ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বরিশালে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি


বরিশালে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফ্যাসিবাদবিরোধী স্লোগান


দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও অগ্নিসন্ত্রাসের অভিযোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছেন সংগঠনটির নেতারা।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় বরিশাল নগরীর জুলাই স্মৃতিস্তম্ভ-আমতলার মোড় থেকে মিছিলটি বের হয়। জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের সদস্যসচিব হুসাইন আল সুয়ান। তিনি বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাঁর দায়িত্ব পালনকালে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসন্ত্রাস চালানোর সাহস পাচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির ওপর অতর্কিত হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সরকারের দৃশ্যমান তৎপরতা নেই। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলেও বর্তমান পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

সমাবেশ থেকে বক্তারা দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

মিছিল ও সমাবেশে জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালির বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ছিলেন না এমবাপ্পে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


ইতালির বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ছিলেন না এমবাপ্পে

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ : উয়েফা নেশন্স লিগের ম্যাচের আগে বুধবার ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে দলের অনুশীলনে উপস্থিত ছিলেন না। ফ্রান্স দলের কোচিং স্টাফ জানায়, তিনি ‘চিকিৎসাধীন’ রয়েছেন।

তবে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের শারীরিক অবস্থার ব্যাপারে বিস্তারিত তথ্য প্রদান করেনি ফ্রান্সের দলীয় ব্যবস্থাপনা।

চোটের কারণে ফ্রান্সের হয়ে সর্বশেষ তিনটি ম্যাচে অংশগ্রহণ করতে না পারা রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড এবারের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে ফিরে এসেছেন।

গত সেপ্টেম্বরের নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে কোচ জিনেদিন জিদানের প্রথম ম্যাচে এমবাপ্পে জয়সূচক গোল করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই বাঁ হাঁটুতে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ের মাধ্যমে নেশন্স লিগের ‘এ১’ গ্রুপে শীর্ষ অবস্থানে রয়েছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে থাকা দলটি গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে বৃহস্পতিবার মিলানে ইতালি এবং রোববার বোর্দোয় তুরস্কের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের দুই দিন আগে হার্টের চিকিৎসা নেন ম্যাকটমিনে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


বিশ্বকাপের দুই দিন আগে হার্টের চিকিৎসা নেন ম্যাকটমিনে

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ : স্কটল্যান্ডের মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে, বিশ্বকাপে হাইতির বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার মাত্র দুই দিন আগে হৃদযন্ত্রে বৈদ্যুতিক শক দিয়ে চিকিৎসা গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন।

ম্যাসাচুসেটসে হাইতির বিরুদ্ধে ১-০ গোলে জয়ী ম্যাচের আগে পেটের সমস্যার কারণে অনুশীলনে অংশ নিতে পারেননি বলে ম্যাকটমিনেকে জানানো হয়েছিল।

তবে মঙ্গলবার গ্ল্যাসগোয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ২৯ বছর বয়সী এই ফুটবলার উল্লেখ করেন, “হাইতির বিপক্ষে ম্যাচের দুই দিন আগে আমার হৃদ্যন্ত্রে শক দিতে হয়েছিল।”

বিশ্বকাপে স্কটল্যান্ডের তিনটি ম্যাচেই অংশগ্রহণ করেছিলেন ম্যাকটমিনে। মরক্কো ও ব্রাজিলের কাছে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া স্কটল্যান্ডের হয়ে তিনি নিজের সেরা ফর্মে ছিলেন না।

তিনি বলেন, “আমি শতভাগ ফিট ছিলাম। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচের দুই দিন আগে যখন হাসপাতালে শুয়ে অজ্ঞান করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখন এটি অবশ্যই আদর্শ পরিস্থিতি নয়।

“আপনি এত ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন, শারীরিকভাবেও দারুণ অবস্থায় ছিলেন। এরপর এমন কিছু ঘটলে মনে হয়, ‘আমার সঙ্গেই কেন এমন হচ্ছে?’

