ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বিয়ের সাজে ফারিণ, তাকে ঘিরে তিন তরুণের রহস্য


বিয়ের সাজে ফারিণ, তাকে ঘিরে তিন তরুণের রহস্য

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিণ অভিনীত ওটিটি সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’ শিগগিরই মুক্তি পেতে চলেছে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে, বিয়ের সাজে ফারিণের হাতে পিস্তল রয়েছে এবং তাকে ঘিরে তিন তরুণ অবস্থান করছেন। এই দৃশ্যের মাধ্যমে প্রশ্ন উঠেছে— অভিনেত্রীর সঙ্গে তিন তরুণের সম্পর্কের সমীকরণ কী? এসব প্রশ্নের উত্তর মিলবে 'ডাকাতিয়া বাঁশি' মুক্তির পর।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। ওটিটিতে রহস্য, অপরাধ ও থ্রিলারধর্মী সিরিজের আধিক্যের মধ্যে ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান চরকি। এই কারণে পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, হঠাৎ বিয়ের সাজে অস্ত্র হাতে তাসনিয়া ফারিণ? তার সঙ্গে তিন তরুণও রয়েছেন।

আরও পড়ুন: পারশা ধর্মীয় রক্ষণশীলতার বিরুদ্ধে সমালোচনার কড়া জবাব দিলেন

ছবিগুলোর পেছনের রহস্য কিছুটা উন্মোচন করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নতুন অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’র ঘোষণা দেওয়ার জন্যই এই ছবিগুলো প্রকাশ করা হয়েছে। এতে ফারিণের সঙ্গে অভিনয় করছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত এবং চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানিয়েছেন, ওটিটি প্ল্যাটফর্মে ডার্ক থ্রিলার বা মিস্ট্রি সাধারণত দেখা যায়, কিন্তু ডার্ক কমেডি তুলনামূলকভাবে কম। এজন্য দর্শকদের জন্য এবার এ ধরনের কাজ নিয়ে আসা হচ্ছে। রেদওয়ান রনি বলেন, ‘ডাকাতিয়া বাঁশি’ সিনেমাটি দর্শকদের নতুন ধরনের বিনোদন দেবে।

তিনি আরও বলেন, ‘চরকি বরাবরই দর্শকদের ভিন্ন স্বাদের কনটেন্ট দেওয়ার চেষ্টা করেছে। আমার বিশ্বাস, ছকভাঙা এ সিরিজটিও দর্শকদের নতুন রকমের আনন্দ দেবে।’

সিরিজটির গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল।

আরও পড়ুন: শবনম আজীবন সম্মাননায় ভূষিত, আয়োজন ১৮ নভেম্বর

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চরকি। একই সঙ্গে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছে অভিনয়শিল্পীদের নতুন লুক। ছবিগুলো দেখে গল্প সম্পর্কে কিছুটা অনুমান করা গেলেও নির্মাতারা এখনই সব রহস্য প্রকাশ করতে চান না।

এ সিরিজে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। তিনি বলেন, ‘আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু ব্যতিক্রমী। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক অন্ধকার দিক আছে। সিরিজে আগে কখনো কমেডি করিনি, এবারই প্রথম।’ কেন এই গল্প বেছে নিলেন, সেটিও জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘ওটিটিতে থ্রিলার ও খুনের রহস্য নিয়ে অনেক কাজ হচ্ছে। তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরা নতুন স্বাদ পাবেন। আমার জন্যও এটি নতুন অভিজ্ঞতা।’

কারণ সিরিজের ঘোষণার ছবিতে বন্দুক হাতে দেখা গেছে এরফান মৃধা শিবলুকে। তবে ছবি দেখে তাঁর চরিত্র সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলেই মনে করেন এই অভিনেতা ও সংগীতশিল্পী।

শিবলু বলেন, ‘এতটা সহজ হবে না। এটা মজার গল্প, এতে সন্দেহ নেই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা একেক সময় একেক রকম।’ শুধু রহস্য আর হাস্যরস নয়, গল্পে পারিবারিক সম্পর্কের বিষয়টিও তার ভালো লেগেছে। শিবলু বলেন, ‘এখানে একটি পরিবারের গল্প আছে। বিষয়টি আমার বিশেষ ভালো লেগেছে।’

