭.৬৮ গড় নিয়ে ৫০ উইকেট নিয়েছেন। অ্যান্ডারসনের এই পারফরম্যান্স সত্ত্বেও, ল্যাঙ্কাশায়ার মৌসুম শেষ করেছে ইতিহাসে নিজেদের সবচেয়ে বাজে অবস্থানে। তারা তলানিতে থাকা গ্লুচেস্টারশায়ার থেকে একধাপ উপরে ছিল। দলটি অ্যান্ডারসনকে আগামী মৌসুমের জন্য ধরে রাখেনি।

অ্যান্ডারসনকে লুফে নিল সারে। নতুন দল পাওয়ার পর কিংবদন্তি পেসার বলেন, “যে সময় মনে হচ্ছিল হয়তো আর ক্রিকেট খেলতে পারব না, সেখান থেকে এমন একটা সুযোগ পাওয়া। আমি সত্যিই ভীষণ রোমাঞ্চিত। আমি অবিশ্বাস্যভাবে উচ্ছ্বসিত। বিদায়ী সংবর্ধনা পাওয়ার জন্য আমি এই সিদ্ধান্ত নিইনি। সারের সঙ্গে চুক্তি করার কারণ সেটা নয়।”

অ্যান্ডারসন আরও বলেন, “ওই কয়েকটা দিন বেশ আবেগঘন ছিল। আমি সচেতন ছিলাম, যেন আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিই। তাই সবকিছু নিয়ে ভাবার এবং সামনে এগোনোর সেরা পথ খুঁজে বের করার জন্য কয়েক সপ্তাহ সময় নিয়েছি। এমন একটি ক্লাব খুঁজে পাওয়া, যারা আমাকে চায় এবং ট্রফি জয়ের ব্যাপারে আমার মতোই উচ্চাকাঙ্ক্ষী, আমি শুধু সেই দলের অংশ হতে চাই।”

অ্যান্ডারসন ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। পেসারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট কেউ পাননি। আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট উইকেটসংখ্যা ৯৯১, যা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ এবং সব পেস বোলারের মধ্যেও বিশ্বরেকর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%