মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩৯ পি.এম
বলিউডের তারকারা সৌন্দর্য ধরে রাখতে বোটক্স, ফিলার এবং কসমেটিক সার্জারির ব্যবহার নতুন কিছু নয়। তবে অভিনেত্রী কারিনা কাপুর খান বয়সের ছাপ লুকাতে এসব পদ্ধতির প্রতি আগ্রহী নন। বরং তিনি শরীর ও মনের সুস্থতার উপর বেশি গুরুত্ব দেন।
সম্প্রতি সাংবাদিক বরখা দত্তের সঙ্গে এক সাক্ষাৎকারে কারিনা বোটক্স এবং কসমেটিক সার্জারি সম্পর্কে তার অবস্থান তুলে ধরেন। অভিনেত্রী জানান, তিনি বোটক্সের তীব্র বিরোধী। তার কাছে নিজেকে ভালো রাখার মানে হলো সুস্থ থাকা, ভালো অনুভব করা এবং প্রাকৃতিকভাবে নিজের যত্ন নেওয়া।
কারিনার মতে, আত্মযত্ন শুধুমাত্র ত্বক বা শরীরের সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ছুটি উপভোগ করা এবং নিজের জন্য সময় বের করাও আত্মযত্নের অংশ। তিনি ইনজেকশন বা অস্ত্রোপচারের চেয়ে শরীর ও মনের যত্ন নেওয়াকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।
সাক্ষাৎকারে বয়স নিয়ে তরুণীদের মধ্যে চাপ সৃষ্টি হওয়ার বিষয়টিও উল্লেখ করেন কারিনা। তার মতে, বয়স বাড়াকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই। চল্লিশের দশকে তিনি নিজেকে সন্তুষ্ট মনে করেন এবং জীবনের এই পর্যায়ে নিজেকে সবচেয়ে ভালো অনুভব করছেন। অভিনয়ের ক্ষেত্রেও তিনি নিজেকে আগের তুলনায় পরিণত মনে করেন।
উল্লেখ্য, দুই সন্তানের মা কারিনা কাপুর খান নিয়মিত অভিনয় করে চলেছেন। সর্বশেষ তিনি মেঘনা গুলজারের ‘দায়রা’ সিনেমায় পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয় করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী বছরের মার্চ মাসে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তবে সমাবর্তনের প্রস্তুতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) নিয়ে। দীর্ঘ সময় ধরে টিএসসির কক্ষ বরাদ্দ না পাওয়ার কারণে সংগঠনগুলোর সদস্যরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য টিএসসির কক্ষ বরাদ্দ দেওয়ার আশ্বাস প্রদান করেছেন সমাবর্তনের পূর্বে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ক্যাম্পাসে প্রায় ৩০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠেছে। তবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধার অভাবে অধিকাংশ সংগঠনের কার্যক্রম বর্তমানে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংগঠনগুলোর জন্য নির্দিষ্ট কোনো আর্থিক বরাদ্দ নেই। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য পৃথক কার্যালয় বা কক্ষের অভাব রয়েছে। এর ফলে নিয়মিত সভা, পরিকল্পনা প্রণয়ন এবং অন্যান্য কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে সংগঠনগুলোর সদস্যদের।
সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে গতিশীল করতে সংগঠনগুলোর জন্য স্থায়ী কার্যালয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। টিএসসির অব্যবহৃত কক্ষগুলো সংগঠনগুলোর মধ্যে বরাদ্দ দেওয়া হলে তাদের কার্যক্রমে নতুন গতি আসবে। তাই সংগঠনগুলোর নেতারা দ্রুত সময়ের মধ্যে টিএসসির কক্ষ বরাদ্দের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম মন্তব্য করেছেন, "বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কক্ষ প্রয়োজন, বিষয়টি আমিও স্বীকার করি।" তবে তিনি জানিয়েছেন, কিছু জটিলতার কারণে কক্ষগুলো বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তিনি উল্লেখ করেছেন, "আমরা চেষ্টা করছি, যাতে দ্রুত সময়ের মধ্যে কক্ষগুলো বরাদ্দ দেওয়া যায়।"