“এটিকে কোনোভাবেই অজুহাত হিসেবে দেখছি না। তবে পেছনে ফিরে তাকালে বলতে হয়, এটিও পুরো প্রক্রিয়ার একটি অংশ।”

চলতি মৌসুমের শুরুতে নাপোলির হয়ে মাঠে ফিরেছিলেন ম্যাকটমিনে। তবে সিরি আ-তে প্রথম দুই ম্যাচ খেলার পর অস্ত্রোপচারের কারণে সেপ্টেম্বরে মাঠের বাইরে থাকতে হয় তাকে।

হৃদযন্ত্রের হালকা ও ক্ষতিকর নয়- এমন অনিয়মিত স্পন্দনের চিকিৎসায় ম্যানচেস্টারে কার্ডিয়াক অ্যাবলেশন পদ্ধতিতে অস্ত্রোপচার করান তিনি।

ফলস্বরূপ, নতুন কোচ সেবাস্টিয়ান পোকোনিওলির অধীনে স্কটল্যান্ডের প্রথম চারটি ম্যাচে খেলতে পারেননি ম্যাকটমিনে।

আগামী সপ্তাহে নেশন্স লিগে উত্তর মেসিডোনিয়া ও সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে জাতীয় দলে ফিরেছেন তিনি।

ম্যাকটমিনে বলেন, “আমি ভালো আছি। আগের চেয়ে অনেক, অনেক ভালো অনুভব করছি। আমার মনে হয়, এই চিকিৎসাটা করানো প্রয়োজন ছিল।

“হৃদ্যন্ত্রের সমস্যা নিয়ে খবর প্রকাশের পর সংবাদমাধ্যম, পরিবারের সদস্য ও বন্ধুরা যোগাযোগ করায় বিষয়টি অনেকের কাছে অনেক বেশি গুরুতর মনে হয়েছে। তবে এটি তুলনামূলক সহজ একটি চিকিৎসা পদ্ধতি ছিল এবং তা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলায় এনসিপির মশাল মিছিল, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


মোংলায় এনসিপির মশাল মিছিল, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যের আহ্বান

বাগেরহাটের মোংলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মোংলা পৌর চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে এনসিপির নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘আওয়ামী লীগের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগানে শহরের রাজপথ মুখরিত হয়ে ওঠে।

মিছিল শেষে শাপলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি সম্মিলিতভাবে অংশ নিয়েছিল। বক্তারা বলেন, সেই ঐক্য ধরে রেখে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আবারও রাজপথে নামার চেষ্টা করলে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করা হবে।

এছাড়া বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত পরিবর্তন ও মানুষের প্রত্যাশা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা সন্ত্রাস, সহিংসতা ও স্বৈরাচারী কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান।

এ সময় এনসিপির জেলা প্রতিনিধি আবু হাসান, মোংলা উপজেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম মৃধা, সদস্যসচিব আব্দুল্লাহ মেরীন, মোংলা পৌরসভা আহ্বায়ক নাসিম মোল্লা এবং সদস্যসচিব মো. আব্দুল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল ও সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। কর্মসূচিতে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী মন্ত্রী পলকের বান্ধবীসহ ৪ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


আওয়ামী মন্ত্রী পলকের বান্ধবীসহ ৪ জন আটক

ধানমণ্ডি থানা-পুলিশ কর্তৃক আটক করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত ছাত্রলীগ নেত্রী নূরীকে।

স্থানীয় ছাত্র-জনতা বুধবার দুপুরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। নূরীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া নাশকতায় তার সংশ্লিষ্টতা আছে কি না, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন জানান, “নূরীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় গুলশানের হোটেল ওয়েস্টিনের সামনে থেকে নিষিদ্ধ সংগঠনের তিন সদস্যকে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে যায়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহমেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়ারলেস এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন যুবককে আটক করার সময় ঘটনাস্থলে লোকজনের ভিড় জমে যায়। পরে গুলশান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের থানায় নিয়ে যায়।

গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%