আরও পড়ুন: রাগীব আলী: ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি’ মৃত্যুর গুজব উড়িয়ে ভিডিও বার্তা

অন্যদিকে পার্থ শেখের জন্যও সিরিজটি নতুন ধরনের অভিনয়ের সুযোগ এনে দিয়েছে। চরিত্রটির মনস্তত্ত্ব ও পরিস্থিতি নিয়ে কাজ করছেন তিনি। পার্থ বলেন, ‘চরিত্রের এমন কিছু স্তর আছে, যা আগে কখনো অভিনয়ে মোকাবিলা করিনি। প্রতিদিন চিত্রনাট্য পড়ে দেখছি, অভিনয়ের কোন জায়গায় কী করা যায় দেখেছি।’

এদিকে ‘ডাকাতিয়া বাঁশি’ দিয়ে দীর্ঘ বিরতির পর ওটিটির কাজে ফিরছেন পরিচালক ইমরাউল রাফাত। তার কাছে সিরিজ নির্মাণের বড় চ্যালেঞ্জ হলো, প্রতিটি পর্বে দর্শকের আগ্রহ ধরে রাখা।

রাফাত বলেন, ‘সিরিজ নির্মাণের কাজটা একটু কঠিন। প্রতিটি পর্বের শেষে এমন কিছু থাকতে হয়, যাতে দর্শক পরের পর্ব দেখার জন্য অপেক্ষা করেন। গল্পেও বিভিন্ন স্তর থাকা প্রয়োজন। অবশেষে তেমন একটি গল্প পেয়েছি।’

নির্মাতা বলেন, সিরিজটিতে রয়েছে একের পর এক অপ্রত্যাশিত মোড়। সিরিজ অনেক ধরনের হয়। এবার আমরা ডার্ক কমেডি বেছে নিয়েছি। এটি আমার পরিচিত ঘরানা। চ্যালেঞ্জ আছে, আর সেই চ্যালেঞ্জ নিতেই ভালো লাগে।

আরও পড়ুন: নিক জোনাস: ‘কোথাও নিজেকে মানিয়ে নিতে পারতাম না’

সিরিজটির চিত্রনাট্যকার নাজিম উদ দৌলার দাবি, এটি প্রচলিত অর্থে থ্রিলার নয়। তবে গল্পের নানা ঘটনা দর্শকদের চমকে দিতে পারে। থাকবে অপ্রত্যাশিত কিছু মুহূর্তও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোকসানের পরও কেন মেলানিয়াকে নিয়ে নতুন সিরিজ আনছে অ্যামাজন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


লোকসানের পরও কেন মেলানিয়াকে নিয়ে নতুন সিরিজ আনছে অ্যামাজন

অ্যামাজন প্রাইম ভিডিও সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে কেন্দ্র করে নতুন একটি সিরিজ প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজটির নাম ‘মেলানিয়া: দ্য সিরিজ’ এবং এটি দুই পর্বে মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর। এর আনুষ্ঠানিক ট্রেলার গত ৬ নভেম্বর প্রকাশ করা হয়েছে।

তবে নতুন এই সিরিজ নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্ন উঠেছে। কারণ, মেলানিয়াকে কেন্দ্র করে নির্মিত আগের তথ্যচিত্রটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই প্রকল্প থেকে কয়েক মিলিয়ন ডলার লোকসান হয়েছে অ্যামাজনের। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি কেন একই ব্যক্তিত্বকে নিয়ে নতুন সিরিজ নির্মাণে আগ্রহী, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নতুন সিরিজটি মূলত ২০২৬ সালের ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া ‘মেলানিয়া’ তথ্যচিত্রের পরবর্তী অধ্যায়। ব্রেট র‌্যাটনার পরিচালিত ওই তথ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগের ২০ দিনের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছিল।

‘মেলানিয়া: দ্য সিরিজ’ নির্মাণে রয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিওস, মিউজ ফিল্মস, নিউ এলিমেন্ট মিডিয়া ও র‌্যাটপ্যাক এন্টারটেইনমেন্ট। দুই পর্বের এই আয়োজন দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিরিজটিতে মেলানিয়ার জীবনের এমন কিছু অজানা গল্প ও অভিজ্ঞতা তুলে ধরা হবে, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের অভিষেক-পরবর্তী সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোও স্থান পাবে এতে। এর মাধ্যমে দর্শকেরা মেলানিয়ার ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ পাবেন।

গত আগস্টে মেলানিয়ার জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক বেকম্যান নতুন সিরিজ নির্মাণের বিষয়টি প্রথম সামনে আনেন। ‘রিয়েল আমেরিকান ভয়েস’ অনুষ্ঠানে উপস্থাপক এরিক বোলিংয়ের সঙ্গে কথোপকথনে তিনি জানান, আগের তথ্যচিত্রের তুলনায় নতুন সিরিজে আরও বিস্তৃত পরিসরে গল্প বলা হবে। একই সঙ্গে এর উপস্থাপনাতেও থাকবে ভিন্নতা, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।

অবশ্য আগের তথ্যচিত্রটি মুক্তির পর সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। বাণিজ্যিকভাবেও প্রত্যাশিত সাফল্য আসেনি। ইউরো নিউজের এক প্রতিবেদনে প্রকল্পটিকে অ্যামাজনের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করা হয়।

তবে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই চুক্তির পক্ষে অবস্থান নিয়েছিলেন। তার মতে, মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের সিদ্ধান্তটি ছিল ভালো ব্যবসায়িক পদক্ষেপ। একই সঙ্গে ট্রাম্প পরিবারের সঙ্গে অ্যামাজনের ব্যবসায়িক সম্পর্কের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকার বিষয়টিও তিনি অস্বীকার করেন।

আগের প্রকল্পে লোকসানের পরও নতুন সিরিজ নির্মাণের কারণ নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত রয়েছে। কারও ধারণা, দায়িত্ব পালনরত একজন ফার্স্ট লেডির জীবন ও অভিজ্ঞতা তুলে ধরার মধ্যে অ্যামাজনের জন্য বড় ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। আবার কেউ কেউ মনে করছেন, ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টিও প্রতিষ্ঠানটির সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে। যদিও অ্যামাজন জানিয়েছে, পুরো উদ্যোগের পেছনে রয়েছে ব্যবসায়িক বিবেচনা।

এদিকে নতুন সিরিজ নিয়ে মেলানিয়া ট্রাম্প এখনো বিস্তারিত কোনো মন্তব্য করেননি। পাশাপাশি প্রতিটি পর্বের দৈর্ঘ্য কিংবা পূর্ণাঙ্গ পর্বতালিকাও প্রকাশ করেনি অ্যামাজন।

সূত্র: দ্য স্টেটসম্যান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরখানে ৯ তলা থেকে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী আমিনুর রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


উত্তরখানে ৯ তলা থেকে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী আমিনুর রিমান্ডে

রাজধানীর উত্তরখানে একটি দশতলা ভবনের নবম তলা থেকে সানজিদা ইসলাম ইমা নামের এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে নিহতের স্বামী মো. আমিনুর রহমানকে চিহ্নিত করা হয়েছে। গত রাতে পুলিশি অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছিল ৮ নভেম্বর, সকাল ৭টা ৩৭ মিনিট থেকে সন্ধ্যা ৭টার মধ্যে যেকোনো সময়। ঘটনাস্থলটি রাজধানীর উত্তরখান থানাধীন হেলাল মার্কেট, দোবাদিয়া রোডের পাশে অবস্থিত আব্দুল কাদিরের মালিকানাধীন ‘সোনালী পাবনা’ নামক দশতলা ভবন। এই ভবনের নবম তলায় নিহত সানজিদা ইসলাম ইমা এবং তার স্বামী বসবাস করতেন।

নিহত সানজিদা ইসলাম ইমার পিতার নাম এবিএম শফিকুল ইসলাম। তাদের গ্রামের বাড়ি পাবনার আমিনপুর থানার শ্যামসুন্দরপুরে অবস্থিত। অপরদিকে, অভিযুক্ত স্বামী আমিনুর রহমানের বাড়ি পাবনা সদরের নুরপুর গ্রামে। তার পিতার নাম আজিজুর রহমান।

এই ঘটনার পরদিন, ৯ নভেম্বর, নিহতের পরিবারের পক্ষ থেকে চাচা এটিএম সাইফুল ইসলাম একটি হত্যা মামলা দায়ের করেন উত্তরখান থানায়। ১৮৬০ সালের পেনাল কোডের ৩০২ ও ৩৪ ধারায় রুজু হওয়া এই মামলার নম্বর-০৩।

মামলা দায়েরের পরই আত্মগোপনে থাকা স্বামী আমিনুরকে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে নামে। অবশেষে গত রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, হত্যার মোটিভ এবং এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা নিশ্চিত করার জন্য আদালত তাকে রিমান্ডে পাঠিয়েছে। তদন্তকারী কর্মকর্তা ইনকিলাবকে জানান, পুলিশি হেফাজতে রিমান্ডে রয়েছেন আমিনুর। পারিবারিক কলহ নাকি অন্য কোনো কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, তা রিমান্ড শেষে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলায় আহত এক যুবক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলায় আহত এক যুবক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ (বিজনেস ফ্যাকাল্টি) সংলগ্ন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হঠাৎ করেই বিকট শব্দের সঙ্গে বিস্ফোরণটি ঘটে, যা ক্যাম্পাসে শিক্ষার্থী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

এই ঘটনার ফলে সোহেল (৩৬) নামের একজন প্রাইভেটকার চালক আহত হন। তাকে পরে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এদিকে, টানা কয়েক দিন ধরে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ধারাবাহিক ঘটনার কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ এবং নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

আহত সোহেল যেই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন, সেটির মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় (ইন্টারন্যাশনাল বিজনেস) বিভাগের শিক্ষক তাসলিমা নাবিলা ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন আদালত অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


মার্কিন আদালত অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠিয়েছে

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এবং সাবেক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান সামন্ত গোয়েলকে দায়ের করা একটি দেওয়ানি মামলায় সমন পাঠানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি ঘটেছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে ভারতের আদালতের মাধ্যমে এই দুই কর্মকর্তার কাছে মামলার নথিপত্র পৌঁছে দেওয়ার অনুমতি প্রদান করেছে।

সোমবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ক্যাথরিন পোলক ফাইলা এ আদেশ জারি করেন। আদালতের নির্দেশ অনুসারে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দোভাল ও গোয়েলের কাছে সমন পাঠানোর জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

পান্নুনের দায়ের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সাবেক ‘র’ প্রধান সামন্ত গোয়েল, সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদব, ভারত সরকার এবং নিখিল গুপ্তাকে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার অভিযোগে পান্নুন উল্লেখ করেছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে তাকে যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

এ ঘটনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষতিপূরণ চাওয়ার দাবি করেছেন তিনি। তবে, এগুলো বাদীপক্ষের অভিযোগ হিসেবে গণ্য হচ্ছে এবং আদালত এখনও এসব অভিযোগের সত্যতা নির্ধারণ করেনি।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে মামলার নথিপত্র ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে পৌঁছে দেওয়ার বিষয়টি আদালতকে জানানো হয়েছিল।

গত ৯ অক্টোবর কূটনৈতিক নোটের মাধ্যমে দূতাবাসে নথিপত্র হস্তান্তর করা হয়েছিল বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তবে, দোভাল ও গোয়েলের কাছে আনুষ্ঠানিকভাবে সমন পৌঁছে দেওয়ার প্রক্রিয়া নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় এবার ভারতের আদালতের মাধ্যমে নথিপত্র পাঠানোর অনুমতি চেয়েছিলেন পান্নুনের আইনজীবীরা।

কী অভিযোগ পান্নুনের?

যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক গুরপতবন্ত সিং পান্নুন নিষিদ্ধ খালিস্তানপন্থি সংগঠন শিখস ফর জাস্টিসের (এসএফজে) শীর্ষ নেতা। ভারতের সরকার ২০২০ সালে তাকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে। একই সঙ্গে সংগঠনটিকেও বেআইনি ঘোষণা করা হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে ভারত সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দেওয়ানি মামলাটি করেন পান্নুন। অভিযোগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে তাকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় কর্মকর্তাদের সংশ্লিষ্টতা ছিল।

এই মামলায় সাবেক ‘র’ প্রধান সামন্ত গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিকাশ যাদব এবং নিখিল গুপ্তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

নিখিল গুপ্তার মামলা থেকে যেভাবে সূত্রপাত

পান্নুনকে হত্যার কথিত ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) পৃথক একটি ফৌজদারি মামলাও পরিচালনা করছে। ওই মামলার কেন্দ্রীয় অভিযুক্ত নিখিল গুপ্তা।

মার্কিন তদন্তকারীদের অভিযোগ, পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের পরিকল্পনা করেছিলেন নিখিল গুপ্তা। এ কাজে ভারতের তৎকালীন এক সরকারি কর্মকর্তার নির্দেশনা ও সহযোগিতার বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে ওই কর্মকর্তা হিসেবে সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের নাম সামনে আসে।

২০২৩ সালে চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তারের পর নিখিল গুপ্তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, পান্নুনকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে অর্থের বিনিময়ে একজন খুনি নিয়োগের চেষ্টা করেছিলেন তিনি। তবে কথিত ওই খুনি ছিলেন যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর একজন ছদ্মবেশী কর্মকর্তা।

অন্যদিকে, ভারত সরকার এ ঘটনায় নিজস্ব তদন্ত কমিটি গঠন করেছে। বিকাশ যাদবের বিরুদ্ধে ভারতে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দোভালকে সমন পাঠানোর আগের চেষ্টা ব্যর্থ

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটনে দোভালের কাছে আদালতের নথিপত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করেন পান্নুনের আইনজীবীরা।

তবে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা নথিপত্র গ্রহণ না করায় ওই প্রচেষ্টা সফল হয়নি। পরে কাছাকাছি একটি কফিশপের বাইরে নথিপত্র রেখে আসার ঘটনাও আদালতে তুলে ধরেন পান্নুনের আইনজীবীরা।

কিন্তু ২০২৫ সালের মার্চে বিচারক ক্যাথরিন পোলক ফাইলা জানান, আদালতের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে নথিপত্র পৌঁছে দেওয়া হয়নি। ফলে দোভালের কাছে আনুষ্ঠানিকভাবে সমন জারি সম্পন্ন হয়েছে বলে গণ্য করা যায় না।

সর্বশেষ আদেশে ভারতের আদালতের মাধ্যমে সমন পাঠানোর সুযোগ পাওয়ায় মামলাটির পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার পথ তৈরি হয়েছে।

ভারতের অবস্থান

পান্নুনের দায়ের করা মামলাকে শুরু থেকেই ভিত্তিহীন ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করে আসছে ভারত সরকার। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অযাচিত বলেও মন্তব্য করা হয়েছিল।

ভারতের দাবি, শিখস ফর জাস্টিস ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা ক্ষুণ্ন করার কর্মকাণ্ডে জড়িত। সংগঠনটি দীর্ঘদিন ধরে খালিস্তান নামে পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে প্রচার চালিয়ে আসছে।

উল্লেখ্য, খালিস্তান আন্দোলনের লক্ষ্য ভারতের পাঞ্জাব অঞ্চলকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আশির ও নব্বইয়ের দশকে পাঞ্জাবে এ আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও রক্তক্ষয়ী সংঘাত হয়েছিল। পরবর্তী সময়ে আন্দোলনটির বিভিন্ন গোষ্ঠী বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডায়, তৎপরতা চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%