উপাচার্য আরও জানিয়েছেন, সব সংগঠনকেই কক্ষ বরাদ্দ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ে নামে-বেনামে অনেক সংগঠন রয়েছে। তবে, হাতেগোনা কয়েকটি সংগঠনের কার্যক্রমই চোখে পড়ার মতো। আমার মতে, তারাই কক্ষ বরাদ্দ পাওয়ার দাবিদার।" তিনি জানান, শুরুতেই সব সংগঠনকে কক্ষ বরাদ্দ দেওয়া হবে না। সংগঠনগুলোর কার্যক্রম পর্যালোচনা করে যোগ্যতার ভিত্তিতে টিএসসিতে কক্ষ বরাদ্দ দেওয়া হবে। উপাচার্য আরও বলেন, "আমরা চেষ্টা করছি আগামী বছরের মার্চ মাসে সমাবর্তনের আগেই যেন সংগঠনগুলোকে কক্ষ বরাদ্দ দিতে পারি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির জগতে প্রচলিত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম-এর (LLMs) ধারণার বাইরে নতুন একটি পথের অনুসন্ধান শুরু করেছে চীন। প্রযুক্তির এই শক্তিশালী দেশটি এখন চ্যাটবট বা ভাষাভিত্তিক মডেল তৈরির প্রতিযোগিতার পরিবর্তে সরাসরি বাস্তব শিল্প খাত ও উৎপাদনমুখী ব্যবস্থার উন্নতির দিকে মনোনিবেশ করছে।
দেশটির বহুল আলোচিত ‘এআই প্লাস’ (AI Plus) কৌশলের মাধ্যমে এআই উন্নয়ন এখন সম্পূর্ণ নতুন একটি দিগন্তে প্রবেশ করেছে।
শিল্পখাতের চাহিদা পূরণে যৌথ ব্যবস্থা
বিশ্লেষকদের মতে, চীনের এই নতুন কৌশলটি মূলত বিভিন্ন শিল্প কারখানার বহুমুখী ও বাস্তবভিত্তিক প্রয়োজন মেটানোর জন্য যৌথভাবে সিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে। এতদিন বিশ্বজুড়ে যে ধরনের এআই মডেল নিয়ে প্রতিযোগিতা চলছিল, চীন সেখান থেকে সরে এসে নিজস্ব শিল্প কাঠামোর শক্ত ভিতে দাঁড়িয়ে এআই প্রযুক্তিকে আরও বেশি প্রায়োগিক ও উৎপাদনমুখী করে তুলছে।
কেন এই পরিবর্তন?
পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং চিপ বা সেমিকন্ডাক্টর সংক্রান্ত নানাবিধ নিষেধাজ্ঞার মুখে দাঁড়িয়ে চীন এখন এমন এক কৌশল অবলম্বন করছে যা সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহার ছাড়িয়ে দেশের ভারী শিল্প, সাপ্লাই চেইন এবং স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থাকে সরাসরি শক্তিশালী করবে।
এর ফলে চীনের এআই শিল্প কেবল গবেষণাগার বা প্রথাগত চ্যাটবটের মধ্যে সীমাবদ্ধ না থেকে অর্থনৈতিকভাবে আরও বেশি টেকসই ও বাস্তবমুখী সুফল বয়ে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রিটিশ সংগীতশিল্পী পল ম্যাককার্টনি বিলিয়নিয়ারদের তালিকায় জায়গা করে নিয়েছেন। ফোর্বসের তথ্য অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৪০ কোটি ডলার। বিটলসের সাবেক সদস্য হিসেবে, তিনি বিশ্বের ধনী সংগীতশিল্পীদের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন।
ফোর্বসের নতুন নিউজলেটার ‘দ্য বিলি’ প্রকাশিত হওয়ার পর ৯ নভেম্বর ম্যাককার্টনির সম্পদের এই হিসাব প্রকাশিত হয়। সাময়িকীটি জানায়, তার সংগীতের স্বত্ব, প্রকাশনা ব্যবসা, বিশ্বজুড়ে কনসার্ট, শিল্পকর্মের সংগ্রহ ও সম্পত্তি থেকে উল্লেখযোগ্য আয় আসে।
ফোর্বসের তালিকায় প্রথম স্থানে রয়েছেন জে-জি, যার সম্পদের পরিমাণ ২৮০ কোটি ডলার। দ্বিতীয় স্থানে থাকা টেইলর সুইফটের সম্পদ ২০০ কোটি ডলার। পল ম্যাককার্টনি ১৪০ কোটি ডলার নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
ম্যাককার্টনির সম্পদের বড় অংশ এসেছে তার প্রকাশনা প্রতিষ্ঠান এমপিএল কমিউনিকেশনস থেকে, যা ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান তার নিজের গানের পাশাপাশি বিভিন্ন শিল্পীর গানের স্বত্ব পরিচালনা করে। বাডি হলির গানের স্বত্ব, ব্রডওয়ে মিউজিক্যালের গান এবং জনপ্রিয় বড়দিনের গানগুলোর স্বত্বও তার সম্পদে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। ফোর্বসের হিসাব অনুযায়ী, এসব স্বত্বের মূল্য প্রায় ২৫ কোটি ডলার।
বিটলসের চার সদস্যের একজন হিসেবে, ম্যাককার্টনি প্রতিষ্ঠানটির আয় থেকেও অংশ পান। ব্যান্ডটির অ্যাপল কর্পস হোল্ডিং কোম্পানি স্ট্রিমিং, ভিনাইল রেকর্ড ও বিভিন্ন পণ্য বিক্রি থেকে বছরে প্রায় পাঁচ কোটি ডলার আয় করে। ফোর্বসের হিসাব অনুযায়ী, এই আয়ের অংশ হিসেবে ম্যাককার্টনি ও অন্য সদস্যদের প্রত্যেকের জন্য ১৫ কোটি ডলারের বেশি সম্পদের মূল্য তৈরি হয়েছে।
এছাড়া, বিটলসের গানের স্বত্ব থেকে নিজের অংশের ভিত্তিতে বছরে প্রায় এক কোটি ডলার আয় করেন ম্যাককার্টনি। গত দুই দশকে আইনি লড়াইয়ের মাধ্যমে এসব স্বত্বের অধিকার নিয়ে কাজ করেছেন তিনি। ফোর্বসের হিসাবে, এই আয়ের উৎসের মূল্য অন্তত ২০ কোটি ডলার।
সংগীতের স্বত্ব ও প্রকাশনা ব্যবসার পাশাপাশি, বিশ্বজুড়ে কনসার্ট থেকেও বিপুল আয় করেছেন এই শিল্পী। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত তার ‘গট ব্যাক’ বিশ্বভ্রমণ কনসার্টে মোট ৭৯টি শো অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশে তার সম্পত্তি এবং ম্যাগ্রিত ও পিকাসোর মতো শিল্পীর আঁকা চিত্রকর্মের সংগ্রহও তাঁর মোট সম্পদের অংশ।
৮৪ বছর বয়সেও সংগীতের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন ম্যাককার্টনি। চলতি বছরের মে মাসে তিনি প্রকাশ করেছেন নিজের ২০তম একক অ্যালবাম ‘দ্য বয়িজ অব ডানজেন লেন’। বিটলস ছাড়ার পর তার জীবন এবং নিজের ব্যান্ড ‘উইংস’ গড়ে তোলার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ম্যান অন দ্য রান’ প্রামাণ্যচিত্র, যা পরিচালনা করেছেন মরগান নেভিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া লেফটেন্যান্ট কর্নেল (অব.) বিজয় দেবাশীষ নারায়ণ এবং লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ প্রদান করেন।
এদিন, মামলার তদন্তকারী কর্মকর্তা, ঢাকার অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) শেখ বশির আহমেদ, দুই আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
এ রিমান্ড আবেদনটি ছয়টি কারণ দেখিয়ে করা হয়। কারণগুলো হলো—
১। অধিকতর জিজ্ঞাসাবাদ।
২। আসামিদ্বয় এবং তাদের সহযোগী আসামিরা অনলাইন প্ল্যাটফর্মে প্রায় শতাধিক গ্রুপ প্রতিষ্ঠা করে সরকারবিরোধী প্রচার-প্রচারণায় লিপ্ত। সহযোগী আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তা প্রয়োজন।
৩। গ্রুপগুলোতে ফ্যাসিস্ট পতিত সরকারের পলাতক বিভিন্ন নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা যুক্ত রয়েছেন। তাদের শনাক্ত ও অবস্থান নির্ণয় করা প্রয়োজন।
৪। এসব গ্রুপের মধ্যে কিছু যাচাই-বাছাই করা হয়েছে এবং বাকিগুলোর যাচাই-বাছাই অব্যাহত রয়েছে। রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ পলাতক ব্যক্তিবর্গের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উদ্ধার করা হয়েছে এবং কিছু বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।
৫। আসামিদ্বয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও আলামত প্রাথমিক যাচাই-বাছাই ও পর্যালোচনা করে কিছু গরমিল পরিলক্ষিত হয়েছে।
৬। আসামিদ্বয়ের কাছ থেকে উদ্ধার করা আলামত যাচাই-বাছাই ও পর্যালোচনা করে কিছু রহস্যজনক ও রাষ্ট্রবিরোধী তথ্য পাওয়া গেছে। এ কারণে আসামিদ্বয়কে একত্রে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
এ বিষয়ে আদালতে রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দোহা সুমন। অপরদিকে, আসামিদের রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডে নেওয়ার ওই আদেশ প্রদান করেন।
মামলার অভিযোগে জানা যায়, আসামিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ও রাষ্ট্র-সরকারবিরোধী সমভাবাপন্ন সংগঠনকে সহযোগিতা, নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ, বিতর্কিত অবসরপ্রাপ্ত কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ এবং প্রতিবেশী রাষ্ট্রের কয়েকজন ব্যক্তির সঙ্গে নিবিড় যোগাযোগের তথ্য পায় গোয়েন্দা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন শ্রেণি ও গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, দেশের সার্বভৌমত্ব নস্যাৎ ও অস্থিতিশীলতার অভিযোগে পেনাল কোডের ১২৪-ক ধারা, তৎসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