১২:০৪ পি.এম
১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলে ঘটে যাওয়া মর্মান্তিক ছাদধসের ঘটনায় নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) শোক দিবস পালন করা হবে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং অফিস ওই দিন বন্ধ থাকবে।
১৯৮৫ সালের এই দিনটিতে জগন্নাথ হলে ছাদ ধসে ২৬ জন শিক্ষার্থী, ১৪ জন অতিথি ও কর্মচারীসহ মোট ৪০ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। প্রতিবছর ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শোক দিবস পালন করে আসছে।
শোক দিবসের আয়োজন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সব আবাসিক হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাজ ধারণের কর্মসূচি থাকবে।
আরও পড়ুন: মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর
সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি শোকমিছিল বের হবে। শোকমিছিলটি জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে শেষ হবে, যেখানে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে।
সকাল ৮টায় জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের টিভি-কক্ষে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ সব আবাসিক হলের মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
হল প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহতদের তৈলচিত্র ও দুর্ঘটনা-সংক্রান্ত তথ্য ও স্মারক প্রদর্শন করা হবে।
আরও পড়ুন: রাবিতে রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন